এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত…। সংখ্যাটা কি আট হবে আজ?
সংখ্যাগুলো দেশের মাটিতে বাংলাদেশের টানা টি-টোয়েন্টি ম্যাচ জয়ের। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল ব্যাপারটি। চট্টগ্রামে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় পর্বে জিম্বাবুয়েকে হারিয়ে শুরু হয়েছিল এই জয়ের ধারা। সেই থেকে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া মিলিয়ে দেশের মাটিতে টানা সাতটি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ।
দেশের মাটিতে টানা আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের এই রেকর্ডে বাংলাদেশের ওপরে আছে শুধু একটি দেশই। দেশটির নাম অস্ট্রেলিয়া। ২০০৬ থেকে ২০১০ সালে পর্যন্ত দেশের মাটিতে খেলা প্রথম ১০টি টি-টোয়েন্টি ম্যাচই জিতেছিল অস্ট্রেলীয়রা।
আজ আরেকবার জিতলে শুধু অস্ট্রেলিয়ার রেকর্ডের সঙ্গে ব্যবধানই কমাবে না বাংলাদেশ এককভাবে উঠে যাবে দুইয়ে। বাংলাদেশের মতো দেশের মাটিতে টানা সাতটি ম্যাচ জেতার উদাহরণ যে আছে আরও তিনটি দলের। যার একটি নাম পরিচিত—ভারত। ভারতীয়রা ২০১৭ ও ২০১৮ সালের মধ্যে দেশের মাটিতে টানা সাতটি টি-টোয়েন্টি জেতে।
বাকি দুটি নাম অবশ্য কপালে চোখ তোলার মতো—নামিবিয়া ও স্পেন। আফ্রিকান দেশ নামিবিয়া এ পর্যন্ত দেশের মাটিতে খেলা সাতটি টি-টোয়েন্টিই জিতেছে। অন্যদিকে স্প্যানিশরা দেশের মাটিতে খেলা প্রথম সাতটি ম্যাচ জেতার পর হেরেছে অষ্টম ম্যাচটিতে।