যেখানে ব্যতিক্রম আল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সংবাদ সম্মেলনে আল আমিন
কাল সংবাদ সম্মেলনে আল আমিন

দেশের ক্রিকেটে এখন একটাই আলোচনা—মুস্তাফিজুর রহমানের কাঁধের চোট। অস্ত্রোপচার করতেই হচ্ছে বাঁহাতি এই পেসারকে। পেসাররা চোটে পড়বেন, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বাংলাদেশের পেসারদের চোটে পড়ার মিছিলটা যেন একটু বড়ই। মুস্তাফিজ তাতে সর্বশেষ সংযোজন।
গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলতে গিয়ে বাঁ পায়ের পেশিতে চোটে পড়ে রুবেল হোসেন মাঠের বাইরে ছিলেন প্রায় সাত মাস। চোটের কারণে তাসকিন আহমেদ গত বছর খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সিরিজ। চোট আর পুনর্বাসন-প্রক্রিয়ায় ক্যারিয়ারের বড় একটা সময় পার করতে হয়েছে শফিউল ইসলামকে। চোটে পড়া ও ফিরে আসার এই তালিকায় অবশ্য সবার ওপরে থাকবেন মাশরাফি বিন মুর্তজা। তবে তাঁদের মধ্যে খুঁজে পাবেন না আল আমিনের নাম। ২০১৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক অভিষেকের পর কখনোই চোটের কারণে দলের বাইরে থাকতে হয়নি তাঁকে।
কিন্তু তিনি ছাড়া বাকি পেসারদের ক্যারিয়ার কেন চোটের হার্ডল পেরিয়েই এগোচ্ছে? কাল আল আমিনের কাছ থেকেই জানা গেল এর কিছু কারণ, ‘আমার কাছে মনে হয়, এটা নিজস্ব ব্যবস্থাপনার বিষয়। নিজেকে কীভাবে ম্যানেজ করছি, কীভাবে ঘুমাচ্ছি, কী খাচ্ছি কিংবা কোথাও হালকা চোট লাগলে ফিজিও যে নির্দেশনা দিচ্ছেন, সে অনুযায়ী কাজ করছি কি না কিংবা যখন ফিটনেসের কাজ করছি সেটা যথাযথভাবে করছি কি না—সবই গুরুত্বপূর্ণ। মুস্তাফিজের চোট হতে পারে তাঁকে অতিরিক্ত ব্যবহারের কারণে। অনেকে দুর্বলতার কারণেও চোটে পড়তে পারে।’
তো এর মধ্যে আল আমিন কীভাবে ব্যতিক্রম? রহস্যের খানিকটা উন্মোচন করলেন তিনি নিজেই, ‘রুবেল ভাই বা তাসকিন হয়তো ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করে। আমি সেখানে করি ১৩০-১৩৫ কিমি গতিতে। যারা অনেক জোরে বোলিং করে, তাদের চোটে পড়ার আশঙ্কা বেশি থাকে। আমরা যেভাবে বল গ্রিপ করি, মুস্তাফিজ করে একটু অন্যভাবে। এতেও চোটে পড়ার শঙ্কা বেড়ে যায়। আর আমাদের তুলনায় ও অনেক বেশি খেলেছে। চোটটা হয়তো সে কারণেই হয়েছে।’
বছর দুয়েক ধরে বাংলাদেশ দলের বোলিং আক্রমণ হয়ে উঠেছে পেস-নির্ভর। ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ৩০ জনের প্রাথমিক দলের ৯ জনই পেসার। পেসারদের মধ্যে চলা এই তুমুল প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন আল আমিন, ‘আমি একে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখি না। যখন যে সুযোগ পাবে, সে তার সেরাটা দেওয়ার চেষ্টা করবে। টিকে থাকতে হলে আমাকে সেরাটা দিতেই হবে। পেসারদের জন্য এটা ইতিবাচক চ্যালেঞ্জ।’
টেস্ট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখলেও আল আমিন সাফল্য পেয়েছেন মূলত সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে। এই সাফল্য তিনি টেনে নিতে চান টেস্টেও, ‘শেষ টেস্ট খেলেছিলাম জিম্বাবুয়ের সঙ্গে (২০১৪ সালের অক্টোবরে)। এরপর বাংলাদেশ দল অনেক টেস্ট খেললেও আমি খেলতে পারিনি। চেষ্টা করছি সাদা বলের সাফল্য লাল বলেও টেনে নিতে।’