যেন নতুন এক ইমরুল

ইমরুল কায়েসকে কেন টেস্ট দলে রাখা হলো, এ নিয়ে বিশদ ব্যাখ্যা দিতে হয়েছে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। বলেছিলেন, সর্বশেষ টেস্ট ইনিংসেই যার সেঞ্চুরি আছে, তাঁকে কীভাবে বাদ দেওয়া যায়! কিন্তু কোচ যা-ই বলুন না কেন, সমর্থকেরা কিন্তু এতে খুশি হতে পারেননি। খুশি হতে পারেননি ব্যক্তি ইমরুলকে পছন্দ না-করার জন্য নয়। বিশ্বকাপে তাঁর যাচ্ছেতাই পারফরম্যান্সকে মনে করেই। এনামুল হকের চোটে অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন। কিন্তু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যেয়ে তিনি যা খেললেন তা কিন্তু দ্রুত ভুলে যাওয়ার মতোই।
বিশ্বকাপের টাটকা স্মৃতির কারণেই খুলনা টেস্টে মাঠে নামার আগে প্রচণ্ড চাপের মুখে ছিলেন ইমরুল কায়েস। কিন্তু সাদা পোশাকের ক্রিকেটে ফিরে তিনি নিজেকে নতুন করেই চেনালেন। প্রথম ইনিংসে ৫১ রান করে ফিরে গেলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েই তিনি জানিয়ে দিলেন, বিশ্বকাপে দেখে কেউ যদি তাঁর সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে তা হবে বড় ধরনের ভুলই। টানা দুই টেস্টে সেঞ্চুরি—বাংলাদেশের হয়ে যে কীর্তি আর আছে কেবল তামিম আর মুমিনুলের।
ইমরুল যে টেস্টে নতুন বাংলাদেশের অন্যতম কান্ডারি, সেটা তো প্রমাণিত তাঁর ঘরোয়া রেকর্ডেই। জাতীয় ক্রিকেট লিগে সর্বশেষ মৌসুমে তাঁর ব্যাট থেকে এসেছিল ৫১৪ রান। দুটি ফিফটি আর দুটি সেঞ্চুরি নিয়ে তিনি ব্যাটসম্যানদের তালিকায় ১৫তম ছিলেন বটে, কিন্তু গড় ছিল ৬৪.২৫। যোগ্যতা তাঁর আছেই। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টটা দারুণ কাটিয়ে নিজের যোগ্যতার সেই প্রমাণই দিলেন ভালো ভাবেই।
আজ খুলনায় ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা পেলেন তিনি। মজার ব্যাপার হচ্ছে, ইমরুলের টেস্ট ক্যারিয়ারে ফিফটির চেয়ে সেঞ্চুরির সংখ্যাই বেশি। তিন সেঞ্চুরির বিপক্ষে তাঁর ফিফটি একটি। আজ ক্যারিয়ার সেরা ১৩২ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। তামিমকে সঙ্গে নিয়ে গড়েছেন যেকোনো উইকেটে বাংলাদেশের পক্ষে ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি।
২০০৮ সালের নভেম্বরে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক। অভিষিক্ত হওয়ার পর পঞ্চাশ পাননি টানা ২৩টি টেস্ট ইনিংসে। ২৪তম ইনিংসে এসে ফিফটি পেয়েছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। ধারাবাহিক তিনি কখনোই ছিলেন না। এরপর আবারও আট ইনিংসের ‘ঘুম’। ইমরুলের ঘুমটা ভাঙে ২০১৪ সালে এসে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৫ রানের ইনিংসটিই যেন তাঁর জন্য দিন বদলের ইনিংস। এরপর থেকে দারুণ ধারাবাহিক। তাঁর ক্যারিয়ারের তিনটি সেঞ্চুরিই এসেছে এই সময়ে। একটি ইনিংসে পেয়েছেন ফিফটি।
শ্রীলঙ্কার বিপক্ষে সেই সেঞ্চুরিটা যেন নতুন এক ইমরুলের জন্ম দিয়েছে। গত বছরের ৩ ফেব্রুয়ারির আগপর্যন্ত ৩২ ইনিংসে মাত্র ১৭.১৫ গড়ে রান ৫৪৯। সেই ইমরুল ৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৮ ইনিংসে তিনটি সেঞ্চুরি, একটি ফিফটি করেছেন। ৭১.৭১ গড়ে ৫০২ রান।
বাংলাদেশের ক্রিকেটে তারকার ছটা তাঁর ওপর কখনোই পড়ে না। তাঁকে নিয়ে কেউ বিজ্ঞাপন বানায় না। গ্ল্যামারের ছটা নেই। এই ইমরুল ২০১১ বিশ্বকাপে দুই ম্যাচে ম্যাচ সেরার ইনিংস খেলেও আড়ালে। কেউই মনে রাখে না, এই ইমরুলই সেই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ‘৫৮’-এর বিভীষিকা পরের ম্যাচেই ভুলিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় এক জয় এনে দিয়ে। পার্শ্বনায়ক হয়ে থাকাটাই যেন তাঁর নিয়তি।
কিন্তু আজ ইমরুল আলোর কেন্দ্রে চলে এলেন। তামিম যখন ২৮, তিনি মাত্র ২। তামিম চারটি চার মেরে ফেলেছেন, ইমরুল চার মারার ঝুঁকিতে তখনো যাননি। তামিম যখন ৫৬, তিনি ২১-এ। তামিম যখন আশির ঘরে, ইমরুল তখনো চল্লিশের ঘরে ঢোকেননি। সেই ইমরুল ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এলেন। দিন শেষে ১৮৩ বলে ১৩টি চার ও ৪ ছক্কায় তামিম ১৩৮। ইমরুল? ১৮৫ বলে ১৫টি চার ও ৩ ছক্কায় ১৩২!