যেখানে তৃপ্তি তামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ বলে ৫৬, চার ১১টি। টেস্টের প্রথম দিনে কিউই বোলারদের রীতিমতো শাসন করেছেন তামিম ইকবাল! l বিসিবি
৫০ বলে ৫৬, চার ১১টি। টেস্টের প্রথম দিনে কিউই বোলারদের রীতিমতো শাসন করেছেন তামিম ইকবাল! l বিসিবি

হাততালি দিতে নিউজিল্যান্ড দর্শকদের কোনো কার্পণ্য নেই। ভালো একটা বল হলে হাততালি। ভালো একটা চার হলেও হাততালি। বলটা ট্রেন্ট বোল্ট করুন বা চারটা তামিম ইকবালই মারুন, দর্শকদের তাতে সমস্যা নেই। তাঁরা মাঠে আসেন ভালো ক্রিকেট দেখতে। ভালো কিছু হলে হাততালি তো দিতেই হবে।

নিউজিল্যান্ড সফরে এসে কালই বাংলাদেশ দল সবচেয়ে বেশি হাততালি পেল। মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদউল্লাহরা যেন নিউজিল্যান্ডের খেলোয়াড়! দিনের খেলা শেষে কিউই ফাস্ট বোলার নিল ওয়াগনারও অনেক প্রশংসা করলেন বাংলাদেশ দলের। প্রতিকূল কন্ডিশনেও দলটা কত ভালো খেলল, সেই বন্দনা তাঁর মুখে।

এমন একটা দিনে বাংলাদেশের খেলোয়াড়দের মন-মেজাজ ফুরফুরে থাকাটাই স্বাভাবিক। হাতে ব্যথা নিয়েও ব্যাটিং করে আসা তামিম ইকবালকে সংবাদ সম্মেলনে পাওয়া গেল বেশ খোজমেজাজে। ভালো ব্যাটিং করেও বড় ইনিংস খেলতে না পারায় আফসোস একটু আছে। তবে যখনই মনে করছেন, আউটটা বাজে বলে হননি, তখনই কেটে যায় হতাশা, ‘ভালো দিক হলো, আমি কোনো বাজে শট খেলে আউট হইনি। বলটা খুব ভালো ছিল। বাজে শট খেলে আউট হলে বেশি আফসোস করতাম।’

মাহমুদউল্লাহর আউট নিয়ে সামান্য আফসোস অবশ্য আর সবার মতো টেস্ট সহ-অধিনায়কেরও আছে। দিন শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৫৪। শেষবেলায় মাহমুদউল্লাহ আউট না হলে এটাই থাকতে পারত ২ উইকেটে ১৫৪। দলের অবস্থা থাকত আরও ভালো। তবু দিন শেষে ৩ উইকেটে ১৫৪ রানকেও খারাপ মনে করছেন না তামিম, ‘মেঘলা কন্ডিশন, ভারী বাতাস, সবুজ উইকেট—এসব ভাবলে মনে হয় না আমরা খুব খারাপ করেছি। আমরা খুব ভালো ব্যাট করেছি। উইকেটে বোলারদের জন্য কিছু ছিল বলেই তারা আগে বোলিং নিয়েছে। তবে আমরা নিউজিল্যান্ডের বোলারদের খুব ভালো সামলেছি। মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত থাকলে বলতে পারতাম আমরা আদর্শ একটি দিন কাটালাম। তারপরও আমরা যথেষ্ট ভালো খেলেছি।’

বেসিন রিজার্ভের উইকেটে আগে ব্যাট করা দলের সংগ্রামের ইতিহাসই বেশি। সেদিক দিয়েও কিছুটা তৃপ্তি পেতে পারে বাংলাদেশ। দলকে সুন্দর একটি দিন উপহার দেওয়ায় মুমিনুল হকেরও বিরাট অবদান। দিন শেষে ৬৪ রানে অপরাজিত মুমিনুল কেন যেন নিউজিল্যান্ডকে পেলেই জ্বলে ওঠেন। কিউইদের বিপক্ষে এর আগে দুটি টেস্ট খেলে দুটিতেই সেঞ্চুরি করেছেন। টেস্টে এই দলটার বিপক্ষে তাঁর গড় এখন ২২০!

মুমিনুল প্রসঙ্গ উঠতেই প্রশংসার ঝাঁপি খুলে দিলেন তামিম, ‘মুমিনুলকে একটি টেস্ট খেলতে ছয় মাস অথবা এক বছর বসে থাকতে হয়। এসব বিবেচনায় নিলে সে দুর্দান্ত খেলছে। দলের সঙ্গে সফরের প্রথম থেকেই ও আছে, এটি তার খুব কাজে এসেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি আগে খেলেছি, তবু বিসিবি তাকে দলের সঙ্গে রেখে দিয়ে খুব ভালো করেছে। আমি নিশ্চিত ও আগামীকাল (আজ) আরও ভালো খেলবে।’ মুমিনুল সম্পর্কে তামিম সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যায়নটা করেছেন এরপরই, ‘ও এমন একজন ব্যাটসম্যান যে নিজের সীমাবদ্ধতা ও সামর্থ্যের খুব বেশি শট খেলে না। সে তার সামর্থ্যটা জানে এবং খেলেও সে অনুযায়ী। এটা তাকে খুব ভালো ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে সাহায্য করছে।’

ব্যাট হাতে কাল তামিমের মূলমন্ত্রই ছিল, বাজে বল ছাড়া যাবে না। টসে জিতে নিউজিল্যান্ড বোলিং নেওয়ার পরই তামিমের মনে হচ্ছিল, ভালো বলে এখানে রান করা কঠিন। কিন্তু যেকোনোভাবে রান তো করতে হবে! এ নিয়ে ভাবতেই সহজ একটা উপায় বেরোল, ‘আমি চাচ্ছিলাম খারাপ বলগুলো যেন মিস না করি। এই পরিস্থিতিতে বোলিং করা দল আপনার বিরুদ্ধে ভালো বল করবে, এটিই স্বাভাবিক। কিন্তু আমি যদি বাউন্ডারিগুলো মারতে পারি, তাহলে আমার জন্য কাজটা সহজ হয়ে যায়। স্কোরবোর্ডও সচল থাকবে, আত্মবিশ্বাস বাড়বে।’

এ ধরনের পরিস্থিতিতে যা হয়, দুই দলের দৃষ্টিই আজ প্রথম সেশনের দিকে। টেস্টের গতিপথটাই হয়তো নির্ধারণ করে দেবে এই সেশন। ‘কাল (আজ) সকালে প্রথম ঘণ্টাটা খুব গুরুত্বপূর্ণ। মুমিনুল যদি নিজের ইনিংসটা বড় করতে পারে, তাহলে আমরা একটা সুবিধাজনক জায়গায় চলে যেতে পারব।’

মুমিনুল হক ও সাকিব আল হাসানের লক্ষ্যও এক। অর্ধেক ঘুম ঘুমিয়েই বাংলাদেশ জেগে উঠবে বেসিন রিজার্ভের ইতিহাস উল্টে যাওয়ার আশায়।

সংখ্যায় সংখ্যায়

২৮

টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস তামিমের। ৪৫ ম্যাচের ৮৫ ইনিংসে ৮টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি তাঁর। ৫০ ম্যাচের ৯৯ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ২৪ ফিফটি নিয়ে দুইয়ে হাবিবুল বাশার।

৮২-৮৩

বাংলাদেশের ৮২ ও ৮৩তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হলো শুভাশিস রায় ও তাসকিন আহমেদের।

২ বছর ৯ মাস ১১ দিন

বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলার ২ বছর ৯ মাস ১১ দিন পর টেস্ট অভিষেক হলো তাসকিনের। বাংলাদেশের টেস্ট যুগে আন্তর্জাতিক আঙিনায় পা রাখার পর প্রথম টেস্ট খেলতে এর চেয়ে বেশি অপেক্ষা করেছেন দুজন—নাজিমউদ্দিন (৪ বছর ৩ মাস ৮ দিন) ও শুভাগত হোম (৩ বছর ২০ দিন)।

২

টেস্টে মুমিনুলের ছক্কা। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫টি ছক্কা এই বাঁহাতির।