যেখানে পার্থক্য বেন আর তাইজুলে

তাইজুল ইসলাম বাঁহাতি স্পিনার, সুলিমান বেনও তাই। সেন্ট ভিনসেন্ট টেস্টে তাইজুল ৫ উইকেট পেয়েছেন, একই সাফল্য আছে সুলিমান বেনেরও। তার পরও টেস্টের তৃতীয় দিন শেষে বেন হাসছিলেন, অন্যদিকে তাইজুলের মুখে অন্ধকার।
ক্রিকেটটা দিন শেষে টিম গেমই এবং দলের সাফল্য-ব্যর্থতার ওপর নির্ভর করে মুখে হাসি থাকবে নাকি থাকবে হতাশার ছায়া। বাংলাদেশের প্রথম ইনিংসটা ১৮২ রানে শেষ করে দিয়ে ৩৯ রানে ৫ উইকেট নেওয়া বেনের মুখে যেমন হাসির ঝিলিক। টেস্টে পঞ্চমবারের মতো ৫ উইকেট নেওয়ার প্রতিক্রিয়ায় বলছিলেন, ‘উইকেট খুবই স্লো ছিল। আমার আর বাংলাদেশের স্পিনারদের মধ্যে পার্থক্য হলো ওরা খুব আস্তে বল করেছে। স্পিনার হলেও আমি সাধারণত একটু জোরে বল করি। সেটাই ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করেছেন, তার জন্য অবশ্য বোলাদের বাড়তি কিছু করার দরকারই ছিল না। উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বলতে গেলে সবাই। এ ব্যাপারে বেনের সৌজন্যজ্ঞানটা অবশ্য বেশ টনটনে। সরাসরি কোনো মন্তব্য না করে বললেন. ‘আমি এ ব্যাপারে মন্তব্য করতে পারব না। ব্যাপারটা তাদের কোচই ভালো বলতে পারবেন।’
প্রায় সাড়ে তিন বছর বাইরে থাকার পর গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরেছেন দলে। ফেরার পর চলতি টেস্টটিসহ চার টেস্টে নিয়েছেন ১৯ উইকেট। এর মধ্যে পর পর দুই টেস্টে ৫ উইকেট। নিউজিল্যান্ড সিরিজের শুরুর দিকে দীর্ঘদিন বাইরে থাকাটা বোলিংয়ে প্রভাব ফেললেও সেটি দ্রুতই সামলে নিয়েছেন, ‘বোলিংটা এখন উপভোগ করছি। নিউজিল্যান্ড সিরিজের শুরুর দিকে ভালো বল করিনি। কিন্তু সিরিজ যত এগিয়েছে, আমার বোলিংও তত ভালো হয়েছে। এখনো সেটা ধরে রেখেছি।’
আর সব বোলারের মতো বেনেরও মূল লক্ষ্যই হলো উইকেট নেওয়া। তবে সেটা না পেলেও ক্ষতি নেই, দলের সাফল্যটাই তাঁর কাছে আগে, ‘আমরা সিরিজটা জিততে চাই। আমার দিক থেকে উইকেট না পড়লেও আমি যদি ওদের ওপর চাপটা ধরে রাখতে পারি, অন্য প্রান্তে উইকেট পড়বেই।’