যেখানে বাবার চেয়ে ছেলে 'বড়'
শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই! এটা ঠিক, বয়সে বাবার চেয়ে ছেলের বড় হওয়ার সুযোগ নেই। তবে কীর্তিতে তো বাবাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে। ক্রিকেটারের ছেলে হয়েছেন ক্রিকেটার। মাঠে কখনো কখনো ক্রিকেটীয় কীর্তিতে বাবাকে ছাপিয়ে গেছেন ছেলে। এমন কিছু বাবা-ছেলের গল্প নিয়েই লেখা।

রিচার্ড হ্যাডলি
বাবা ওয়াল্টার হ্যাডলি অনেক আগেই নিউজিল্যান্ড ক্রিকেটের মহীরূহ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। খেলেছেন ১১টি টেস্ট। পরে হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাচক, ম্যানেজার, বোর্ড সদস্য, চেয়ারম্যান, এমনকি সভাপতি। পেয়েছিলেন ওবিই ও সিবিই খেতাব। এমন বাবাকে ছাড়িয়ে যাওয়া কি চাট্টিখানি ব্যাপার? রিচার্ড হ্যাডলি সেই কঠিন কাজটাই করেছেন। নিজেকে প্রতিষ্ঠা করেছেন সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। খেলোয়াড়ি জীবনেই পেয়েছেন ‘নাইট হুড’ বা ‘স্যার’ উপাধি। হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের সবচেয়ে বড় দূত।

মহিন্দর অমরনাথ
লালা অমরনাথ একটি জায়গায় ‘প্রথম’ হয়ে আছেন ভারতীয় ক্রিকেটে। ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তিনি। কিন্তু ওই একটি সেঞ্চুরিই যে তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন হয়ে থাকবে, কে ভেবে ছিলেন! ২৪ টেস্টে ৮৭৮ রান আর ৪৫ উইকেট, এ পরিসংখ্যানের তিনি বেশি বিখ্যাত হয়ে আছেন নিজের ‘বিদ্রোহী’ স্বভাবের কারণে। ৩টি টেস্ট খেলার পরই অধিনায়কের সঙ্গে ঝামেলায় জড়িয়ে দলের বাইরে ছিলেন এক যুগ। দলে ফিরে আবার ঝামেলায় জড়ান বোর্ড সচিবের সঙ্গে। ছেলে মহিন্দরও প্রায় একই চরিত্রের। তুলনামূলক শৃঙ্খলাবোধ বেশি থাকায় খেলতে পেরেছেন ৬৯ টেস্ট। যে ১১টি টেস্ট সেঞ্চুরি পেয়েছেন ৯টিই তাঁর দেশের বাইরে। ‘জিমি’র সবচেয়ে বড় ক্রিকেটীয় অর্জন ১৯৮৩ বিশ্বকাপ জেতা।

মাজিদ খান
বাবা জাহাঙ্গীর খান ব্রিটিশ ঔপনেবিশকালে তিরিশের দশকে ভারতের হয়ে ৪টি টেস্ট খেলেছেন। পরিসংখ্যান যদিও খুব বেশি উজ্জ্বল নয় তাঁর, ৪ টেস্টে করেছেন ৩৯ রান আর নিয়েছেন ৪ উইকেট। পরে ক্রিকেট প্রশাসনেও জড়িয়েছিলেন। তবে ছেলে মাজিদ খান রেকর্ড-পরিসংখ্যানে তাঁকে ছাড়িয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। ৬৩ টেস্টে ৮ সেঞ্চুরিতে ৩৯৩১ রান, এ পরিসংখ্যান দিয়ে মাজিদ খানের ব্যাটিং সৌন্দর্যের পুরোটা ফুটিয়ে তোলে না। দুর্দান্ত সব ড্রাইভ ও হুক শট খেলে পেয়েছিলেন ‘ম্যাজিস্টিক খান’ তকমা!

মনসুর আলী খান পতৌদি
একমাত্র ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড ও ভারত—দুই দেশের হয়েই টেস্ট খেলেছেন ইফতিখার আলী খান পতৌদি। বডিলাইন সিরিজের ইংল্যান্ড দলেও ছিলেন। বডিলাইন কৌশলের সঙ্গে একমত না হওয়ায় তাঁকে দেশে ফেরত পাঠান অধিনায়ক ডগলাস জার্ডিন। ছেলের জন্মদিনে পোলো খেলতে খেলতে অদ্ভুত মৃত্যু ঘটে তাঁর। সেই ছেলে মনসুর আলী খান পতৌদি বড় হয়ে বাবার ব্যাটনটা নিয়ে যান আরও অনেক দূরে। এখনো তিনি ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক (২১ বছর ৭৭ দিন)। টেস্ট অভিষেকের আগেই এক দুর্ঘটনায় এক চোখ হারানো মনসুর খেলেছেন ৪৬ টেস্ট। মনসুরের ছেলে সাইফ আলী খানের আর ক্রিকেটার হওয়া ওঠেনি, তাঁর সপ্রতিভ বিচরণ শুধু রূপালি পর্দায়।

যুবরাজ সিং
যোগরাজ সিং মাঝেমধ্যে খবরের শিরোনাম হন ছেলেকে নিয়ে বোমা ফাটিয়ে। মাঝে মধ্যে তিনি দাবি করেন, যুবরাজ আরও অনেক দূরে যেতে পারতেন। পারেননি ভারতীয় ক্রিকেটের নোংরা রাজনীতির শিকার হয়ে। আর এর পেছনে নাকি কলকাঠি নেড়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি! মিডিয়াম পেসার যুগরাজ সিংয়ের একটির বেশি টেস্ট খেলার সুযোগ হয়নি। নিজের ক্যারিয়ার বিকশিত না হওয়ার পেছনে তিনি দায়ী করেন নির্বাচক আর ক্রিকেট প্রশাসকদের। নিজের অপূর্ণ স্বপ্ন দূর করতেই ছেলে যুবরাজকে গড়ে তুলেছিলেন নিজ হাতে। যুবরাজের ক্যারিয়ার নিয়ে একটু আফসোস থাকলেও ছেলের প্রাপ্তিগুলো নিয়ে যোগরাজের খুশিই হওয়ার কথা। ৪০ টেস্ট, ৩০৪ ওয়ানডে আর ৫৮ টি-টোয়েন্টি খেলা যুবরাজের প্রাপ্তির খাতাটা যথেষ্ট পূর্ণই বলতে হবে।