যে সিরিজে জয়-পরাজয় বড় নয়!

‘ইংল্যান্ড, আমার হৃদয়টাই তোমাকে উপহার দিলাম’—ইসিবির টুইটের নিচে লিখেছেন বাংলাদেশের এক ভক্ত। পুরো বাংলাদেশের মনের কথাটাই আসলে বলে দিয়েছেন তিনি। যে ঘোষণাটির জন্য তৃষিত প্রতীক্ষা ছিল বাংলাদেশের সবার, ইসিবি যে কাল সেটি দিয়ে দিয়েছে। ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটি কেটে গেছে ইসিবির ওই বিবৃতিতে। সবকিছু ঠিক থাকলে ৩০ সেপ্টেম্বরেই আসছে ইংল্যান্ড—প্রায় আট মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে।
শুধু ২২ গজে ফেরার জন্য নয়, এই সফরটা আরও অনেক দিক দিয়েই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজগুলোর একটি। যতটা না ক্রিকেটীয় কারণে, তার চেয়েও বেশি মাঠের বাইরের কারণে। গত বছরেই নিরাপত্তাকে কারণ দেখিয়ে যখন অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করল, ঘরের মাঠে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অশনি–সংকেতটা দেখা যাচ্ছিল। এরপর জিম্বাবুয়ে সফর করে গেছে, এশিয়া কাপও হয়ে গেছে ভালোয় ভালোয়। কিন্তু গত ১ জুলাইয়ে গুলশানের হলি আর্টিজানে নির্মম হত্যাকাণ্ড ইংল্যান্ডের বাংলাদেশ সফরটাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছিল। ওই সময় মনে হচ্ছিল, ঘরের মাঠের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আরও অনেক দিনই হয়তো নির্বাসনে থাকতে হবে বাংলাদেশকে।
গুলশান কাণ্ডের পর এখন পর্যন্ত আর বড় কিছু হয়নি। কদিন আগেই বাংলাদেশ ঘুরে ফিরে গেছেন ইসিবির তিন সদস্যের নিরাপত্তা দল। দেশে ফিরে তাঁরা ইসিবির সঙ্গে কথা বলেছেন, কাল কুকদের সঙ্গেও দীর্ঘ সময় কথা বলেছেন। এরপরেই ইংলিশ ক্রিকেটাররা আশ্বস্ত হয়েছেন, সফরের জন্য সবুজ সংকেত মিলেছে। ছুটির দিনে সকালে উঠেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা পেয়ে গেছেন মন ভালো করে দেওয়ার মতো একটি খবর।
ইসিবির টুইটার পেজে তো বটেই, ফেসবুকেও ধন্যবাদ জানানোর ঢল পড়ে গেছে। এমন একটা সিদ্ধান্তের জন্য অনেক বাংলাদেশিই ধন্যবাদ দিয়েছেন ইংল্যান্ডকে। পাল্টা মন্তব্যে ইংলিশ সমর্থকেরাও হৃদয়ের উষ্ণতা ফিরিয়ে দিয়েছেন। ক্রিকেট যেন দুই দেশের সমর্থকদের মধ্যে গড়ে তুলেছে সম্প্রীতির সেতু।
নিরাপত্তার শঙ্কা নিয়ে ইংল্যান্ডের উপমহাদেশ সফর এটাই প্রথম নয়। ১৯৭২-৭৩ মৌসুমে ব্ল্যাক সেপ্টেম্বর নামের একটা উগ্রপন্থী গোষ্ঠীর হুমকি মাথায় নিয়ে ভারত গিয়েছিল ইংল্যান্ডে। ১৯৭২ সালে মিউনিখে ১১ জন ইসরায়েলি অ্যাথলেটকে হত্যার জন্য এই ব্ল্যাক সেপ্টেম্বরকেই দায়ী করা হয়। ২০০৯ সালে মুম্বাই হামলার পরেও ইংল্যান্ড ভারত সফরে এসেছিল।
তবে বাংলাদেশের জন্য অনেক দিক দিয়েই এই সফরটা অন্য রকম। অনেক দিন পর ক্রিকেটে ফেরাই শুধু নয়, সামনে সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য এ সফরটা কোনো অঘটন ছাড়া শেষ করাটাও এখন বিসিবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেলিগ্রাফের শিল্ড বেরি যেমন বলেছেন, এই সফরে জয়-পরাজয়টা গৌণ। সিরিজটা সফলভাবে শেষ করতে পারাটাই আসল।