যে ব্যাটিং পারে সে নাচতেও জানে

'যে রাঁধে সে চুলও বাঁধতে জানে' বাংলা প্রবাদটি ইয়েহালি সাঙ্গাকারার সঙ্গে মানানসই হতে পারে কিন্তু তাঁর জীবনসঙ্গীর ক্ষেত্রে? ইয়েহালি নিজেই একবার বলেছিলেন তাঁর স্কুল বয়সের প্রেমিক বর্তমানে স্বামী কুমার সাঙ্গাকারা ভীষণ অগোছাল।
অথচ খেলোয়াড়ি জীবনে সাঙ্গাকারার পায়ের কাজ ছিল ভীষণ গোছাল। ব্যাটিংয়ে নেমে আয়েশে খেলতেন বোলারদের। পায়ের কাজ ছিল দেখার মতো। আরও এক বিষয়ে সাঙ্গার পায়ের কাজ কিন্তু ভীষণ গোছাল। রাসেল আর্নল্ডের ভাষায়, 'নাচের সময় সাঙ্গাকারার পায়ের কাজ বিশ্বমানের।' অর্থাৎ ওই প্রবাদটা একটু ঘুরিয়ে নিলে বর্তমান এমসিসি সভাপতির সঙ্গেও মানানসই, যে ব্যাটিং পারে সে নাচতেও জানে।
সাঙ্গাকারা নাচের মুদ্রায় কতটা পটু সে কথাই ধারাভাষ্যকার অরুণ ভেনুগোপালের সঙ্গে তাঁর ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় বলেছেন আর্নল্ড। শ্রীলঙ্কার সাবেক এ অলরাউন্ডার নাচের প্রতি আগ্রহের শুরুর দিককার কথাও বলেন, '(নাচে) ওহ, হ্যাঁ ওর পায়ের কাজ বিশ্বমানের। বলরুমের নাচে পায়ের কাজ ভালো হতে হয়। কিন্তু আমি তা পারিনি। এ কারণে নাচের ক্লাসগুলো শেষ করা হয়নি।'
ক্রিকেটে শুরুর দিকে সাঙ্গাকারা ও আর্নল্ড দুজনেই একসঙ্গে নাচ শিখতেন। সে ঘটনাও জানিয়েছেন বর্তমানে ধারাভাষ্যকার ও বিশ্লেষকের কাজ করা আর্নল্ড, 'এটা সত্য (দুজনে নাচের ক্লাসে যেতেন)। কলম্বোতে আমরা যখন তরুণ, তখন আমি অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক। সে বছর কান্ডি থেকে কলম্বোয় চলে আসে সাঙ্গাকারারা। কান্ডিতে স্কুল ক্রিকেটে তার পারফরম্যান্স অতটা ভালো ছিল না। ২২-২৩ বছর বয়সে ক্লাব ক্রিকেট শুরুর পর সে আলোচনায় উঠে আসে। আরও কিছু ক্রিকেটার এবং তাদের প্রেমিকারা নাচের ক্লাসে যেত। আমরাও যেতাম।'
আর্নল্ড যোগ করেন, 'আমাদের ক্লাব এনসিসি থেকে নাচের ক্লাস বেশি দূরে ছিল না। বলরুমের নাচ, জ্যাজ শেখানো হতো। অনুশীলন শেষে ক্লাসে যেতাম। কিছু ক্লাসের পর আমি আর যাইনি। ছন্দের সঙ্গে তাল মেলাতে পারছিলাম না। কিন্তু সাঙ্গাকারা এবং তার প্রেমিকা (এখন স্ত্রী ইয়েহালি) ক্লাস করা থামায়নি।'