যেখানে ব্রাডম্যানের পাশে ম্যাককালাম

ম্যাককালাম-ঝড় কাকে বলে-শারজা টেস্টের দ্বিতীয় দিনেই বুঝেছিল পাকিস্তান! সে ঝড় থামাতে আজও বেগ পেতে হলো পাকিস্তানের বোলারদের। যখন থামানো গেল, ততক্ষণে রেকর্ড বইয়ের বেশ কিছু জায়গায় নাম লিখিয়ে ফেলেছেন কিউই অধিনায়ক। একই সালে তিন ডাবল সেঞ্চুরিতে নাম লিখিয়েছেন স্যার ডন ব্রাডম্যানের পাশে। এ বছর ফেব্রুয়ারিতেই দুটো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের বিপক্ষে। এ রেকর্ডটি আছে আরও দুজনের—রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক।
ম্যাককালাম আর কেন উইলিয়ামসনের দাপটে তৃতীয় দিনটি নিউজিল্যান্ডের। কিউইরা এগিয়ে ২৮৬ রানে। আগের দিনের ১ উইকেটে ২৪৯ রানের সঙ্গে আজ ৭ উইকেটে ব্লাক ক্যাপরা যোগ করেছে আরও ৩৮৮ রান। দিন শেষে সংগ্রহ ৮ উইকেটে ৬৩৭। রান রেট ৪.৯০। কে বলবে এটা টেস্ট ইনিংস! পাকিস্তানকে ভুগিয়েছে মূলত তিন জুটি-ম্যাকক্যালাম-উইলিয়ামসনের দ্বিতীয় উইকেট জুটি (২৯৭), রস টেলর-উইলিয়ামসনের তৃতীয় উইকেট জুটি (১১৬) আর টিম সাউদি-মার্ক ক্রেইগের ৮ম উইকেট জুটি (৯১)। মাঝে কিছু সময় ভালোই চেপে ধরেছিলেন পাকিস্তানের বোলররা। ২ উইকেটে ৪৬৪ থেকে ৭ উইকেটে ৫৪৬-৮২ রানে পড়েছিল ৫ উইকেট। সাউদি ক্রেইগের ৮ম উইকেট জুটির কল্যাণে দিন শেষে লাগাম নিজেদের হাতেই তুলে নেয় নিউজিল্যান্ড।
আগের দিন পাকিস্তানের ওপর দিয়ে ঝড় বইয়ে দেওয়া ম্যাককালাম আজ নিজেকে নিয়ে গেছেন আরেক উচ্চতায়। মাত্র ৭৮ বলে সেঞ্চুরির পর ১৮৬ বলে করেছেন ডাবল সেঞ্চুরি। টেস্টে এটি চতুর্থ দ্রুততম। ম্যাককালাম হাঁকিয়েছেন ১১ ছক্কা। এক ইনিংসে তার চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কেবল ওয়াসিম আকরাম, ১২টি। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারবার ডাবল সেঞ্চুরি করলেন ম্যাকক্যালাম। তা-ই নয়, কিউদের হয়ে সবচেয়ে বেশি বয়সে দ্বিশতক করা ব্যাটসম্যানও তিনি। ম্যাকক্যালামের দিনে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নেওয়া উইলিয়ামসন কম বয়সে (২৪ বছর) সবচেয়ে বেশি টেস্ট শতক হাঁকানো কিউই ব্যাটসম্যান।
ইয়াসির শাহর বলে বোল্ড হওয়ার আগে ম্যাকক্যালামের সংগ্রহ ২০২, অন্যদিকে রাহাত আলীর বলে ফেরার আগে উইলিয়ামসন করেছেন ১৯২ রান। দুজনের তোলা ২৯৭ রান নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ। পাকিস্তানের বোলারদের হতাশার দিনে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রাহাত আলী আর ইয়াসির ৩টি।
টেন ক্রিকেট ও ক্রিকইনফো।