ভারতে যাবে না পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-পাকিস্তান সিরিজ মাঠে গড়ানোর আশা এখন ক্ষীণ।—ফাইল ছবি
ভারত-পাকিস্তান সিরিজ মাঠে গড়ানোর আশা এখন ক্ষীণ।—ফাইল ছবি

দ্বিপাক্ষিক সিরিজ তো নয় যেন ধারাবাহিক নাটক। প্রতিদিন কোনো না কোনো নতুন বিষয় নিয়ে বিতর্ক। হঠাৎ করে পুরোপুরি উল্টো সুরে কথাবার্তা। আর সপ্তাহান্তে নাটকীয়তার চূড়ান্ত পরিণতি হিসেবে দর্শককে দেওয়া হচ্ছে বিশাল কোনো ধাক্কা। ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আসলেই নাটকের চূড়ান্ত দেখছে সবাই। নাটকের নতুন অঙ্ক যোগ হলো গতকাল—সিরিজ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান।

ঝামেলার শুরু হয়েছিল নিরাপত্তা শঙ্কা থেকে। পাকিস্তান দল অনেক দিন ধরেই নিজেদের হোম সিরিজ খেলে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় সরকারের নতুন এক নির্দেশনায় সেখানেও খেলোয়াড় পাঠাতে নারাজ ভারতীয় বোর্ড। সিরিজ ভেস্তে যাওয়ার সম্ভাবনা ওঠায় ‘দরাজ’ হাত বাড়িয়ে দেয় ভারতীয় বোর্ড। পাকিস্তানকে প্রস্তাব দেওয়া হয় ডিসেম্বরে ভারতের মাটিতেই সিরিজ আয়োজনের। পাকিস্তানের ‘হোম’ সিরিজ, সেটি হবে কি না ভারতের মাটিতে। ব্যাপারটি নিয়ে গাঁইগুঁই শুরু করে দেয় পাকিস্তান বোর্ড। কাল চূড়ান্ত ঘোষণাও দিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান। সোজা বলে দেন, ‘আমাদের দল ডিসেম্বরে ভারত যাচ্ছে না। বিসিসিআইয়ের উচিত তাদের প্রতিশ্রুতি রক্ষা করা এবং আরব আমিরাতে এসেই সিরিজটি খেলা। পাকিস্তানকে ভারতে এসে সিরিজ খেলতে বলার কোনো কারণ নেই। আরব আমিরাতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এখানে খেলতে না আসার আসল কারণটি জানার অপেক্ষায় আছি আমি।’

এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আবার একটা হুমকিও দিয়ে দিলেন। ২০১৬ সালে ভারতে আয়োজিত হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত যদি এখন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না যায়, তবে পাকিস্তানও পাল্টা কিছু ভাবতে পারে। সেটি কী, শাহরিয়ার খানের কথাতেই তা ইঙ্গিত, ‘নিরাপত্তার কথা বিবেচনায় আনলে বিশ্বকাপ নিয়েও আমাদের ভাবতে হবে। এ বিষয়ে পাকিস্তান সরকারের অনুমতি নিতে হবে আমাদের।’

এর আগে ২০০৭ ও ২০১২ সালেও ভারতে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলে এসেছে পাকিস্তান। এরপরই দুই বোর্ডের মধ্যে সমঝোতা হয়, পরবর্তী সিরিজটি পাকিস্তান খেলবে স্বাগতিক হিসেবে। কিন্তু এ বছরের মাঝপথে ভারতীয় সরকারের হস্তক্ষেপে এবং অনুরাগ ঠাকুরের প্রচ্ছন্ন অনিচ্ছায় সিরিজটি ভেস্তে যাওয়ার শঙ্কা জাগে। শশাঙ্ক মনোহর বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর আবারও আশার আলো দেখা যায় সিরিজ নিয়ে। কিন্তু তারপরই ভারতের এমন অদ্ভুত প্রস্তাব এবং পাকিস্তানের সে প্রস্তাবে অনাগ্রহ মিলিয়ে সিরিজটির সম্ভাবনা প্রায় মিলিয়েই গেল। সূত্র: পিটিআই।