
কাল বিকেলে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে একটা ছবি পোস্ট করেছেন মুশফিকুর রহিম। ছবিতে হাসিমুখে স্টিভ স্মিথের সঙ্গে সিরিজের ট্রফি ধরে আছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।
দুজনকে এক ফ্রেমে আটকে আলোকচিত্রীরাও নিশ্চয়ই খুশি। দুই অধিনায়ককে এক জায়গায় আনাটা ভীষণ কঠিনই হয়ে যাচ্ছিল তাঁদের। গত কদিন বাংলাদেশ দল নিয়মিত অনুশীলন করেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের নেটে। আর অস্ট্রেলিয়া বিসিবির একাডেমি মাঠে। বাংলাদেশ যদি অনুশীলন করে সকালে, অস্ট্রেলিয়া বিকেলে। এই সিরিজে কালই প্রথম দুই অধিনায়ককে একসঙ্গে পেলেন সংবাদকর্মীরা। যদিও পরিসংখ্যান কিংবা অধিনায়কত্বের চাপে ভেঙে না পড়ার মানসিকতায় দুজন এক বিন্দুতে মিলেছেন সেই কবেই।
মুশফিক-স্মিথ দুজনই খেলেছেন সমান ৫৪ টেস্ট। ২০১১ সালের অক্টোবরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফিফটি দিয়ে শুরু মুশফিকের অধিনায়কত্ব-পর্ব। স্মিথ এখানে এক কদম এগিয়ে। অস্ট্রেলীয় ব্যাটসম্যানের টেস্ট অধিনায়কত্ব শুরু সেঞ্চুরি দিয়ে। চোটে পড়া মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া স্মিথ ২০১৪ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ব্রিসবেন টেস্টে করেছিলেন ১৩৩।
অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব যে দুজনের ব্যাটে কোনো চাপ হয়ে দেখা দেয়নি, সেটি এরই মধ্যে তাঁদের প্রমাণ করা সারা। দলের সাধারণ সদস্য হিসেবে মুশফিক যে ২৪ টেস্ট খেলেছেন, তাতে তাঁর গড় ২৭.১৫। অধিনায়ক হিসেবে সেটিই ৪৩.১২। টেস্টে যে পাঁচটি সেঞ্চুরি পেয়েছেন, তার চারটিই যখন তিনি অধিনায়ক।
স্মিথের পরিসংখ্যান তো আরও উজ্জ্বল। অধিনায়ক হিসেবে যে ২৪ টেস্ট খেলেছেন, তাতে তাঁর গড় ৭৩.২৭। সাধারণ খেলোয়াড় হিসেবে ৩০ টেস্টে যা ৫১.৮৩। টেস্ট ক্যারিয়ারের ২০ সেঞ্চুরির ১২টিই অধিনায়ক স্মিথের।
এ বছরটাও দুর্দান্ত যাচ্ছে দুই অধিনায়কের। জানুয়ারি থেকে যে ৫টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, তাতে ৬৪.৬৬ গড়ে ৫৮২ রান করে সবার ওপরে আছেন স্মিথ। এর মূলে অবশ্য গত ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে দুর্দান্ত পারফরম্যান্স। চার টেস্টে তিনটি সেঞ্চুরি করে সিরিজটিকে বানিয়ে দিয়েছিলেন ‘ভারত বনাম স্মিথ’!
সামনে থেকে নেতৃত্ব দেওয়ার এই ছবিটা দেখতে পাবেন মুশফিকের ব্যাটিয়েও। গত জানুয়ারিতে ওয়েলিংটন টেস্টে ১৫৯, ফেব্রুয়ারিতে হায়দরাবাদে ১২৭ কিংবা মার্চে গলে ৮৫ রান—বিরুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ টেস্ট অধিনায়কের সামনে থেকে লড়াইয়েরই সাক্ষ্য দিচ্ছে ইনিংসগুলো।
পরিস্থিতি যত কঠিন, ততই উজ্জ্বল দুই অধিনায়কের ব্যাট। চাপে ভালো খেলার রহস্য কী, প্রশ্নটা কাল সংবাদ সম্মেলনে দুই অধিনায়ককেই করা হলো। দুজনের কাছে যদিও উত্তর পাওয়া গেল দুই রকম।
মুশফিক: রহস্য তেমন কিছু নয়। সবাই চেষ্টা করে ভালো খেলার। শুধু আমি নই, সবাই প্রয়োজনে দলে অবদান রাখতে চায়। পুরো সিরিজে চেষ্টা করব যতটা সম্ভব ভালো খেলতে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে।
স্মিথ: আমার মনে হয়, এটা হয় অভিজ্ঞতার কারণে। নিজের খেলাটা নিয়ে স্বচ্ছন্দ থাকি। আমি চেষ্টা করতে পছন্দ করি এবং চাপের মুহূর্তে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাই। একজন দলনেতার এটাই করা উচিত।
এই সিরিজেও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ধারাটা অবশ্যই ধরে রাখতে চাইবেন তাঁরা দুজন। কে সফল হবেন শেষ পর্যন্ত, এখনই বলার উপায় নেই। তবে দুই অধিনায়কই এক অন্যকে প্রশংসায় ভাসালেন। মুশফিক যেমন বললেন, ‘আমি ওকে টেস্টের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে দেখি। উপমহাদেশে অসাধারণ রেকর্ড স্মিথের। আমরা চাইব, এ সিরিজে ব্যাটিংয়ে ও যেন খুব একটা প্রভাব ফেলতে না পারে।’
আর মুশফিককে নিয়ে স্মিথ বললেন, ‘সত্যি বলতে ওর বিপক্ষে খুব একটা খেলা হয়নি। গত দুই বছরে নিজের খেলায় সে অনেক উন্নতি করেছে। সন্দেহ নেই, এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সে রান করতে উন্মুখ থাকবে।’
দুজনের প্রশংসার মাঝেও লড়াইয়ের ঝাঁজটা কিন্তু থাকল।