যেতেই হলো গিবসনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওটিস গিবসন
ওটিস গিবসন

সোমবার তাঁকে অনুশীলনে না দেখে যে গুঞ্জনের শুরু, পরদিন সেটাই সত্যি বলে প্রচার হয়ে যায়। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও এসে গেল মঙ্গলবার রাতে। এক বিবৃতি দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) জানিয়েছে, ‘পারস্পরিক সমঝোতায় সম্পর্ক ছিন্ন করেছে’ বোর্ড ও ওটিস গিবসন। সিরিজ শুরুর ১২ ঘণ্টা আগে কোচ হারানো দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন ম্যানেজার ও সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসন। সাবেক ওপেনার স্টুয়ার্ট উইলিয়ামস ও সাবেক উইকেটকিপার আন্দ্রে কোলি আগের মতোই থাকবেন সহকারী কোচ। বোলিং পরামর্শক কার্টলি অ্যামব্রোস।
এই ‘সম্পর্ক ছিন্ন’ করার আনুষ্ঠানিক কারণ অবশ্য জানানো হয়নি। ডব্লুআইসিবির প্রধান নির্বাহী মাইকেল মিউরহেড শুধু বলেছেন, ‘বোর্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে তাঁর কাজের জন্য ওটিসের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে ২০১২ আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি জয়ের জন্য। তাঁর ভবিষ্যতের জন্য থাকল আমাদের শুভকামনা।’
বোর্ডের বিবৃতিতে ‘দৃঢ় অঙ্গীকার ও পেশাদারির’ জন্য প্রশংসাও করা হয়েছে গিবসনের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে চার বছরের দায়িত্ব পালনকালে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি শুনতে হয়েছে গিবসনকে। গেইল-ব্রাভো-চন্দরপল-সারওয়ানের মতো সিনিয়রদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন নানা সময়ে। মাঠের পারফরম্যান্সেও ভালো কিছু হয়নি। তাঁর কোচিংয়ে ৩৬ টেস্টের মাত্র ৯টিতে জিততে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ, হেরেছে ১৬টি। ৯০ ওয়ানডেতে ৩৬ জয়ের পাশে হার ৪৮টি, ৪৫ টি-টোয়েন্টিতে ২২ জয় আর ২১ হার। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল বটে, কিন্তু সেই দলই এখন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে। আর টেস্ট-ওয়ানডে দুটিতেই আট নম্বরে!
সম্ভাব্য প্রধান কোচের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে মোটামুটি নিশ্চিত, মিকি আর্থারই পেতে যাচ্ছেন দায়িত্ব। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাবেক কোচ আর্থার এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ছিলেন জ্যামাইকা তালাওয়াসের কোচ। এএফপি, ক্রিকইনফো।