যেখানে এক শতে এক শ মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচে কিপিং নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন মুশফিকুর রহিম। কাল অনুশীলনে তাই আধা ঘণ্টার মতো গ্লাভস হাতে সময় কাটালেন উইকেটের পেছনে  l শামসুল হক
আগের ম্যাচে কিপিং নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন মুশফিকুর রহিম। কাল অনুশীলনে তাই আধা ঘণ্টার মতো গ্লাভস হাতে সময় কাটালেন উইকেটের পেছনে l শামসুল হক

ব্যাটসম্যানের ভূমিকায় কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ‘আম্পায়ার’ ম্যানেজার খালেদ মাহমুদ। বোলার দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও মোশাররফ হোসেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল অনুশীলনের এই পর্বটি দেখে মনে হচ্ছিল মোশাররফ-তাইজুলের বোলিং প্র্যাকটিসই বুঝি চলছে। ব্যাটসম্যান হয়ে হাথুরুসিংহে তাঁদের কিছু বোঝাতে চাইছেন। কিন্তু সেই ব্যাটসম্যান কিছুক্ষণ ডান হাতে, কিছুক্ষণ বাঁ হাতে ব্যাট করবেন কেন?

আসলে তাইজুল-মোশাররফ নন; অনুশীলন করছিলেন মুশফিকুর রহিম। স্পিনারদের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে হাথুরুসিংহে বারবারই ইচ্ছে করে পরাস্ত হচ্ছিলেন। কখনো ডানহাতি আবার কখনো বাঁহাতি ব্যাটসম্যান হয়ে মুশফিককে দিচ্ছিলেন স্টাম্পিংয়ের সুযোগ। দূর থেকে পরিষ্কার বোঝা যায়নি, তবে দু-একবার বোধ হয় ক্যাচও দিলেন কিপারকে। অন্য সবার অনুশীলন শেষে মাঝ উইকেটে ‘ম্যাচ পরিস্থিতি’তে প্রায় আধা ঘণ্টার মতো হলো মুশফিকের এই কিপিং অনুশীলন।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নজিবুল্লাহ জাদরানের স্টাম্পিংটা মিস না হলে বাংলাদেশ জিতত কি না, সেটি নিয়ে বিতর্ক হতে পারে। তবে ওই এক স্টাম্পিং মিস করেই মুশফিক যেন ‘জনতার কাঠগড়ায়’! যদিও সবচেয়ে বেশি জ্বলুনিটা মুশফিকেরই হওয়ার কথা। সে কারণেই সমালোচনার জবাবটা তিনি খেলেই দিতে চান। ব্যাটিংয়ের পাশাপাশি ত্রুটিহীন উইকেটকিপিং করেও।

ব্যাটিংয়ের প্রসঙ্গ যখন উঠলই, মুশফিকের গত দুই বছরের ফর্মের দিকে একটু তাকানো যাক। এই মুশফিক দুর্দান্ত। ৩৮ ওয়ানডেতে ১ সেঞ্চুরি আর ১০ ফিফটিসহ ১৫১৫ রান, গড় ৪৫.৯০। টেস্টেও প্রায় একই রকম আলো ছড়িয়েছে ব্যাট। ৩১.৭৭ গড়ে ১২ ম্যাচে ৫৭২ রান। ওয়েস্ট ইন্ডিজ সফরে সেঞ্চুরি ছিল সেন্ট ভিনসেন্ট টেস্টের দ্বিতীয় ইনিংসে। টেস্টে তার আগের বছরও ছিলেন অসাধারণ ফর্মে, শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের ডাবল সেঞ্চুরি দিয়ে যে বছরের শুরু।

মুশফিকের দুর্ভাগ্য, উইকেটকিপার হিসেবে একটু ব্যর্থ হলেই মানুষ তাঁর এই কীর্তিগুলো বেমালুম ভুলে যায়। কিন্তু ব্যাটিং এবং উইকেটকিপিং মিলিয়ে বাংলাদেশে কে হতে পারেন তাঁর বিকল্প—আলোচনাটা এই পর্যায়ে গেলে মুশফিকের প্রবল সমালোচনাকারীরাও চুপসে যান। কারণ ওই দুটি মিলিয়ে তাঁর ধারেকাছে আসলেই কেউ নেই। উইকেটের পেছনে যাঁরা সম্ভাব্য হিসেবে দাঁড়াতে পারেন, তাঁদের কেউই এখনো মুশফিককে চ্যালেঞ্জ জানানোর মানে পৌঁছাননি। তা ছাড়া শুধু উইকেটকিপিং দিয়ে দলে আসার দিনও আর নেই। কিপিংয়ের সঙ্গে ব্যাটিংটাও থাকা চাই। এদিক দিয়ে মুশফিক এতটাই এগিয়ে যে, অন্যরা তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বাছাইপর্ব উতরাতে পারবেন না। ব্যাটিং-কিপিং—দুটির যোগফলেও তাই মুশফিক এখনো অপ্রতিদ্বন্দ্বী, দেশসেরা।

তাঁর একটি-দুটি ক্যাচ ফেলা বা স্টাম্পিং মিস মেনে নিয়েই তাই খেলতে রাজি বাংলাদেশ দল। এ রকম ব্যর্থতায় সতীর্থদের মধ্যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়ায়ই হোক না কেন, সেটা বেশিক্ষণ থাকে না যখন ক্রিকেটার মুশফিকের ছবিটা সামনে আসে। কাল সংবাদ সম্মেলনে মুশফিককে নিয়ে এক প্রশ্নে সেটাই মনে করিয়ে দিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘মুশফিকের পেশাদারির বিষয়টি যদি খেয়াল করেন, দেখবেন সে আমাদের থেকে সব সময় এক ধাপ এগিয়ে থাকে। আমরা যারা এখানে ক্রিকেট খেলি, তারা সবাই পেশাদারি দেখাব, এটাই সবার প্রত্যাশা। এই জায়গায় মুশফিককে এক শ এক শ দিতে হবে।’

আর কোনো ম্যাচ হারার দায়ই মাশরাফি কারও একার ওপর চাপানোর পক্ষে নন। আজ মুশফিক তো কাল অন্য আরেকজন বা পরশু তাঁর নিজের হাত থেকেও তো ফসকে যেতে পারে জয়! ‘ম্যাচে এক-দুটি এ রকম ঘটনা ঘটেই। তাই বলে কখনোই হারটা একজনের কারণে হয় না। গত ম্যাচে আমরা আরও ২০টি রান করলে এ ধরনের পরিস্থিতিই তৈরি হতো না। মুশফিককে নিয়ে আমরা একেবারেই উদ্বিগ্ন নই। ওর ওপর সবাই সন্তুষ্ট।’

মানসিক চাপ যদি মুশফিকের কিছু থাকেও, অধিনায়কের কথার পর তা অনেকটাই হালকা হয়ে যাওয়ার কথা। বাকিটা ঝেড়ে ফেলতে পারেন তিনি নিজেই। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে না হয় মুশফিক শুধুই একজন উইকেটকিপার-ব্যাটসম্যান, টেস্টে তো নিজেই অধিনায়ক। পেশাদার মুশফিকের কাছে চাপ জয় করার শিক্ষাটাও তাই প্রত্যাশা বাংলাদেশ দলের।