যে 'আঁতুড়ঘর' থেকে জাতীয় দলে সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি ক্রিকেট একাডেমির খুদে ক্রিকেটারদের সঙ্গে সাইফ হাসান। ছবি: প্রথম আলো
ধানমন্ডি ক্রিকেট একাডেমির খুদে ক্রিকেটারদের সঙ্গে সাইফ হাসান। ছবি: প্রথম আলো

‘অনুশীলন করতে থাকো। সময়-সুযোগ সবারই আসবে’, খুদে ক্রিকেটারদের কাল কথাগুলো বলছিলেন ভারতের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়া সাইফ হাসান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া সাইফকে কাল বেশ স্মৃতিকাতরই মনে হচ্ছিল ধানমন্ডি ৪ নম্বর মাঠে।

১০-১২ বছর আগেও ধানমন্ডি ক্রিকেট একাডেমির এমন খুদে ক্রিকেটারদের একজন ছিলেন তিনি। দুই দিন আগে ২১-এ পা দেওয়া সেই সাইফ এখন বাংলাদেশের টেস্ট ক্যাপ পরার অপেক্ষায়। উপলক্ষটাকে রাঙাতে কাল সন্ধ্যায় তাঁর পুরোনো ঠিকানা ধানমন্ডি ক্রিকেট একাডেমির খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা মিলে আয়োজন করেছিলেন এক সংবর্ধনা অনুষ্ঠানের। ফুল দিয়ে অভিনন্দন জানানো হলো সাইফকে। হলো কেক কাটা। খুদে ক্রিকেটারদের সঙ্গেও কিছু সময় কাটিয়েছেন তিনি।

সাইফের জন্মের পরপর তাঁর পরিবার সৌদি আরব থেকে বাংলাদেশে এসে থিতু হয়। ধানমন্ডির ৪-নম্বর মাঠেই তাঁর ক্রিকেটের হাতেখড়ি। ব্যাটিংয়ের প্রতি সাইফের ভালোবাসাটা ধরা পড়ে ছোটবেলাতেই। সাইফের সহজাত দক্ষতা লম্বা সময় ধরে ব্যাটিং করা। বাকিদের সঙ্গে এই সামর্থ্যটাই আলাদা করে দেয় তাঁকে।

সাইফের প্রথম কোচ মোহাম্মদ সাদিকুজ্জামান কাল বলছিলেন, ‘ও অনুশীলনের আগেই মাঠে এসে উপস্থিত হতো। সবার অনুশীলনের আগে ব্যাটিং করত। সবার সঙ্গে পুরো সেশন শেষে আবার ব্যাটিং করত। দিনে ৪-৫ ঘণ্টা ব্যাটিং করত। নিজের সমস্যার জায়গা নিয়ে কাজ করত।’

নিজ থেকে বাড়তি অনুশীলন করার সে অভ্যাস এখনো ধরে রেখেছেন সাইফ। ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করা অনেকটাই অভ্যাসের মতো। তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যান বলছিলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেটে দুই-তিন দিনের ম্যাচ হতো। ৫০ ওভারের খেলা ছিল না। যখনই অনুশীলন করতাম, সেই খেলাটার জন্যই করতাম। সময় পেলেই অনুশীলন করি। একা একাই নিজের ব্যাটিং নিয়ে কাজ করি।’

কদিন আগে শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ দলের সফরে সেঞ্চুরি করেছেন সাইফ। ডাবল সেঞ্চুরি করেছেন জাতীয় লিগে এসে। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। দারুণ ফর্ম নিয়েই ৮ নভেম্বর ভারতের বিমান ধরবেন তিনি। ইন্দোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হয়ে এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে সাইফের। চারটি ফিফটিও হাঁকিয়েছেন এই মাঠে। কলকাতায় দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ দল খেলবে গোলাপি বলে। ফুলেল শুভেচ্ছার সঙ্গে ছোটবেলার কোচের কাছ থেকে কাল ৩টি লাল বলের সঙ্গে ১টি গোলাপি বলও উপহার পান সাইফ।