লিগ বা টুর্নামেন্টের আগে একটা প্রশ্ন অবধারিতভাবে ওঠে—ফেবারিট কারা? দু-একটি দল তো থাকেই যাদের শিরোপা জয়ের সম্ভাবনা শুরুতেই উজ্জ্বল মনে হয়। তারপর একটা সময় তারা হয় পিছিয়ে যায় অথবা পূর্বানুমান সত্যি করে এগিয়ে যায়।
আজ থেকে শুরু ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে হচ্ছে ব্যতিক্রম। ‘ফেবারিট কারা’ প্রশ্নে কেউ একটি বা দুটি দলের নাম বলতে পারছে না। মিরপুরের একাডেমি মাঠে আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল তো কাল ছয়টা দলের নাম বলে ফেললেন, ‘মোহামেডান, রূপগঞ্জ ভালো দল। গাজী গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে...প্রাইম ব্যাংক অথবা আবাহনী। এই হলো আমার সেরা পাঁচ দল। ও হ্যাঁ...প্রাইম দোলেশ্বরও।’ ততক্ষণে কলাবাগান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও প্রকাশ করতে শুরু করেছেন তাঁর ফেবারিটের তালিকা, ‘আবাহনী তো অবশ্যই। গাজী গ্রুপ, মোহামেডান, প্রাইম দোলেশ্বর, প্রাইম ব্যাংক। আমার দলটাকেও রাখেন ব্র্যাকেটে...কলাবাগান ক্রীড়াচক্র।’
এবারের লিগে তাই ফেবারিটের অভাব নেই। ‘প্লেয়ার ড্রাফটে’ খেলোয়াড় বাছাই-ই হয়েছে এমন যে, প্রায় সব দলই সমান। যে কেউ হতে পারে চ্যাম্পিয়ন। তামিম, তাসকিন, সাকিবদের নিয়ে আবাহনী হয়তো কাগজ-কলমে কিছুটা এগিয়ে। কিন্তু সেটাও অন্য দলগুলোকে ছাপিয়ে তাদের ‘সেরা’ বলার মতো নয়। ফতুল্লা স্টেডিয়ামে আজ নিজেদের প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী এই ক্লাবটি মুখোমুখি হচ্ছে কলাবাগান ক্রীড়াচক্রের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেটার্স। আর বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর-সিসিএস।
প্রথম দিনে মাশরাফি-তামিমের কারণেই কৌতূহল বেশি ফতুল্লার ম্যাচের দিকে। জাতীয় দলে খুবই ঘনিষ্ঠ এই দুই ক্রিকেটার এবার মুখোমুখি। শক্তিমত্তায় আবাহনীকে এগিয়ে রেখেও তামিমের দিকে মাশরাফির চোখরাঙানি, ‘কাগজ-কলম দিয়ে তো ক্রিকেট খেলা হয় না। হ্যাঁ, তাদের হারানো আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। কিন্তু এমন তো না যে হারানোটা একেবারেই অসম্ভব! আমরা জিতলে অনেকে সেটাকে আপসেট বলতে পারে, তবে আমি তা মনে করব না।’
আবাহনীকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যটা আগেই জানিয়েছেন তামিম। শুরুটা তাই জয় দিয়েই করতে চাইবেন। তবে আজকের ম্যাচে জয় ছাড়াও আরেকটা দিকে চোখ থাকবে জাতীয় দলের বাঁহাতি ওপেনারের। সেটি মাশরাফির অধিনায়কত্ব। ঘরোয়া ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের অন্যতম সেরা এই অধিনায়কের কাছ থেকে কিছু শিখতে চান তামিম, ‘তাঁর (মাশরাফি) কাছ থেকে কিছু শেখাটাই হবে আমার জন্য ভালো। জাতীয় দলে আমি সব সময় অধিনায়ককে সাহায্য করার চেষ্টা করি। তবে নিজে অধিনায়ক হলে সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এই জায়গাটাতে আমি এখনো নিখুঁত নই।’
ফেবারিট নিয়ে আলোচনার কোনো কূল-কিনারা নেই। এ সুযোগে আলোচনার মাঠ দখল করে নিয়েছে গরম। কয়েক দিন ধরে খরতাপে পুড়ছে দেশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ, কাল ও পরশু ঢাকার তাপমাত্রা নাকি থাকবে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস! এই গরমে তাই মাঠা নামাটাই চ্যালেঞ্জই মনে হচ্ছে ক্রিকেটারদের কাছে।
তবে একটা জায়গায় আশার আলোও আছে। গতবারের চরম বিতর্কিত আম্পায়ারিং এবং এবারের দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটের বাজে আম্পায়ারিংয়ের পরও অনেকেই বলছেন, প্রিমিয়ার লিগে মানসম্মত আম্পায়ারিং হবে। স্বয়ং বিসিবি সভাপতি এই নির্দেশনা দিয়েছেন। আম্পায়ারদের নিয়ে আরেকটা খবর, বহিষ্কারাদেশ কাটিয়ে এই লিগ দিয়েই মাঠে ফিরছেন নাদির শাহ। আজ প্রথম দিনই ম্যাচ পরিচালনা করবেন অভিজ্ঞ এই আম্পায়ার।
তবে ক্রিকেটের মতোই ঢাকার ক্রিকেটের আম্পায়ারিং নিয়েও শেষ কথা বলা যাবে না। বিশেষ কোনো দলের পরিস্থিতির দাবি মেটাতে যেকোনো সময় আম্পায়াররা অবতীর্ণ হতে পারেন দ্বাদশ-ত্রয়োদশ খেলোয়াড়ের ভূমিকায়। আরও একটা ব্যাপার, অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়া নিয়েও। বৈশাখ-জ্যৈষ্ঠে ঝড়-বৃষ্টির হুমকি সব সময়ই থাকে। প্রিমিয়ার লিগে সে জন্য এবার রাখা আছে ‘রিজার্ভ ডে’।