যেখানে রুটের আগে মাত্র একজন
লর্ডস টেস্টের দ্বিতীয় দিন যখন জো রুট ক্রিজে এলেন তখন মোহাম্মদ সিরাজ ছিলেন হ্যাটট্রিকের অপেক্ষায়। ডম সিবলি ও হাসিব হামিদ ইংল্যান্ডকে ২৩ রানে রেখে আউট হন সিরাজের পরপর দুই বলে। এর পরের গল্পটা ইংল্যান্ড অধিনায়কের।
রুট এসে থামান সম্ভাব্য টপ অর্ডার ধস। রনি বার্নস ও জনি বেয়ারস্টোর সঙ্গে গড়েন দুটি মহাগুরুত্বপূর্ণ জুটি। ইংল্যান্ডকে ২৩ রানে ২ উইকেটের খাদ থেকে টেনে তোলার সঙ্গে সঙ্গে ক্যারিয়ারের ২২তম টেস্ট সেঞ্চুরিটাও পেয়ে গেছেন। প্রথম টেস্টে সেঞ্চুরির পর থেমে গিয়েছিলেন। আজ আর ভুল করেননি, এ প্রতিবেদন লেখা পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। সে পথেই দ্বিতীয় ইংল্যান্ড ব্যাটসম্যান হিসেবে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট।
ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে রুটের সামনে এখন শুধু সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক (১২৪৭২)। লর্ডস টেস্টের তৃতীয় দিনটা রুট একদম নিজেরই করে নিলেন।
৩ উইকেটে ১১৯ রান নিয়ে গতকাল দিন শেষে করেছে ইংল্যান্ড। রুট অপরাজিত ছিলেন ৪৮ রানে, বেয়ারস্টো খেলছিলেন ৬ রানে।
লর্ডসের তৃতীয় দিনকে সাধারণত ব্যাটিংয়ের জন্য আদর্শ বলা হয়। আজ দিনের দ্বিতীয় ওভারেই সিরাজের বলে পয়েন্ট বাউন্ডারিতে মারা রুটের চার সেই আভাসই দিচ্ছিল। বেয়ারস্টোর ব্যাট থেকেও এসেছে রান। প্রথম সেশনটা বেশ স্বাচ্ছন্দ্যেই কাটিয়ে দেন এই দুজন। রুট ফিফটি করে এগিয়ে যান সেঞ্চুরির পথে, টেস্ট দলে ফেরার পর প্রথম ফিফটি পূর্ণ করে বড় রানের হুমকি দিচ্ছিলেন বেয়ারস্টোও।
উইকেটের আশায় মধ্যাহ্ন বিরতির পর পরিকল্পনা বদলাতে হয় ভারতের। ট্রেন্টব্রিজে লেগ সাইডে ফাঁদ পেতে বেয়ারস্টোকে আউট করেছিল ভারত। লর্ডসেও সেই পরিকল্পনায় ফিরে যান বিরাট কোহলি। এতে কাজও হয়। নতুন বল নেওয়ার আগেই বেয়ারস্টো ফাঁদে পা দেন। সিরাজের শর্ট বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে সহজ ক্যাচ দেন স্লিপে থাকা বিরাট কোহলিকে। তাতে ভাঙে রুট-বেয়ারস্টোর ১২১ রানের জুটি।
বেয়ারস্টোর আউটে রানের গতি থেমে থাকেনি। জস বাটলারের সঙ্গে জুটি গড়ে রান বাড়িয়েছেন। চতুর্থ উইকেট জুটিতে দুজন ৫৪ রান যোগ করেছেন।২৩ রান করে বাটলার ফিরে গেলেও এক প্রান্তে লড়ছেন রুট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের রান ৫ উইকেটে ২৯১। রুট ১২৮ রানে অপরাজিত আছেন।