যে রেকর্ডগুলো দাগ হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে

>ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৪৩ রানে। আর এই ইনিংসেই ক্রিকেটের বিভিন্ন রেকর্ড পাতায় নিজেদের জায়গা করে নিয়েছে সাকিব আল হাসান ও তাঁর দলবল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৪৩ রানে। এমন দিনেও একটু সান্ত্বনা আছে। টেস্টে এক ইনিংসে সর্বনিম্ন স্কোরে রেকর্ডটি তো আর বাংলাদেশ করেনি!
টেস্টে এক ইনিংসে সর্বনিম্ন রানের কীর্তিটা নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রান করেছিল কিউইরা। সেটিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। দল হিসেবে এরপরই আছে দক্ষিণ আফ্রিকা। ১৮৯৬ সালে ওই ইংল্যান্ডের বিপক্ষে ৩০ রানে অলআউট হয়েছিল তারা। এই তালিকায় আছে অস্ট্রেলিয়াও। ইংল্যান্ডের বিপক্ষে ১৯০২ সালে ৩৬ রানে অলআউট হয়েছিল অজিরা। এরপরই মঞ্চ আলো করে অবস্থান নিচ্ছে ভারত। ১৯৭৪ সালে তারা অলআউট হয়েছিল ৪২ রানে। প্রতিপক্ষকে লজ্জায় ফেলা যারা রুটি–রুজি বানিয়ে ফেলেছে, সেই ইংল্যান্ডই ভারতকে এ উপহার দিয়েছে।
এত দিন আর এমন কিছু দেখার সুযোগ পাননি ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ সেই আফসোস ঘোচাল। ইতিহাস ধন্যবাদ দিতেই পারে বাংলাদেশকে। ২০১৮ সালে বাংলাদেশের এই কীর্তির সুবাদে ক্রিকেট বিশ্ব ১২২ বছর আগের ইতিহাসও স্মরণ করে নিতে পারল। দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার ৪৩ রানের নিচে একাধিকবার গুটিয়ে যাওয়ার অর্জন একাধিক হওয়ায়, সর্বনিম্ন ইনিংসের রেকর্ডে বাংলাদেশ এখন দশে। আর দেশ হিসেবে যে পাঁচে আছে, সেটা বুদ্ধিমান পাঠক নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন!
শুধু তা–ই নয়, ৪৩ রানে অলআউট হওয়ায় আরেকটি অনন্য অর্জনে নাম লেখানো হয়েছে বাংলাদেশের। সেটা মধ্যাহ্নবিরতির আগেই অলআউট হওয়ার। টেস্টের প্রথম দিনের প্রথম সেশন কাটাতে না পারার ষষ্ঠ ঘটনা এটি। এই রেকর্ড দুবার আছে অস্ট্রেলিয়ার। ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডও পেরেছে এমন অর্জনে ভাগ বসাতে। বাংলাদেশও অনুসরণ করেছে এদের। অ্যান্টিগায় প্রথম ইনিংসে ১১ ব্যাটসম্যান মিলেও নির্ধারিত ১২০ মিনিট কাটিয়ে আসতে পারেননি। ১১২টি বল খেলে যখন ফিরে আসছেন দলের শেষ দুই ব্যাটসম্যান, তখনো লাঞ্চ শুরু হয়নি। কারণ, ততক্ষণে মাত্র ৯৯ মিনিট খেলা হয়েছে, টেস্টে এখনো এত দ্রুত মধ্যাহ্নবিরতি হয় না।
তবে বল খেলার দিক থেকে রেকর্ডের পাতায় বেশ ওপরেই আছে বাংলাদেশ। ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১১ বল খেলে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। টেস্টের প্রথম ইনিংসে সবচেয়ে কম বল খেলার রেকর্ড তাই এখনো অস্ট্রেলিয়ার দখলে। টি-টোয়েন্টির চেয়েও কম বল খেলে টেস্টের প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার ঘটনা আর মাত্র দুবার ঘটেছে। ১১৩, ১১৬ বলে খেলে অলআউট হওয়ার সে দুই কীর্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের।
৪৩ রানের কীর্তিতে কেমার রোচের অবদানও স্বীকার করতে হয়। মাত্র ৫ ওভার বল করেছেন, তাতেই ৮ রানে ৫ উইকেট। এর মাঝে স্পেলের শেষ বলে দুই রান নিয়েছেন নুরুল হাসান। এর আগে নিজের প্রথম ২৯ বলেই ৫ উইকেট তুলে উইন্ডিজ এক রেকর্ড ছুঁয়েছেন রোচ। পাঁচ উইকেট পেতে এত কম বল শুধু এক উইন্ডিজ বোলারকেই করতে হয়েছে, ফিদেল এডওয়ার্ডস। এডওয়ার্ডসের রেকর্ডেও অবশ্য বাংলাদেশ অবদান রেখেছিল। তবে পূর্বসূরিকে রোচ টপকে গেছেন অন্য কীর্তিতে। তাঁর পাওয়া ৫ উইকেট এসেছে ১২ বলের মধ্যে। টেস্ট ইতিহাসে এত কম বলে ৫ উইকেট পাওয়ার ঘটনা ঘটেছে মাত্র দুবার। একটি সেই ১৯০২ সালে অস্ট্রেলিয়ার মন্টি নোবল করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। অন্য কীর্তি জ্যাক ক্যালিসের, নোবলের ঠিক ১০০ বছর পর বাংলাদেশের বিপক্ষে ১২ বলের অমন এক তাণ্ডব দেখিয়েছিলেন ক্যালিস।
এমন সব রেকর্ডের মাঝে অনন্য হয়ে থাকবেন লিটন দাস। এমন এক দিনে একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। আর দলের বাকি দশজনের মোট রানের চেয়েও তাঁর রান বেশি ছিল ইনিংসটিতে। ইনিংসের ৫৮ ভাগ রানই লিটনের, এক ইনিংসে একক অবদানের এটাই বাংলাদেশি রেকর্ড।