যেখানে লিলিকেও ছাড়িয়ে জনসন

ডেনিস লিলিই প্রথম চিনেছিলেন তাঁকে। তরুণ মিচেল জনসনকে দেখে অস্ট্রেলীয় কিংবদন্তির মনে হয়েছিল, এক প্রজন্মে এমন বোলার একজনই আসে। লিলিকে আদর্শ মেনেই বড় হয়েছেন। লিলির সঙ্গে মিলও ছিল। সবচেয়ে বড় মিল আগুনের গোলার রংটা যে সাদা বা লালও হতে পারে, ক্ষণে ক্ষণে এটা মনে করিয়ে দিয়ে ব্যাটসম্যানদের শিরদাঁড়ায় কাঁপন ধরানোয়।
মঙ্গলবার বিকেলে দুই উইকেট তুলে নিয়ে যখন শেষ বারের মতো মাঠ ছাড়ছেন জনসন, তাঁর নামের পাশে লেখা ৩১৩ উইকেট। ডেনিস লিলির উইকেট এর চেয়ে ৪২টি বেশি। উইকেটের হিসেবে পিছিয়ে থাকলেও একটা জায়গায় লিলিকে ঠিকই পেছনে ফেলেছেন জনসন—স্ট্রাইক রেট। শুধু লিলিই নন, সব অস্ট্রেলিয়ান গ্রেটদেরই।
ক্যারিয়ারে ১৫০ উইকেট পেয়েছেন, এমন অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সেরা স্ট্রাইক রেট জনসনের। টেস্টে প্রতি উইকেটের জন্য জনসনকে বল করতে হয়েছে গড়ে ৫১.১টি। যেখানে তাঁর আদর্শ ডেনিস লিলিকে ‘কষ্ট’ করতে হয়েছে আরেকটু বেশি। লিলির স্ট্রাইক রেট ৫২। ৫১.৯ স্ট্রাইক রেট নিয়ে গ্লেন ম্যাকগ্রা আছেন দুজনের মাঝখানে।
জনসন ভালো বোলিং করেছেন আর অস্ট্রেলিয়া ম্যাচ জেতেনি—এমন খুব কমই হয়েছে। জনসনের সেরা অর্জন তাই হয়তো উইকেটের সংখ্যা নয়, বরং তাঁর সৌজন্যে অস্ট্রেলিয়ার জেতা ম্যাচের সংখ্যা। ২০০৭ সালের নভেম্বরে অভিষেক, এরপর গত আট বছরে টেস্টে তাঁর চেয়ে বেশিবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হতে পারেননি কেউ। অবশ্য জনসনের মতোই ৯ বার ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন কুমার সাঙ্গাকারা ও ডেল স্টেইন। জনসনের খেলা ৭৩ টেস্টের ৩৯টি জিতেছে অস্ট্রেলিয়া। তাতে তাঁর ১৯৮ উইকেট, স্ট্রাইক রেট ৪২.২। এই ম্যাচগুলোতে জনসনের বোলিং গড় ২১.৭২। অস্ট্রেলিয়া হেরেছে, এমন ম্যাচে যা বেড়ে গিয়ে ৪০.৬৮। যার অর্থ হলো, ক্যারিয়ারজুড়ে অস্ট্রেলিয়ার জয়ের সঙ্গে জনসনের ভালো বোলিং ছিল পরস্পর সমানুপাতিক।
কথাটায় হয়তো একটু মুচকি হাসছেন ডেনিস লিলি। জয়ের রাস্তা চেনানোয় যে তাঁর চেয়ে সেরা কোনো অস্ট্রেলিয়ান এখনো আসেননি। অস্ট্রেলিয়া জিতেছে, এমন টেস্টগুলোতে জনসনের বোলিং গড় আর স্ট্রাইক রেট দুটোই গর্ব করার মতো, তবে সেরা নয়। দুটি হিসেবেই তিনি তালিকায় দুইয়ে। তালিকায় যে একচ্ছত্র আধিপত্য নিয়ে চূড়ায় বসে গোঁফে তা দিচ্ছেন ওই ভদ্রলোক। অস্ট্রেলিয়ার জয়ের ম্যাচগুলোতে লিলির বোলিং গড় ১৮.২৭, আর স্ট্রাইক রেট ৩৯.০।
এখানেও জনসনের শীর্ষে উঠতে না পারার পেছনে কারণটা মোটামুটি জানাই সবার। পুরো ক্যারিয়ারজুড়েই অধারাবাহিকতার সঙ্গে একটা অদৃশ্য সখ্য ছিল তাঁর। এই অধারাবাহিকতাই তাঁর বোলিংয়ের রোমাঞ্চটা আরও বাড়িয়ে দিয়েছিল, তবে বোলিংয়ের রেকর্ডে তো সেটি প্রভাব ফেলেছেই। ক্যারিয়ারটা শেষ করেছেন প্রায় ৩০-এর কাছাকাছি বোলিং গড় নিয়ে, গ্রেটদের ক্ষেত্রে যেটি মধ্য বিশে থাকাটাই নিয়ম।
জনসনের ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময়টা গেছে সম্ভবত ২০১০-এর জুলাই থেকে পরের দেড় বছর। এই সময়ে ১৩ টেস্টে উইকেট নিয়েছেন মোটে ৩৫টি। স্ট্রাইক রেট কত ছিল, জানেন? প্রায় ৪৬! অথচ কিছুদিন দলের বাইরে কাটিয়ে ফেরার পর দুই বছর ব্যাটসম্যানদের বলতে গেলে কাঁদিয়ে ছেড়েছেন। ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা যেটির পক্ষে সাক্ষ্য দেবেন। ২০১৩-১৪ অ্যাশেজ কিংবা এরপরের দক্ষিণ আফ্রিকা সিরিজেই ক্যারিয়ারের সবচেয়ে আগুনে বোলিংটা করেছেন জনসন। ওই দুই সিরিজে আট টেস্টে ৫৯ উইকেট। বোলিং গড় ছিল মাত্র ১৫.২৩। আর স্ট্রাইক রেট? ৩২!
ইশ্, এই ফর্মটাই যদি পুরো ক্যারিয়ারে টেনে নিতে পারতেন। পেস বোলিং কতটুকু আগুনে, কতটুকু আক্রমণাত্মক, কতটুকু ভয়াল সুন্দর হতে পারে সেটির একটা নতুন উপমা পেয়ে যেত ক্রিকেট বিশ্ব। হয়তো কোনো নতুন বোলারের জন্য প্রশংসার মানদণ্ডটা শেষই হতো মিচেল জনসনে। তথ্যসূত্র: ক্রিকইনফো।