যেখানে অনন্য এ সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকের এ দৃশ্যটা কেন যেন একটু বেশিই রঙিন! ছবি: শামসুল হক
আজকের এ দৃশ্যটা কেন যেন একটু বেশিই রঙিন! ছবি: শামসুল হক

মিরপুরের গ্যালারি অনেকবারই নেচেছে সিরিজ জয়ের আনন্দে। অনেকবারই অভিনন্দন-ভালোবাসার বৃষ্টিতে ভেসেছে খেলোয়াড়েরা। সে সব দৃশ্যের দেখা মিলল আজও। কিন্তু আজকের এ দৃশ্যটা কেন যেন একটু বেশিই রঙিন!
সেই বাংলাদেশই তো, সেই লাল-সবুজের দলই তো। তবুও কেন এ সিরিজ জয় অনন্য? কেনই বা এ জয় আনন্দের জোয়ারে যোগ করে ভিন্ন মাত্রা? পাশ থেকে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন, ঘরের মাঠে বিশ্বকাপ জেতা কোনো দলের বিপক্ষে এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ জিতল বাংলাদেশ? তা ঠিক নয়। বাংলাদেশ ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল। তবুও আলাদা মাহাত্ম্য রয়েছে এ সিরিজ জয়ে।
তাৎপর্য বুঝতে টাইম মেশিনে ফিরে যেতে হবে ১৬ বছর আগে। না, নর্দাম্পটনে বিশ্বকাপের সেই ম্যাচটার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে, ১৯৯৯ সালের ১৬ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচটির কথা, যেটিতে বাংলাদেশ হেরেছিল ১৫২ রানে। প্রতিপক্ষ ছিল এই পাকিস্তান। ওই প্রথম ৫০ ওভারের সংস্করণের দ্বিপক্ষীয় সিরিজ খেলল বাংলাদেশ। বলাই বাহুল্য, এক ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতেছিল দাপটের সঙ্গেই। এরপর পাকিস্তান বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে বহুবারই। কিন্তু সব পরাজয়ের যন্ত্রণা লাঘবের সুযোগ এসেছে এবার। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন মাশরাফি বিন মুর্তজার দল।
দারুণ মিল দেখুন, দ্বিপক্ষীয় সিরিজে যে দলটি ছিল প্রথম প্রতিপক্ষ, তাদের বিপক্ষেই বাংলাদেশ আজ সিরিজ জিতল দাপটের সঙ্গে। দাপটের সঙ্গে আগেও জিতেছে। তবে এর গুরুত্ব যে আলাদা। উপমহাদেশের তিন চ্যাম্পিয়ন-ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই তিনের মধ্যে এই প্রথম কারও বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। তা-ই নয়, বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের বিপক্ষে এই প্রথম দাপটের সঙ্গে সিরিজ জিতল বাংলাদেশ। বলা প্রয়োজন, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের সেই দলটা ছিল খর্বশক্তির। সে হিসেবে নিঃসন্দেহে পাকিস্তানের বিপক্ষে এ সিরিজটা থাকবে সবার ওপরে। বলতে পারেন, নিউজিল্যান্ডকেও তো বাংলাওয়াশ করেছে বাংলাদেশ। কিন্তু কিউইরা তো আর বিশ্বচ্যাম্পিয়নের তালিকায় নাম লেখাতে পারেনি কখনো।
বাংলাদেশ প্রথম দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বাদ পায় ২০০৫ সালে, জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল হাবিবুল বাশারের দল। এরপর লাল-সবুজের দল জিতেছে মোট ১৬টি ওয়ানডে সিরিজ। এর মধ্যে আটটি এসেছে জিম্বাবুয়ে, দুটি করে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কেনিয়ার বিপক্ষে। একটি করে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। এখন প্রতিপক্ষ বিবেচনায় সবার ওপরে কোনটি রাখবেন, সে সিদ্ধান্ত আপনার!
দুদিন আগেও একটা আক্ষেপ ঘুরেফিরে এসেছে ক্রিকেটে পাকিস্তানকে কেন হারানো যায় না? বাংলাদেশের এ আক্ষেপ দেখে ক্রিকেট বিধাতা হয়তো মুচকি হেসেছেন, ‘আহ! একটু সবুর কর। সবুরে মেওয়া ফলে!’ ১৬ বছর ‘সবুর’ শেষে ফল পেয়েছে বাংলাদেশ। কিন্তু সে ফলের স্বাদ যে এত মিষ্টি, কে ভেবেছিল!

বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়

প্রতিপক্ষ          মৌসুম                      সিরিজের ফল
জিম্বাবুয়ে          ২০০৪ / ০৫               ৩-২
কেনিয়া            ২০০৫ / ০৬               ৪-০
কেনিয়া            ২০০৬                      ৩-০
জিম্বাবুয়ে          ২০০৬ / ০৭               ৫-০
স্কটল্যান্ড           ২০০৬ / ০৭              ২-০
জিম্বাবুয়ে           ২০০৬ / ০৭               ৩-১
আয়ারল্যান্ড        ২০০৭ / ০৮               ৩-০
জিম্বাবুয়ে            ২০০৮ / ০৯              ২-১
ওয়েস্ট ইন্ডিজ        ২০০৯                     ৩-০
জিম্বাবুয়ে             ২০০৯                     ৪-১
জিম্বাবুয়ে              ২০০৯ / ১০             ৪-১
নিউজিল্যান্ড           ২০১০ / ১১              ৪-০
জিম্বাবুয়ে              ২০১০ / ১১              ৩-১
ওয়েস্ট ইন্ডিজ          ২০১২ / ১৩            ৩-২
নিউজিল্যান্ড            ২০১৩ / ১৪             ৩-০
জিম্বাবুয়ে               ২০১৪ / ১৫             ৫-০
পাকিস্তান                ২০১৫                  ২-০ (অসমাপ্ত)