যেখানে অনন্য ভেট্টোরি
খেলা শুরু হতেই একজনের চশমার কাচে প্রতিফলিত হয়ে চিকচিক করে উঠল নেপিয়ারের আকাশের ঝকঝকে রোদ। তৃতীয় ওভারেই ড্যানিয়েল ভেট্টোরির হাতে বল!
সাউদি ও বোল্টের প্রান্ত বদলের জন্য একটি ওভারে ভেট্টোরিকে ডেকেছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। একটি ওভার মানে একটি সুযোগ। ভেট্টোরির সুযোগ কাজে লাগাতে লাগল মাত্র একটি বল। প্রথম বলেই অসাধারণ ড্রিফট। বল পিচ করে বেরিয়ে যাওয়ার বদলে একটু ভেতরে ঢুকল। তরুণ আফগান ওপেনার উসমান গনির ওই বলের জবাব জানা থাকে কী করে! ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড। ভেট্টোরি অপরাজিত ২৯৯।
দুই সতীর্থের প্রান্ত বদল করিয়ে একটু বিরতি। মাইলফলকের জন্য অপেক্ষা। তবে খুব বেশি সময় অবশ্য নয়। দ্বিতীয় স্পেলে ফিরে ছুঁয়ে ফেললেন সেই কাঙ্ক্ষিত উচ্চতা। ৩০০ ওয়ানডে উইকেট! কাট করতে গিয়ে বল স্টাম্পে টেনে এনে ভেট্টোরির স্মরণীয় মাইলফলকে নিজেকেও জড়িয়ে রাখলেন নওরোজ মঙ্গল। থামেননি ওখানেই। পরে পরপর দুই বলে ফিরিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী ও আফসার জাজাইকে। ভেট্টোরির বোলিং বিশ্লেষণ ৫-৩-৫-৪!
এরপর আর উইকেট পাননি। দরকারও খুব বেশি ছিল না। আফগান ব্যাটিংয়ের মেরুদণ্ড তো ভেঙে দিয়েছেন আগেই। ম্যাচসেরা হওয়ার জন্য ওটুকুই ছিল যথেষ্ট। পাঁচ বছর পর! সেই ২০১০ সালের ৬ মার্চ চ্যাপেল-হ্যাডলির ট্রফিতে শেষবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। শেষবার ৪ উইকেট পেয়েছিলেন ২০০৯ সালের জুনে! তখনো ভেট্টোরি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রায় সর্বেসর্বা। সময়ের পথচলায় সেখান থেকে হয়েছেন দলের সাধারণ একজন। চোটের সঙ্গে নিত্য লড়াইয়ে দল থেকে ছিটকে পড়েছেন। বারবার ফেরার চেষ্টায় ব্যর্থ হয়েছেন। দীর্ঘ চোটের কথা ভেবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছেন। আইপিএলে কোচ হিসেবেও অভিষেক হয়ে গেছে। এই বিশ্বকাপকে পাখির চোখ করেই অক্লান্ত পরিশ্রমে আবার ফিরেছেন মাঠে। প্রমাণ করে চলেছেন, বয়স আর চোটের থাবায় জাত অন্তত মরে যায়নি!
ম্যাচের আগে বলেছিলেন, বিশ্বকাপ শুরুর সময় থেকেই ৩০০ উইকেট ছিল তাঁর মাথায়। সেটি কাল হয়ে যাওয়ার পর তৃপ্তি আর স্বস্তিই হওয়ার কথা। যদিও বরাবরের মতোই তিনি পরিমিত, ‘ভালো লাগছে অবশেষে মাইলফলক ছুঁয়ে। আজ উইকেট বেশ মন্থর ছিল, নেপিয়ারে সাধারণত যা দেখা যায় না। আমাদের পেসাররাই ভালো শুরু এনে দিয়েছিল আমাদের। আমি শুধু ওদের সঙ্গ দিয়ে গেছি। মাইলফলকটা দেশের মাটিতে এল বলেও ভালো লাগছে। বিশ্বকাপ এবার আমরা সবাই দারুণ উপভোগ করছি।’
নিউজিল্যান্ডের হয়ে অবশ্য এখনো তিন শ হয়নি ভেট্টোরির। ৩০২ উইকেটের আটটি বিশ্ব একাদশের হয়ে। তবে যেভাবে এগোচ্ছেন, তাতে দেশের হয়েও তিন শ হতে আর দেরি কিসের! স্টার স্পোর্টস, ক্রিকইনফো, এএফপি।