যেখানে স্বস্তিতে বাংলাদেশ

সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও তাঁর রুদ্রমূর্তি দেখেছেন বাংলাদেশের বোলাররা। ড্র হওয়া গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি। সেঞ্চুরি করেন কলম্বোর পরের টেস্টেও। সেই কুমার সাঙ্গাকারা এবার নেই শ্রীলঙ্কা দলে। নেই মাহেলা জয়াবর্ধনেও। বাংলাদেশের বোলাররা নিশ্চয়ই স্বস্তি নিয়েই উড়ে গেছেন কলম্বোয়।
তাঁদের স্বস্তির কথা শোনার আগে ‘বাংলাদেশ বনাম সাঙ্গাকারা’ প্রামাণ্যচিত্রের একটি প্রোমো দেখে নেওয়া যাক। বাংলাদেশের বিপক্ষে মোট ১৫টি টেস্ট খেলে সাঙ্গাকারার সেঞ্চুরি সাতটি, যার দুটি ডাবল আর একটি ট্রিপল। এর মধ্যে দুটি ডাবল সেঞ্চুরিসহ পাঁচটিই দেশের মাটিতে। আরও ভয়ংকর তথ্য, এই সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরিগুলো তিনি করেছেন দেশের মাটিতে পর পর পাঁচটি টেস্ট ইনিংসে। কম যাননি জয়াবর্ধনেও। ১৩ টেস্ট খেলে বাংলাদেশের বিপক্ষে করা তাঁর পাঁচ সেঞ্চুরির তিনটিই শ্রীলঙ্কার মাটিতে।
কাল বিমানবন্দরের উদ্দেশে মিরপুরের একাডেমি ভবন ছাড়ার আগে তাসকিন আহমেদকে যখন বলা হলো, এবার তো শ্রীলঙ্কায় সাঙ্গাকারা-জয়াবর্ধনে নেই, তাঁর হাসিতেই ফুটে উঠল স্বস্তিটা, ‘একটু নির্ভার অবশ্যই লাগছে। সাঙ্গাকারা অনেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন।’ শ্রীলঙ্কায় এবার স্বস্তি নিয়ে যাওয়ার আরও একটা কারণ আছে তাঁর। শ্রীলঙ্কানদের মধ্যে যে অনেক ভক্তও আছে তাঁর, ‘এর আগে একবারই শ্রীলঙ্কা গেছি, তা-ও ঘুরতে। ওই যখন বোলিং অ্যাকশনের জন্য বহিষ্কৃত ছিলাম, তখন। শ্রীলঙ্কার মানুষ দেখলাম আমাকে খুব সাহস-টাহস দিল। বলেছিল, তুমি দ্রুতই ফিরে আসবে।’
আরেক পেসার কামরুল ইসলাম যেন একটু ‘মিস’ই করবেন শ্রীলঙ্কার সাবেক দুই অধিনায়ককে। গ্রেটদের বিপক্ষে খেলার সুযোগটা যে মিলবে না! ‘আসলে ওদের সঙ্গে খেলতে পারাটাও গৌরবের ব্যাপার। তারা থাকলে বলতে পারতাম, আমি সাঙ্গাকারা-জয়াবর্ধনের বিপক্ষে বোলিং করেছি। বিপিএলে সত্যি সত্যিই তা করেছি, তবে টেস্টে করতে পারলে সেটা আলাদা ব্যাপার হতো’—বলছিলেন কামরুল। তবে লুকাননি স্বস্তিটাও, ‘একটু স্বস্তিও কাজ করছে। আমরা হয়তো এখন একটা ফল নিয়ে আসতে পারব। ওই দুজন না থাকায় শ্রীলঙ্কার চেয়ে আমরা খুব বেশি পিছিয়ে নেই এখন।’
স্বস্তি আছে রুবেল হোসেনেরও। তবে যাঁরা এখন নেই, পেছন ফিরে তাঁদের নিয়ে ভাবতে রাজি নন অভিজ্ঞ এই পেসার। রুবেলের সব চিন্তা দল আর নিজের পারফরম্যান্স নিয়ে। একাডেমি ভবনে বসে বলছিলেন, এবারের শ্রীলঙ্কা সফর তাঁর কাছে কেন গুরুত্বপূর্ণ। আসলে লম্বা স্পেলে বোলিং করতে পারেন না বলে যে অভিযোগটা উঠেছে তাঁর বিরুদ্ধে, আসন্ন সিরিজে রুবেল ভুল প্রমাণ করতে চান সেটিকেই, ‘বিসিএলে আমি লম্বা স্পেলে বোলিং করেছি। শ্রীলঙ্কায়ও চেষ্টা করব অধিনায়ক যখন, যে পরিস্থিতিতেই আমাকে বোলিংয়ে নিয়ে আসুক না কেন আমি যেন প্রত্যাশা মেটাতে পারি। যে কারণে বল দিচ্ছে সেটা যেন করতে পারি।’
রুবেল নিজেও জানেন, টেস্টে লম্বা স্পেলে বোলিং করতে না পারলে ব্রেক থ্রু দেওয়া যায় না। চার-পাঁচ ওভার বোলিং করেও সেটি সম্ভব নয়। তাঁর ভাষায়, ‘প্রথম ওভারটা তো ওয়ার্মআপেই চলে যায়। সাত-আট ওভার বা আট-নয় ওভারের স্পেল করলে উইকেট পাওয়ার সুযোগ থাকে। দলের জন্যও ভালো হয়। আমি এবার এটাই চেষ্টা করব।’
স্বস্তির সঙ্গে নিশ্চয়ই সফল হবেন রুবেল, সফল হবে বাংলাদেশ দলও।
সফরসূচি
২-৩ মার্চ ২ দিনের প্রস্তুতি ম্যাচ মোরাতুয়া
৭-১১ মার্চ ১ম টেস্ট গল
১৫-১৯ মার্চ ২য় টেস্ট কলম্বো (পি সারা)
২২ মার্চ এক দিনের প্রস্তুতি ম্যাচ কলম্বো
২৫ মার্চ ১ম ওয়ানডে (দি/রা) ডাম্বুলা
২৮ মার্চ ২য় ওয়ানডে (দি/রা) ডাম্বুলা
১ এপ্রিল ৩য় ওয়ানডে কলম্বো
(এসএসসি)
৪ এপ্রিল ১ম টি-টোয়েন্টি কলম্বো
(প্রেমাদাসা)
৬ এপ্রিল ২য় টি-টোয়েন্টি কলম্বো
(প্রেমাদাসা)