যেন অন্য মুমিনুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের নামের একই আদ্যক্ষর। উচ্চতাও প্রায় সমান। ছবিতেও মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে দেখে মনে হচ্ছে যেন অবিচ্ছেদ্য! কাল চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ইনিংসটা যে ম-ম গন্ধ ছড়াল, সেটি তো দুই ‘ম’ তৃতীয় উইকেটে ২৩৬ রানের জুটিতে অবিচ্ছেদ্য ছিলেন বলেই  শামসুল হক
দুজনের নামের একই আদ্যক্ষর। উচ্চতাও প্রায় সমান। ছবিতেও মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে দেখে মনে হচ্ছে যেন অবিচ্ছেদ্য! কাল চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ইনিংসটা যে ম-ম গন্ধ ছড়াল, সেটি তো দুই ‘ম’ তৃতীয় উইকেটে ২৩৬ রানের জুটিতে অবিচ্ছেদ্য ছিলেন বলেই শামসুল হক

অভিমান জমে জমে কি ক্ষোভ হয়ে যায় কখনো কখনো? বুকের ভেতর চেপে রাখা ব্যথাটা পাহাড়সম হয়ে গেলে কি রূপ নেয় নতুন শক্তিতে! যে শক্তি কাউকে করে তুলতে পারে কিছু একটা করে দেখানোর মতো দৃঢ়প্রতিজ্ঞ, বের করে আনতে পারে সেরাটা।

ও রকম অভিমানই হয়তো মুমিনুলের বুকের ভেতর, চেপে রাখা কষ্টটা হয়ে গিয়েছিল পাহাড়সম। যার বিস্ফোরণ হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। নইলে চিরকালের চেনা মুমিনুল, অন্তর্মুখী শান্ত চাপা মুমিনুল কেন এমন অচেনা রূপে দেখা দেবেন! আগ্রাসী ব্যাটিং, চারপাশে স্ট্রোকের দ্যুতি ছড়িয়ে ৯৬ বলে সেঞ্চুরি, এসবের সামর্থ্য যে তাঁর আছে, সেটা অবশ্য আগেও দেখিয়েছেন। কিন্তু এমন স্বভাববিরুদ্ধ খ্যাপাটে আর বুনো উদ্‌যাপন, এটা আর যা-ই হোক মুমিনুলের নয়। কাকে জবাব দেওয়ার ছিল তাঁর?

দিন শেষে সংবাদ সম্মেলনে আসেননি মুমিনুল। তাই প্রশ্নটা সরাসরি তাঁকে করা যায়নি। তবে যিনি এসেছিলেন, সেই তামিমই মুমিনুলের হয়ে দিয়েছেন উত্তরটা, ‘ওর কিছু একটা প্রমাণের ছিল, সেটা সে করেছে। আমি জানি কেন সে এটা করেছে। আমার কাছে ভালো লেগেছে।’

কার কাছে প্রমাণের ছিল, তামিম নামটা বলেননি। বলার আসলে দরকারও ছিল না। ঊহ্য থাকা সেই নামটা সবারই জানা—চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের সাবেক কোচ, এখন যিনি শ্রীলঙ্কার দায়িত্বে। হাথুরু তাঁকে পছন্দ করতেন না, এটা বাংলাদেশ ক্রিকেটে প্রায় প্রতিষ্ঠিত সত্যের মতো। যে ওয়ানডে দিয়ে ২০১২ সালে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, হাথুরুর সময়েই সেই ওয়ানডে থেকে বাদ পড়েছেন। তারপর প্রায় তিনটি বছর এই সংস্করণে তাঁকে উপেক্ষা করে করে বানিয়ে ফেলতে চেয়েছেন অকেজো। বলতে পারেন, দল তো নির্বাচন করেন নির্বাচকেরা। কিন্তু হাথুরুর সময়ে তিনিই যে এ ক্ষেত্রে শেষ কথা বলতেন, সে কি আর এখন অজানা!

এত কিছুর পরে মনে হচ্ছিল বুঝি টেস্ট দলে মুমিনুলের জায়গা প্রশ্নবিদ্ধ হবে না। কিন্তু হাথুরু সেটাও করেছেন অফ স্পিনে তাঁর দুর্বলতার অজুহাত দেখিয়ে। খেলতে দেননি দেশের শততম টেস্টে। নড়বড়ে করে দিয়েছেন টেস্টে তাঁর জায়গাটাও।

বিস্ময়কর ব্যাপার, এ নিয়ে কোনো দিন সংবাদমাধ্যমে বা অন্য কোথাও নিজে টুঁ শব্দ করেননি মুমিনুল। বিতর্ক এড়িয়ে গেছেন স্বভাবসুলভভাবে। হয়তো সবকিছুর জবাব ব্যাট হাতেই দিতে চেয়েছিলেন। সেটা দিলেনও কাল।

৫৯ বলে ৫০, ৯৬ বলে ১০০। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি, তাঁর নিজের দ্রুততমও। যে চার মেরে সেঞ্চুরি করেছেন, ওই শটটা খেলেই শ্রীলঙ্কার ড্রেসিংরুমের দিকে তাকিয়ে দৌড় শুরু করলেন। হাথুরু ওখানেই বসে থাকার কথা কিনা! লাফিয়ে মুঠোবদ্ধ হাতে বাতাসে ঘুষি মারা। সেই অদৃশ্য ঘুষি কার মুখে গিয়ে পড়েছে, সে কি আর কারও অজানা!

এই চট্টগ্রামেই হাথুরুর কারণে তাঁকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে আট নম্বরে ব্যাট করতে হয়েছিল। আরও একবার চট্টগ্রামে ফিরে সেই হাথুরুর দলের বিপক্ষেই মুমিনুল ২০৩ বলে ১৭৫ করে অপরাজিত!

অভিমান জমে জমে ক্ষোভই হয়ে যায় হয়তো। বুকের ভেতর চেপে রাখা ব্যথাটা পাহাড়সম হয়ে গেলে হয়তো রূপ নেয় এমন শক্তিতে!