যেখানে এগিয়ে সাব্বির

ফিল্ডাররা ছড়িয়ে-ছিটিয়ে মাঠজুড়ে। মাঝ উইকেটে বোলিং-ব্যাটিংয়ের মহড়া। দেখে মনে হবে, হয়তো কোনো ম্যাচই চলছে!
যেকোনো আন্তর্জাতিক সিরিজের আগে এটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিয়মিত দৃশ্য। খেলোয়াড়দের ম্যাচে অভ্যস্ত করে তুলতেই এমন অনুশীলন। কৃত্রিম পরিস্থিতি তৈরি করে রানের লক্ষ্য বেঁধে দেওয়া হয় ব্যাটসম্যানদের। বোলারদের জন্যও থাকে বেঁধে দেওয়া নির্দেশনা।
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টির জোয়ারে গা ভাসানোর আগে এই অনুশীলনের ওপর একটু বেশিই গুরুত্ব দিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ২০ ওভারের ক্রিকেটে ডট বল মানেই ব্যাটসম্যানদের আত্মঘাতী পথে হাঁটা। বেশি ডট খেলে ফেললে পরে তা পুষিয়ে নেওয়ার চাপে অনেক সময় ইনিংসটাই ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। সে জন্য এবারের ম্যাচ পরিস্থিতির অনুশীলনে চার-ছক্কা হাঁকানোর চেয়ে যতটা সম্ভব কম ডট বল দেওয়ার চর্চা করানো হয়েছে ব্যাটসম্যানদের। ওভারপ্রতি ৯-১০ রান যা-ই আসুক, সেটি যেন শুধু বাউন্ডারি থেকে না আসে। বলে বলে এক-দুই করে নিয়ে এগিয়ে নিতে হবে স্কোর। শেষ দিকে তাহলে আর বাউন্ডারি মারার চাপে ভুগতে হবে না।
কোচের এই মন্ত্র বুঝি সাব্বির রহমানের মস্তিষ্কেই সবচেয়ে ভালোভাবে গেঁথেছে। জিম্বাবুয়ের বিপক্ষে গত তিন টি-টোয়েন্টি ম্যাচের স্কোর তার কিছুটা প্রমাণ দেয়। তৃতীয় ম্যাচে ৫০ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি থাকলেও আগের দুই ম্যাচ মিলিয়ে তাঁর ব্যাট থেকে বাউন্ডারি এসেছে পাঁচটি ও ছক্কা চারটি। গত ম্যাচে তো ছক্কা ছিল না একটিও। সিরিজে এখন পর্যন্ত করা ১৩৯ রানে সাব্বির এক-দুই করেই নিয়েছেন ৫৯। শুধু বাউন্ডারির জন্য অপেক্ষা না করে বলে বলে রান নেওয়ার চেষ্টটাকেই ব্যাট হাতে ধারাবাহিক থাকার সবচেয়ে বড় কারণ মনে করছেন এই ব্যাটসম্যান, ‘টি-টোয়েন্টিতে যদি আপনি প্রতি বলে এক-দুই করে নিয়ে খেলেন তাহলে নিজের ওপর যেমন চাপ কমবে, সঙ্গে থাকা ব্যাটসম্যানেরও চাপ কমে যাবে। তাহলে পরে আর বাউন্ডারির চাপে পড়তে হয় না। নিয়মিত সিঙ্গেল না নিলে যখন বাউন্ডারি মারতে যাব, সেটা হতেও পারে না-ও হতে পারে।’
টি-টোয়েন্টি দিয়েই সাব্বির রহমানের উত্থান, টি-টোয়েন্টি দিয়েই জাতীয় দলে আসা। সাব্বির নিজেও এটাকেই মনে করেন তাঁর জন্য আদর্শ খেলা। পরিস্থিতি, ম্যাচের ধরন আর দাবির সঙ্গে মানিয়ে নিয়ে খেলার সক্ষমতারও প্রমাণ দেন মাঝেমধ্যে। তবে তা ব্যাটিংয়ের ধরন আমূল বদলে নয়, ব্যাটিংটাকে নিজের নিয়ন্ত্রণে রেখে, ‘খেলতে হলে আমাকে নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে হবে। খেলা বদলালে হবে না। নিজের খেলাই খেলব সব সময়। সেটা করে কোনো দিন ফিফটিও পাব না, আবার কোনো দিন হয়তো সেঞ্চুরি করব।’
গত ম্যাচে ফিফটি পেয়ে খুশি হলেও আগের দুই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও তা না পাওয়ায় অখুশি নন সাব্বির। দলের প্রয়োজন মেটানোই তাঁর কাছে সবকিছুর আগে, ‘আমার কাছে দলের জয় বা পরাজয়ের চেয়ে ফিফটি, সেঞ্চুরি এগুলো বড় নয়। দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারাটাই সবচেয়ে বড়। ফিফটি বা সেঞ্চুরির বিনিময়ে যদি ঝুঁকি নিয়েও ম্যাচ জেতানোর চেষ্টা করতে হয়, আমি তা-ই করব। কারণ দলকে ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করাই আমার মূল কাজ।’
ব্যাটিং অর্ডারের তিন নম্বরে উঠে আসায় পাওয়ার প্লের লক্ষ্য পূরণের দায়িত্বও কিছুটা চলে আসছে সাব্বিরের কাঁধে। আগে ব্যাট করলে প্রথম ৬ ওভারে ৫০-৬০ রানের লক্ষ্য থাকে বাংলাদেশ দলের। পরে ব্যাট করলে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী বদলে যায় সেটা। তা যখনই ব্যাট করতে হোক, পাওয়ার প্লে কাজে লাগানোর মতো ব্যাটিংয়ের আত্মবিশ্বাস যথেষ্টই খুঁজে পাওয়া গেল সাব্বিরের কথায়, ‘পাওয়ার প্লেতে নেমে যদি আমি আমার খেলাটা খেলতে পারি, ৬ ওভারে ৫০-৫৫ রান এমনিতেই হবে।’
সাব্বিরের মুখে ফুলচন্দন পড়ুক। ব্যাটে ছুটুক রানের ফোয়ারা!