যে মাঠ ভারত-বধের কথা মনে করিয়ে দিয়েছে মিরাজকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরাজ দেখে এসেছেন পোর্ট অব স্পেন মাঠ। ছবি: প্রথম আলো
মিরাজ দেখে এসেছেন পোর্ট অব স্পেন মাঠ। ছবি: প্রথম আলো

পোর্ট অব স্পেন—নামটা জড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সঙ্গে। ২০০৭ বিশ্বকাপে এই মাঠে ভারতের বিপক্ষে এক গৌরবগাথা রচনা করেছিল হাবিবুল বাশারের দল। বাংলাদেশের কাছে হেরে ভারতকে বাক্সপেটরা গোছাতে হয়েছিল প্রথম রাউন্ডেই। সেই জয়ের মূল নায়ক মাশরাফি বিন মুর্তজা। পার্শ্বচরিত্রে ছিলেন একঝাঁক তরুণ—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম। যাঁরা আজ বাংলাদেশ ক্রিকেটের মহিরুহ।
মাশরাফি প্রায়ই বলেন, বাংলাদেশ বড় দলকে হারাতে পারে, এই আত্মবিশ্বাসটা তৈরি হয়েছিল ভারতের বিপক্ষে ওই জয়ের পর থেকেই। যে জয়টা বাংলাদেশ ক্রিকেটের নতুন দিনের ভিত্তি দিয়েছিল, সেটি সরাসরি দেখার সুযোগ ছিল না মেহেদী হাসান মিরাজের। তবে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গিয়ে ১৯ বছর বয়সী খুব কাছ থেকে দেখেছেন সেই পোর্ট অব স্পেনকে। সিপিএলে তাঁর দল ত্রিনবাগো নাইট রাইডার্সের মাঠ যে এটাই।
এই মাঠে মিরাজ নিয়মিত অনুশীলন করেছেন। অবসরে ঘুরে ঘুরে দেখেছেন পুরো স্টেডিয়াম। বাংলাদেশ দলের এই অলরাউন্ডারের স্মৃতিতে ফিরে এসেছে ১০ বছর আগে মহাকাব্যিক জয়ের স্মৃতি, ‘বিশ্বকাপে যে মাঠে বাংলাদেশ খেলেছিল, যেখানে আমরা ভারতকে হারিয়েছিলাম, ওখানে আমি নিয়মিত অনুশীলন করেছি। মাঠে ঢুকেই ভীষণ ভালো লাগছিল। ঘুরে ঘুরে পুরো স্টেডিয়াম দেখছি। তখন তো (যখন বাংলাদেশ খেলেছিল) আমি অনেক ছোট। টিভিতে খেলা দেখছি। মুশফিক-সাকিব-তামিম ভাই তিনজনই ফিফটি করেছিলেন। রাজ্জাক ভাই তিন উইকেট নিয়েছিলেন। মাশরাফি ভাই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। স্মৃতিগুলো মনে পড়ছিল।’
পোর্ট অব স্পেনের সেই জয় থেকে মিরাজ নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন। সামনে যে তাঁর নতুন কীর্তি গড়ার তাড়া।