যে ২৫ বছরের হিসাব খুঁজছে ভারত

পা-চ-ছি-শ সাল! ভারতের খেলার চ্যানেলগুলোতে ঘুরছে এই দুটি শব্দ। ২৫ বছর ধরেই যে দক্ষিণ আফ্রিকা ভারতের জন্য হতাশার প্রতিশব্দ হয়ে আছে। এখানে গিয়ে কখনোই টেস্ট সিরিজ জেতেনি ভারত। সিরিজ? দক্ষিণ আফ্রিকায় ভারত টেস্টই জিতেছে মাত্র দুবার। এই রেকর্ডের কারণেই এবার পঁচিশ সালের হিসাব খুঁজছে ভারত। কারণ, অনেকেই বলছেন, কোহলির এই দলটার সামনেই সেরা সুযোগ দক্ষিণ আফ্রিকায় নিজেদের টেস্ট রেকর্ডটা ভালো করার। আরও স্পষ্ট করে বললে, এবার ভারত টেস্ট সিরিজ জিতে আসতে চায় দক্ষিণ আফ্রিকা থেকে। কাল কেপ টাউনে শুরু হচ্ছে সেই হিসাব বুঝে নেওয়ার সিরিজ।
যদিও বাস্তবতা বলছে, শুধু টেস্ট নয়; ওয়ানডেতেও ভারতকে সব সময়ই পরীক্ষা দিতে হয়েছে প্রোটিয়াদের ডেরায়। দক্ষিণ আফ্রিকায় ২০০৩ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। তা হলেও মোটের ওপর টেস্ট-ওয়ানডেতে তাদের রেকর্ড এখানে বাজে। ১৭ টেস্টে ২ জয়; ৪৮ ওয়ানডেতে জিতেছে ১৭টিতে। টি-টোয়েন্টিতে অবশ্য এখানে তাদের রেকর্ড বেশ ভালো। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফিই জিতেছিল মহেন্দ্র সিং ধোনির দল, সেই টুর্নামেন্ট হয়েছিল দক্ষিণ আফ্রিকাতেই। সব মিলিয়ে এখানে ১০ টি-টোয়েন্টির ৬টি জিতেছে ভারত, দুটিতে হেরেছে, একটি টাই, অন্যটি পরিত্যক্ত।
এক ঝলকে দেখে নিন গত ২৫ বছরে দক্ষিণ আফ্রিকায় ভারতের রেকর্ড:
সিরিজ | ম্যাচ | জয় | হার | টাই | ড্র | সাল | জয়ী |
টেস্ট | ৪ | ০ | ১ | ০ | ৩ | ১৯৯২ | দক্ষিণ আফ্রিকা |
ওয়ানডে | ৭ | ২ | ৫ | ০ | ০ | ১৯৯২ | দক্ষিণ আফ্রিকা |
টেস্ট | ৩ | ০ | ২ | ০ | ১ | ১৯৯৬ | দক্ষিণ আফ্রিকা |
ত্রিদেশীয় | ৮ | ১ | ৫ | ১ | ০ | ১৯৯৭ | দক্ষিণ আফ্রিকা |
ত্রিদেশীয় | ৭ | ৩ | ৪ | ০ | ০ | ২০০১ | দক্ষিণ আফ্রিকা |
টেস্ট | ২ | ০ | ১ | ০ | ১ | ২০০১ | দক্ষিণ আফ্রিকা |
বিশ্বকাপ | ১০ | ৮ | ২ | ০ | ০ | ২০০৩ | অস্ট্রেলিয়া |
ওয়ানডে | ৪ | ০ | ৪ | ০ | ০ | ২০০৬ | দক্ষিণ আফ্রিকা |
টি-টোয়েন্টি | ১ | ১ | ০ | ০ | ০ | ২০০৬ | ভারত |
টেস্ট | ৩ | ১ | ২ | ০ | ০ | ২০০৬ | দক্ষিণ আফ্রিকা |
ওয়ার্ল্ড টি-টোয়েন্টি | ৭ | ৪ | ১ | ১ | ০ | ২০০৭ | ভারত |
চ্যাম্পিয়নস ট্রফি | ৩ | ১ | ১ | ০ | ০ | ২০০৯ | অস্ট্রেলিয়া |
টেস্ট | ৩ | ১ | ১ | ০ | ১ | ২০১০ | ড্র |
টি-টোয়েন্টি | ১ | ১ | ০ | ০ | ০ | ২০১১ | ভারত |
ওয়ানডে | ৫ | ২ | ৩ | ০ | ০ | ২০১১ | দক্ষিণ আফ্রিকা |
টি-টোয়েন্টি | ১ | ০ | ১ | ০ | ০ | ২০১২ | দক্ষিণ আফ্রিকা |
ওয়ানডে | ৩ | ০ | ২ | ০ | ০ | ২০১৩ | দক্ষিণ আফ্রিকা |
টেস্ট | ২ | ০ | ১ | ০ | ১ | ২০১৩ | দক্ষিণ আফ্রিকা |