যেখানে ভারত-নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে জিম্বাবুয়ে!

‘মিনোস’, ‘আন্ডারডগ’—টেস্ট ক্রিকেটের প্রসঙ্গ এলে এমন কত কথাই বলা হয় জিম্বাবুয়ে সম্পর্কে। ১৯৯২ সালে টেস্ট মর্যাদা পেলেও ক্রিকেট বিশ্বে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দেশটি। তবে এত কিছুর মধ্যেও হাঁটি হাটি পা করে আজ শততম টেস্ট খেলতে নামছে জিম্বাবুয়ে। আর ১০০তম টেস্ট খেলতে নামার আগে একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আসলে যতটা টেস্টে জিম্বাবুয়ের পারফরম্যান্স যতটা বাজে মনে হয়, ততটা হয়তো নয়। রেকর্ড ঘেঁটে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত খেলা ৯৯ টেস্টে জিম্বাবুয়ের যা পারফরম্যান্স, টেস্ট র্যাঙ্কিংয়ে এখনকার এক নম্বর দল ভারত ও আরেক বড় শক্তি নিউজিল্যান্ডের পারফরম্যান্স প্রথম ৯৯ টেস্টে তারচেয়েও খারাপ ছিল!
১৯৩০ সালে প্রথম টেস্ট খেলা নিউজিল্যান্ড তাদের প্রথম ৯৯টি টেস্ট ম্যাচ খেলতে সময় নেয় ১৯৭২ সাল পর্যন্ত। প্রথম ৯৯টি টেস্ট খেলে তারা জয় পেয়েছিল মাত্র ৭টি। ১৯৩২ সালে টেস্ট মর্যাদা পাওয়া ভারতও প্রথম ৯৯ টেস্টে জিতেছিল ১০টিতে। জিম্বাবুয়ে তাদের প্রথম ৯৯ টেস্টে ১১টি জয় নিয়ে এগিয়ে আছে টেস্ট ক্রিকেটের এই দুই প্রতিষ্ঠিত শক্তির চেয়েও।
এই তালিকায় সবচেয়ে এগিয়ে ইংল্যান্ড, প্রথম ৯৯ টেস্টের ৪৫ টিতেই জিতেছিল তারা। অস্ট্রেলিয়া জিতেছিল ৪১টিতে। ৩৪ জয় নিয়ে তৃতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ও শ্রীলঙ্কা—দুই দলেরই জয় ১৮টি করে।
টেস্ট পরিবারের দশম সদস্য বাংলাদেশ এখনো পর্যন্ত টেস্ট খেলেছে ৯৪টি। জয় আছে ৭টিতে। এক শটি টেস্ট খেলার আগেই বাংলাদেশ নিজেদের রেকর্ড অন্তত নিউজিল্যান্ডের ওপরে নিতে পারবে কি না—সেটি বলে দেবে সময়ই।