যেখানে গাভাস্কার–দ্রাবিড়ের চেয়ে এগিয়ে আইয়ার

শতকের পর আইয়ারছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের টেস্ট ক্যাপটা শ্রেয়াশ আইয়ার হাতে পেলেন সুনীল গাভাস্কারের কাছ থেকে। রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর প্রথম টেস্টেই নতুন এই ধারার সূচনা করলেন—টেস্ট অভিষিক্তরা টেস্ট ক্যাপ নেবেন একজন সাবেক টেস্ট ক্রিকেটারের কাছ থেকে। আইয়ার সেদিক থেকে নিজেকে সৌভাগ্যবানই ভাবতে পারেন। তিনি যে গতকাল অভিষেকের বেলায় টেস্ট ক্যাপটা হাতে পেয়েছেন গাভাস্কারের মতো একজন কিংবদন্তির হাত থেকে।

আইয়ার
ছবি: এএফপি

গাভাস্কারের হাত থেকে টেস্ট ক্যাপ নিয়ে কি একটু বেশিই অনুপ্রাণিত ছিলেন আইয়ার? অভিষেকেই যে করে বসলেন সেঞ্চুরি। কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে আইয়ার খেললেন ১০৫ রানের ইনিংস। ১৭১ বলে ১৩টি চারে সাজানো এই ইনিংসটিতে ভারতীয় দলের হয়ে অভিষেক টেস্টে শতক হাঁকানো ১৬তম ব্যাটসম্যান বনে গেলেন আইয়ার। এদিক থেকে বর্তমান কোচ দ্রাবিড় আর যাঁর হাত থেকে ক্যাপ পেলেন সেই গাভাস্কার—দুই কিংবদন্তির চেয়ে এগিয়ে থাকলেন আইয়ার।

আইয়ারকে ক্যাপ দেওয়ার সময় খুব সাধারণ একটা কথা বলেছিলেন গাভাস্কার। সেটি মাথায় গেঁথে নিয়েই কানপুরে ব্যাটিংয়ে নেমেছিলেন আইয়ার, ‘ক্যাপ দেওয়ার সময় একটা জিনিস গাভাস্কার আমাকে বলেছেন। সেটি খুব সাধারণ একটা কথা, “বেশি দূরে তাকিও না। কেবল আজকের দিনটা উপভোগ করো।” কিংবদন্তির এ কথাটা আমি সব সময় মনে রাখব।’

সতীর্থদের অভিনন্দন গ্রহণ করছেন আইয়ার
ছবি: এএফপি

আইয়ার অবশ্য ভেবেছিলেন, কোচ রাহুল দ্রাবিড়ই টেস্ট ক্যাপ তুলে দেবেন তাঁর হাতে। গাভাস্কারের কাছ থেকে পাওয়ায় বেশ আপ্লুত তিনি, ‘আমি ভেবেছিলাম রাহুল দ্রাবিড়ই ক্যাপটা হাতে তুলে দেবেন। কিন্তু যখন দেখলাম গাভাস্কার দিচ্ছেন, তখন সত্যিই অবাক হয়েছিলাম। তবে রাহুল দ্রাবিড় দিলেও সমস্যা ছিল না। দুজনই ক্রিকেটের কিংবদন্তি। আমি যেকোনোভাবেই ভাগ্যবান।’

কাল রাতটা উত্তেজনায় ঠিকমতো নাকি ঘুমাতেই পারেননি আইয়ার। টেস্টে সেঞ্চুরির কাছাকাছি থেকে দিন শেষ করে রাতে ঘুমাতে যাওয়া যে এত ঝক্কির, সেটি টেস্ট অভিষেক না হলে বুঝতেই পারতেন না আইয়ার, ‘কী বলব! সেঞ্চুরির কাছাকাছি থেকে ঘুমাতে যাওয়া সত্যিই কঠিন। আমি কাল রাতে ঠিকমতো ঘুমাতেই পারিনি। ভোর পাঁচটায় উঠে গিয়েছিলাম। তবে শেষ অবধি সেঞ্চুরি পেয়ে আমি দারুণ খুশি।’

সেঞ্চুরিটা পেয়ে আইয়ার একটা দিকে ছাপিয়ে গেলেন রাহুল দ্রাবিড় আর সুনীল গাভাস্কারকে। এই দুই কিংবদন্তির কেউই যে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করতে পারেননি। ১৯৭১ সালে বোম্বেতে (এখন মুম্বাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে গাভাস্কার ফিরেছিলেন মাত্র ১৪ রানে। আর ১৯৯৬ সালে লর্ডসে রাহুল দ্রাবিড় ইংল্যান্ডের বিপক্ষে তাঁর অভিষেকে আউট হয়েছিলেন নড়বড়ে নব্বইয়ের শিকার হয়ে।