
আমাদের এই অঞ্চলে ব্যাটে-বলে টক্কর লাগা শুরু হয়েছিল আনুমানিক দেড় শ বছর আগে। ব্যয়বহুল খেলাটি পেটের ভাত জোগাতে ব্যস্ত আমাদের পূর্বপুরুষদের সাধারণভাবে টানার কথা নয়। কিন্তু টেনেছিল। লাঙল ফেলে, ঝাঁকি জাল গুটিয়ে রেখে বা জমিদারি সেরেস্তার কলম বন্ধ করে আমরা ক্রিকেট নিয়ে আমজনতা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়িনি। বিত্তবানদের শখ থেকে ক্রমান্বয়ে বিষয়টা শিকড় গেড়েছিল সাধারণের পলি–উর্বর মনে। দেশীয় খেলাধুলা ছাড়িয়ে, ফুটবলের মত্ততার জাদু ভেঙে ক্রিকেটের হাঁটি হাঁটি পা পা-এর শুরু। দৃষ্টিগ্রাহ্যের আড়ালে আড়ালে সে ছিল এক অনন্ত অদৃশ্য শুভযাত্রা। আজকের উপচানো জনপ্রিয়তায় যার মাঙ্গলিক পরিণতি। এই খেলাটি কেন বাঙালিকে চম্বুক টানে টেনেছিল তার সুনির্দিষ্ট কার্যকারণ গবেষণার বিষয়। স্বতঃসিদ্ধতার কোনো দালিলিক প্রমাণ উপস্থিত করা দুরূহ। অনুমান করি এর বহিরাঙ্গের অভিনবত্ব; আচার-উপচারে দৃশ্যমান বন্ধুত্বের আবহ কোমল মৃত্তিকার সন্তানদের উপযুক্ত বিনোদন হিসেবে নিজেকে জাহির করতে পেরেছিল। খেলায় অংশগ্রহণের আগে আমজনতা এর দর্শানন্দের স্বাদটা বিপুলভাবেই পেয়েছিল, সেখান থেকে ধীরলয়ে মধ্যমাঠে পা রাখা।
বাঙালির মনের ভেতর একটা নরম শ্বাস আছে। সেটা দিয়ে তারা অনুভব করতে পেরেছিল এই যে ‘জিন্দা দেহে মরার বসন’ পরে লোকজন খেলাটি খেলে, তার পরতে পরতে একটি মানবিক শুদ্ধাচারের প্রবল পরত আছে। যা খেলাটিকে খেলার অধিক একটি ভব্যতার অনুশীলনে পরিণত করে। তরুণদের জীবন গঠনে, সংশ্লিষ্টদের সামাজিকতায় যা একটি সুসভ্য গতিশীলতা সঞ্চার করে। বাউলের মানবিকতার আবেদনের সঙ্গে, ভাটিয়ালি-ভাওয়াইয়ার সুরের আকুলতার সঙ্গে, নবান্নের স্বস্তি ভাগ করার সঙ্গে খেলাটির কোথায় যেন একটা মিল আছে। ক্রিকেটওয়ালারা যে বলে আমরা পরস্পরের বিরুদ্ধে খেলি না, সঙ্গে খেলি। এই কথাটা বাঙালির মনে ধরেছিল। ‘সবার উপরে মানুষ সত্য’ বলা বাঙালি তাই মনে মনে দুই হাতে জড়িয়ে ধরেছিল খেলাটিকে। শুদ্ধাচারে অনুরক্ত জাতির আজকের ক্রিকেট উন্মাদনার সেই মনে মনে জড়িয়ে ধরার পরম প্রকাশ।
মানছি, আজকের প্রতিযোগিতাকাতর সময়ে ক্রিকেট নিয়ে সাবেকি আমলের এসব মারফতি কথা পাঠকের মূল্যবান সময়ের অপচয় করানো মাত্র। কিন্তু কী করব বলুন, টেস্ট ক্রিকেটের গন্ধ পেলেই পুরোনো মন ব্যবহারিক জীবনের রূঢ়তার বাইরে যেতে আকুলিবিকুলি করে। ক্রিকেটের পুরোনো আবহে অবগাহন করতে ইচ্ছে হয়। এই যে ইংল্যান্ড অনেক আশঙ্কার শেষে আমাদের উঠানে টেস্ট খেলতে এসেছে। দুটি টেস্ট খেলবে, তিনটি ওয়ানডের সঙ্গে। সেই অনুষঙ্গে ক্রিকেটের পুরোনো বাতাস ঢেউ খেলিয়ে যাচ্ছে মনে। গত শতকের পঞ্চাশ, ষাট দশকে টেস্ট ক্রিকেটের সঙ্গে ঢাকার মাঠে আমাদের চাক্ষুষ পরিচয়। আজকের বঙ্গবন্ধু স্টেডিয়াম তার অকুস্থল। টেস্ট ক্রিকেটের স্মৃতির সঙ্গে সেই প্রজন্মের দর্শকের কাতরতা আজ অনুমেয়। সেদিনের পাকিস্তানের সঙ্গে ভারত, এমসিসি, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড—আন্তর্জাতিক একাদশের খেলার রেশ আজও সেসব দর্শকের মনে।
আজ মিরপুরে, ফতুল্লায় খেলা দেখতে দেখতে সেই দর্শকেরা পুরোনো মাঠটির জন্য দীর্ঘশ্বাস ছাড়েন। তাঁদের কাছে বঙ্গবন্ধুর ক্রিকেট ছিল ভিন্নমাত্রিক আনন্দের। টেস্ট ক্রিকেটের পাঁচ দিনজুড়ে ধারাভাষ্যকারের কণ্ঠে বঙ্গবন্ধু অভিধাটি বিশ্বময় ইথারে তরঙ্গ তুলবে, এটা সহ্য করতে না পেরে বর্তমান শতাব্দীর গোড়ায় বঙ্গবন্ধুবৈরী সরকার এ মাঠ থেকে ক্রিকেটকে সরিয়ে দেয়। আহ্, কতই না ভালো হতো যদি অন্তত টেস্ট ক্রিকেটকে ওই মাঠে ফিরিয়ে আনা যেত। নিজ হাতে ঐতিহ্য নষ্ট করার দায় আমরা কত দিন বহন করব?
ক্রিকেটীয় শুদ্ধাচারের বাহন টেস্ট ক্রিকেট। প্রশ্ন উঠতে পারে আলাদাভাবে টেস্ট ক্রিকেট কেন? কারণ, অনেক বিবর্তনের মাধ্যমে এগোতে এগোতে ক্রিকেট তার আদি জায়গায় থাকতে পারেনি। যে ইংরেজ এই খেলাটির মানবিক দর্শনের সনাতন রূপকার। তাদের হাতেই সেই দর্শন প্রথম টাল খায় ডগলাস জার্ডিনের বডিলাইন সিরিজে। ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়াকে আটকাতে জার্ডিনের লেগস্টাম্প আক্রমণের প্রক্রিয়া ক্রিকেট বিশ্বকে প্রতিহিংসার ছায়াপাতে কলুষিত করে। ব্যাপক সমালোচনার আওতায় ক্রিকেট আইনকানুনে। আহত অস্ট্রেলিয়া তার সাংস্কৃতিক উত্তরাধিকারের মৌলিকত্বে শোধ নেয় অর্ধশতাব্দী পরে। ইয়ান চ্যাপেলদের ‘মারি অরি পারি যে কৌশলে’র দর্শন, রঙিন পোশাকের সাদা বলের ক্রিকেট, হ্রস্ব মাত্রার ক্রিকেটের বিস্তারের হাত ধরে বিশাল ঝাঁকুনি খেয়ে এগিয়ে চলে ক্রিকেট। ক্রিকেটের শরীর থেকে খসতে থাকে শুদ্ধাচারের চর্বি ও মাংস। নানা অনাচারে ক্লিষ্ট ক্রিকেটের ওই অকৃত্রিম শুদ্ধাচার তবু টিকে আছে ওই টেস্ট ক্রিকেটের কোমর আঁকড়ে ধরে খেলাটির এই আদি আকর্ষণীয় উপকরণকে টিকিয়ে রাখতে হলে সাদা পোশাকের দীর্ঘ পরিসরের ক্রিকেট নিয়ে আমাদের যত্নবান হতেই হবে। তা না হলে চটজলদি ক্রিকেটের ক্ষণিক উন্মাদনা আমাদের জন্য কোনো সামাজিক কল্যাণ বয়ে আনবে না। বাণিজ্যিক মোহ ছাড়া ক্রিকেটের কঙ্কাল আর কোনো দ্যুতি ছড়াতে পারবে না।
প্রিয় পাঠক, অহেতু বকবক করে আপনার প্রচুর সময় নষ্ট করেছি, দুঃখিত। ক্ষমা ঘেন্না করে যদি এ পর্যন্ত পড়ে থাকেন, তবে আরেকটু সময় দিন। শেষ করে দিচ্ছি। বলছিলাম আসন্ন ইংল্যান্ড সিরিজের কথা। তিনটি ওয়ানডে নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছি না। এই সিরিজটা জেতার জন্য যথেষ্ট মালমসলা এবং অনুকূল সময় আমাদের আছে। প্রতিপক্ষ প্রবল কিন্তু ঘরোয়া সুবিধা এবং সাম্প্রতিক সাফল্যে আমরাও দারুণভাবে প্রস্তুত। ক্রিকেটীয় ভব্যতায় বলছি, সম্ভাবনা সমান সমান। তবে আশঙ্কা আছে দুটো টেস্ট নিয়ে। আশঙ্কার কারণ দীর্ঘ পরিসরের এই খেলার প্রস্তুতি প্রতিপক্ষের তুলনায় আমাদের অনেক কম। একটি সিরিজের জন্য শৈলীগত বা কৌশলগত যে দলীয় প্রস্তুতি তার কথা বলছি না। বলছি টেস্ট ক্রিকেটের সঙ্গে যে শুদ্ধাচারী সংস্কৃতির আত্মীয়তার কথা বহুলভাবে চর্চিত, সেই সংস্কৃতিচর্চার কথা। সেখানে আমাদের অবস্থান অত্যন্ত নাজুক। সাংগঠনিক শুদ্ধাচারের খামতি আছে আমাদের। ছয়-ছয়টি ধারাবাহিক সিরিজ জয়ের পর এ ধরনের কথা বললে আপনি আমার দিকে তেড়ে আসতে পারেন। কিন্তু একটু সহ্য করে নিয়ে চিন্তা করুন। একটি টেস্ট খেলুড়ে দেশের উপযুক্ত দীর্ঘ পরিসরের ক্রিকেট কাঠামো কি আমাদের আছে? আঞ্চলিক দলগুলো কি কোনো সার্বভৌম পরিবেশ পেয়েছে? কোনো ঐতিহ্য বা শক্ত উত্তরাধিকারের ধারা নির্মাণ করতে পেরেছে বা তার জন্য যত্নবান হয়েছে? ইংল্যান্ডের আঞ্চলিক ক্রিকেট এবং আমাদের আঞ্চলিক ক্রিকেটের ফারাকটা অনুমান করুন। আমাদের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ন্ত্রণ নিয়ে কিছু না বলাই ভালো। আমাদের প্রথম শ্রেণির প্রস্তুতিপর্ব বলে উল্লেখ করার মতো কিছু নেই। সুতরাং টেস্টের ফলাফল নিয়ে আশাবাদী হতে ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার ওপর নির্ভর করা ছাড়া উপায় দেখি না। আসুন, সাংগঠনিক শুদ্ধাচারের সন্ধানে থাকি।