যেখানে কোহলির ধারেকাছেও নেই কেউ

শচীন টেন্ডুলকারের সঙ্গে বিরাট কোলির তুলনাটা এখন আর নতুন কিছু নয়। ভারতীয় ক্রিকেটের হাল আমলের সেনসেশন যে অচিরেই ‘লিটল মাস্টার’কে ছাড়িয়ে যাবেন, সে ব্যাপারে নিঃসন্দেহ অনেকেই। কেউ কেউ আবার টেন্ডুলকারের সঙ্গে কোলির তুলনায় বিরক্ত। তাঁরা তুলনায় না গিয়েই দুজনকেই নিজেদের সময়ের সেরা বলতে চান। তবে একটা জায়গায় কোহলি টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন বড় ব্যবধানেই। ১৯৯টি ওয়ানডে খেলে ক্যারিয়ারের মোট রান, সেরা ইনিংস, ব্যাটিং গড় ও সেঞ্চুরির সংখ্যায় কোহলির চেয়ে পিছিয়েই আছেন টেন্ডুলকার। ১৯৯ ওয়ানডেতে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্য সেরারা—সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি ও বীরেন্দর শেবাগ—কোহলির চেয়ে পিছিয়ে আছেন সবাই।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ধর্মশালায় নিজের ২০০তম ওয়ানডে খেলতে নামবেন কোহলি। ক্যারিয়ারের খুব বড় একটা মাইলফলক ছোঁবেন তিনি। ১৯৯টি ওয়ানডে খেলে কোহলি ইতিমধ্যেই ৩০টি সেঞ্চুরির মালিক হয়ে গেছেন। যেখানে এই পরিমাণ ওয়ানডেতে (১৯৯) ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সংখ্যা ছিল ১৮টি। মোট রান কোহলির যেখানে ৮ হাজার ৭৬৭, সেখানে টেন্ডুলকার করতে পেরেছিলেন ৭ হাজার ৩০৩। সেরা ইনিংস ও গড়েও কোহলির চেয়ে পিছিয়ে টেন্ডুলকার। কোহলি এরই মধ্যে ১৮৩ রানের এক ইনিংস খেলে ফেলেছেন। টেন্ডুলকার যেখানে ক্যারিয়ারের ওই সময় ১৪৩-এর চেয়ে বড় ইনিংস খেলতে পারেননি। ব্যাটিং গড়ের পার্থক্যে চোখ ছানাবড়া হতে বাধ্য। ১৯৯টি ওয়ানডে খেলার পর টেন্ডুলকারের গড় যেখানে ৪১.৯৭ ছিল, সেখানে কোহলির ৫৫.১৩।
১৯৯টি ওয়ানডে খেলার হিসাব ধরলে ব্যাটিং গড়ে টেন্ডুলকার কেবল কোহলিই নয়, পিছিয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গাঙ্গুলীর চেয়েও। ধোনির গড় কোহলির মতোই অবিশ্বাস্য মাত্রার—৫১.৪১। সৌরভের ৪৩.০৩। সেঞ্চুরিতে অবশ্য সৌরভ-টেন্ডুলকার সমানে-সমান। দুজনই ১৮টি করে। এই সময় সর্বোচ্চ ইনিংসে সৌরভ, ধোনি ও কোহলি সমান। ধোনিকে অবশ্য একটু এগিয়ে রাখা যায়। তিনজনই ১৮৩ করে করলেও ধোনিরটা অপরাজিত ইনিংস।
রাহুল দ্রাবিড় ১৯৯টি ওয়ানডে খেলার পর করেছিলেন ৬ হাজার ২৪২ রান। তাঁর ব্যাটিং গড় ছিল ৩৮.২৯। ৮টি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, যার সর্বোচ্চটি ছিল ১৫৩ রানের। শেবাগ এই সময় ৬ হাজার ২৮৭ রানে করেছিলেন ৩৩.৬২ গড়ে। ১০টি সেঞ্চুরি করেছিলেন; সর্বোচ্চটা ছিল ১৩০।
পাঠক আসুন, এক নজরে দেখে নেওয়া যাক ১৯৯ ওয়ানডেতে এসে ভারতীয় ক্রিকেটের সেরা ৬ তারকার ক্যারিয়ারের তুলনামূলক চিত্র
২০০ ওয়ানডেতে সবাইকে ছাপিয়ে কোহলি
| রান | সেরা | গড় | সেঞ্চুরি |
শচীন টেন্ডুলকার | ৭৩০৩ | ১৪৩ | ৪১.৯৭ | ১৮ |
সৌরভ গাঙ্গুলি | ৭৭৪৭ | ১৮৩ | ৪৩.০৩ | ১৮ |
রাহুল দ্রাবিড় | ৬২৮২ | ১৫৩ | ৩৮.২৯ | ৮ |
মহেন্দ্র সিং ধোনি | ৬৬৩২ | ১৮৩* | ৫১.৪১ | ৭ |
বীরেন্দর শেবাগ | ৬২৮৭ | ১৩০ | ৩৩.৬২ | ১০ |
বিরাট কোহলি | ৮৭৬৭ | ১৮৩ | ৫৫.১৩ | ৩০ |