যেখানে বাংলাদেশ সবার ওপরে
নভেম্বরের প্রথম সপ্তাহও চলে গেল। বছরটা শেষ হয়ে যাচ্ছে বলে আফসোস হতেই পারে বাংলাদেশের ক্রিকেটের। এই ২০১৫ যে দুহাত ভরিয়ে দিয়েছে! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়। সিরিজ জয়ের হাতছানি আজ জিম্বাবুয়ের বিপক্ষেও।
নিজেদের ছাড়িয়ে যাওয়ার কীর্তিও কম রচিত হয়নি। এরই একটি শতরানের জুটি। এবারের আগে ওয়ানডেতে বছরে সর্বোচ্চ ৭টি শতরানের জুটি দেখেছে বাংলাদেশ। সেটি দুবার—২০০৭ ও ২০১০ সালে। সেটিকে ছাড়িয়ে এ বছর জুটিতে ১০টি সেঞ্চুরি হয়ে গেছে। শতরানের জুটি দুই অঙ্ক ছুঁয়েছে গত পরশু। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের জুটিতে এসেছে ১১৯।
এটি পঞ্চম উইকেটে বলেই একটা জায়গায় বাংলাদেশ এখন সবার ওপরে। এ বছর ওয়ানডেতে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ ৭৫.৪৬ গড় এখন বাংলাদেশের। পঞ্চম উইকেটে ৩টি শতরানের জুটিও নেই আর কোনো দলের। তিনটি জুটিতে একটা মিল—সব কটিতেই ছিলেন মুশফিকুর রহিম।
বছরে বাংলাদেশের ১০টি শতরানের জুটির ৫টিতেই আছে মুশফিকুরের নাম। তবে এখানে তামিম তাঁকেও ছাপিয়ে—বাঁহাতি ওপেনার ৬টি শতরানের জুটির অংশীদার। এর ৩টিই উদ্বোধনী জুটিতে, আরেক বাঁহাতি সৌম্য সরকারের সঙ্গে। এর বাইরেও আরেকটি শতরানের জুটিতে ছিলেন সৌম্য—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদউল্লাহর সঙ্গে তৃতীয় উইকেটে। মাহমুদউল্লাহ আরও দুটি শতরানের জুটির অংশীদার, দুটিই গত বিশ্বকাপে।
পঞ্চম উইকেটের মতো প্রথম ও তৃতীয় উইকেটেও এ বছর বাংলাদেশের ৩টি শতরানের জুটি আছে। অন্যটি দ্বিতীয় উইকেটে।
২০১৫ সালে ওয়ানডেতে বাংলাদেশের সেঞ্চুরি জুটি
রান উইকেট জুটি বিপক্ষ ভেন্যু
১৭৮ ৩য় তামিম-মুশফিক পাকিস্তান ঢাকা
১৫৪ ১ম তামিম-সৌম্য দ. আফ্রিকা চট্টগ্রাম
১৪৫ ১ম তামিম-সৌম্য পাকিস্তান ঢাকা
১৪১ ৫ম মাহমুদউল্লাহ-মুশফিক ইংল্যান্ড অ্যাডিলেড
১৩৯ ২য় তামিম-মাহমুদউল্লাহ স্কটল্যান্ড নেলসন
১৩৫ ৩য় সৌম্য-মাহমুদউল্লাহ দ. আফ্রিকা ঢাকা
১১৯ ৫ম মুশফিক-সাব্বির জিম্বাবুয়ে ঢাকা
১১৮ ৩য় তামিম-মুশফিক পাকিস্তান ঢাকা
১১৪ ৫ম সাকিব-মুশফিক আফগানিস্তান ক্যানবেরা
১০২ ১ম তামিম-সৌম্য ভারত ঢাকা