যে রানআউটের আশা করেনি বাংলাদেশও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চান্ডিমালের উইকেটটি মুফতেই পেল বাংলাদেশ! ছবি: এএফপি
চান্ডিমালের উইকেটটি মুফতেই পেল বাংলাদেশ! ছবি: এএফপি

চান্ডিমাল হতভম্ব হয়ে তাকিয়ে আছেন জায়ান্ট স্ক্রিনের দিকে। বাংলাদেশের ফিল্ডাররাও তা–ই, তবে সাকিব-মুশফিকদের চোখেমুখে খুশির ঝিলিক। এভাবে মুফতে একটা উইকেট মিললে কার না ভালো লাগে! দিনেশ চান্ডিমালের অবাক রানআউটে আবারও ম্যাচে ফিরে এল বাংলাদেশ।

সাকিব আল হাসানের বলটা ডিপ পয়েন্টে ঠেলে দিয়ে দ্রুত এক রান নিয়ে, ধীরেসুস্থে দুই রানের জন্য ফিরছিলেন চান্ডিমাল। তাসকিনের থ্রোটা আসার আগে আরামসেই যে পৌঁছে যাবেন ক্রিজে। সেটা গেলেনও, কিন্তু তাসকিনের ছোড়া বলটা ওই সময়ে এসে পড়ল মুশফিকের কাছে। স্টাম্প ভেঙে দিয়ে লেগ আম্পায়ারের কাছে আবেদন করলেন মুশফিক। প্রাণহীন আবেদন, মাঠে স্টাম্প ভাঙলে এ রকম একটু-আধটু আবেদন করতে হয় বলেই বোধ হয় করা!
চান্ডিমাল একটু বিরক্তি নিয়েই সিদ্ধান্তের অপেক্ষায় তাকালেন স্ক্রিনের দিকে। মুশফিক স্টাম্প ভাঙার আগেই ক্রিজে ঢুকেছেন, ব্যাটটাই প্রথমে মাটিতে ছুঁইয়ে পার হয়েছেন নিরাপত্তার দাগ। ক্ষণিক বিশ্রাম ছাড়া এটা তো আর কিছুই না। ভিডিও রিপ্লে দেখেও তা–ই মনে হচ্ছিল। ব্যাটটা মাটি ছোঁয়ার পরই মুশফিকের গ্লাভস স্টাম্প ভেঙেছে। কিন্তু ভিডিওটা আরেকটু সময় নিয়ে দেখতেই চোখ ছানাবড়া। বেল যখন স্টাম্প থেকে উঠে পড়ছে, ঠিকই তখনই চান্ডিমালের ব্যাট বাতাসে ভেসে উঠল। পা তো আগেই ছিল উপরে। নড়েচড়ে বসতেই হলো এবার, কারণ নিয়মে যে লেখা আছে, বেল ওড়ার সময় ব্যাট কিংবা পা ক্রিজের ভেতরে মাটিতে থাকতেই হবে।
বাংলাদেশের ভাগ্য বলতেই হবে, বেলটা একটু আগে পড়লেই কিন্তু আউট হতেন না চান্ডিমাল। নিয়মের মারপ্যাঁচের এমন আউটেই ফিরেছেন চান্ডিমাল। তাঁর ফেরার সময় শ্রীলঙ্কার রান ছিল ৩ উইকেটে ১৩৬। পরে রানআউট হয়ে ফেরেন মিলিন্দা সিরিবর্ধনাও। এই দুই রানআউটে খুব ভালোভাবেই আবার ম্যাচে ফিরেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ৩১ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ১৬২। সূত্র: টেন ক্রিকেট।