যে বেনোকে হয়তো চেনেন না আপনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন বেনো।—সংগৃহীত ছবি
জন বেনো।—সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার। অবসরের পরও ক্রিকেটের মায়া কাটাতে পারেননি। অন্য ভূমিকায় জড়িয়ে ছিলেন ক্রিকেটের সঙ্গেই। তাঁর পারিবারিক নাম—বেনো।
এটুকু বলার পরই তো চিনে ফেলার কথা। আরে, রিচি বেনোর কথা বলার আগে এত ভনিতা করার মানে আছে? দুর্দান্ত অলরাউন্ডার, অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের একজন—সব ছাপিয়ে ধারাভাষ্যকার হিসেবে সম্ভবত আরও বেশি বিখ্যাত। কে না চেনে তাঁকে?
কিন্তু এখানে যে রিচি বেনোর কথা হচ্ছে না। বলা হচ্ছে আরেক বেনোর কথা। তাঁর নাম জন বেনো। বড় ভাইয়ের ছায়াতেই যাঁকে ঢাকা পড়ে থাকতে হয়েছে সবসময়।
১৩ বছরের অগ্রজ রিচির পুরো ব্যতিক্রমী এক ক্যারিয়ার জনের। রিচির ২০ বছর পরে টেস্ট অভিষেক তাঁর। রিচি যেখানে ক্যারিয়ারের শুরুতে টেস্ট ক্রিকেটের চাহিদা মেটাতে হিমশিম খেয়েছেন, সেখানে জনের শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু মাত্র তিন টেস্টেই থেমে গেছে তাঁর ক্যারিয়ার!
তবে ছোট্ট ক্যারিয়ারেই অবশ্য গল্প করার মতো অনেক কিছুই করেছেন জন। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের আগেই অবশিষ্ট বিশ্ব একাদশের বিরুদ্ধে ‘টেস্ট’ অভিষেক হয়ে গিয়েছিল। সে সিরিজে দারুণ খেলেও পরবর্তী অ্যাশেজ দলে সুযোগ মেলেনি। পরের পাকিস্তান সিরিজেই অবশ্য নির্বাচকেরা সেই ভুল শোধরাতে দলে ডাকেন তাঁকে। অভিষেকটা ভালো হয়নি। একমাত্র ইনিংসে ২৪ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও মাত্র ১৩। প্রথম ইনিংস শেষেই তৃতীয় টেস্টের দল ঘোষণা করলেন নির্বাচকেরা, সেই দল থেকে বাদ জন বেনো। পাকিস্তানের বোলারদের ওপর সেটিরই ঝাল ঝাড়েন ১৪২ রানের এক স্ট্রোক ঝলমলে ইনিংস খেলে। যাতে ছিল ১৮টি চার ও ২টি ছক্কা। এই একটি ইনিংসই নির্বাচকদের বাধ্য করে ম্যাচ চলাকালীন সময়ে দল ঘোষণার নিয়ম থেকে সরে আসতে।
জন বেনোর ক্যারিয়ারে আসল চমক পরবর্তী সিরিজে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পঞ্চম টেস্টে সুযোগ পেয়ে ২ ইনিংসে করলেন মাত্র ৪৪। ওই ম্যাচেই অধিনায়ক ইয়ান চ্যাপেলের খেয়াল হলো, জনকে দিয়ে বোলিং করানোর। প্রথম শ্রেণির ক্রিকেটেই যাঁর বোলার হিসাবে সেভাবে পরিচিতি ছিল না, তিনি টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো বল করতে এসেই ৪ ওভারে ১২ রানে নিয়ে নিলেন ২ উইকেট! এই আনন্দের রেশ থাকতে থাকতেই সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দিয়ে দিলেন জন! পরে এমন আচমকা সিদ্ধান্তের কারণ জানিয়েছিলেন, ‘আমি দেশের প্রথম ১৫ জন ক্রিকেটারের একজন ছিলাম। কিন্তু দলে আমার স্থান কখনো নিশ্চিত ছিল না। আমি তখন সদ্য বিবাহিত, সঙ্গে দুটি সন্তান। ক্রিকেট আমাকে আর্থিক নিশ্চয়তা দিতে পারছিল না।’

জন বেনোর গল্পটি এখানেই শেষ হয়ে যেতে পারত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের সৌভাগ্য, তা হয়নি। খেলা ছাড়ার পর সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ১৯৮৮ সালে অস্ট্রেলিয়া দলের নির্বাচকের দায়িত্ব পান। অস্ট্রেলিয়ান ক্রিকেটের নতুন যুগের সূচনাও সেটি। দায়িত্ব পেয়েই মার্ক টেলরকে সুযোগ দিয়েছিলেন দলে। ১৯৮৯ অ্যাশেজ জয়ে সেই টেলরই রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯৮৯ অ্যাশেজ জয় দিয়েই ক্রিকেটে অস্ট্রেলিয়ার পুনর্জাগরনের শুরু।
তবে জন বেনোর এর চেয়েও বেশি ধন্যবাদ প্রাপ্য শেন ওয়ার্নের জন্য। ক্রিকেটার হিসেবে নিজের ভবিষ্যৎ বুঝতে পারা জন নির্বাচক হিসেবে তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎটাও পরিষ্কার পড়ে নিতে পারতেন। খরুচে, শৃঙ্খলাহীন সোনালিচুলো এক লেগ স্পিনারের ওপর তাই আস্থা রেখে গেছেন। কারণ তাঁর মনে হয়েছিল, ওয়ার্ন ‘লম্বা রেসের ঘোড়া’, তাঁর এ সুযোগ প্রাপ্য। ওয়ার্ন সেই আস্থার প্রতিদান কীভাবে দিয়েছেন, ক্রিকেট ইতিহাসে তা লেখা আছে।
হঠাৎ করেই জন বেনোকে স্মরণ করার একটা কারণ আছে। আজ তাঁর ৭২তম জন্মদিন। বড় ভাই রিচি বেনো চলে গেছেন। বড় ভাই বেঁচে থাকতে কখনো কি খুনসুটি করে তাঁকে বলতেন, ‘তুমি আমার চেয়ে অনেক বেশি টেস্ট খেলেছ ঠিকই, তবে টেস্টে আমার ব্যাটিং ও বোলিং গড় দুটিই কিন্তু তোমার চেয়ে বেশি!’ সূত্র: ক্রিকইনফো।