যেন সেই 'অলরাউন্ডার' মাশরাফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দুটো ফিফটি করেছেন মাশরাফি। ফাইল ছবি
টানা দুটো ফিফটি করেছেন মাশরাফি। ফাইল ছবি

ক্যারিয়ারের একদম শুরুর দিকের কথা। এখন বোলিংয়ে আগুন ঝরানো মাশরাফি বিন মুর্তজা তখন বেশ দাপুটে ছিলেন ব্যাট হাতেও। বিসিএলে যেন আবার দেখা মিলছে সেই মাশরাফির। টানা দ্বিতীয় ফিফটি করলেন। শুধু তা-ই নয়, স্বীকৃত একদিনের ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংসটাই এল আজ।

আজ খেলেছেন ৪৪ বলে ৬৯ রানের ‘ঝোড়ো’ একটি ইনিংস। ৬৯ রানের মধ্যে ৫০-ই করেছেন সঙ্গীকে দৌড়ঝাঁপের ঝামেলায় না ফেলে। ৮টি চার এবং তিনটি চোখ ধাঁধানো ছক্কা। তাঁর দল অবশ্য হেরে গিয়েছে ৮৮ রানে। তবে মাশরাফি আটে নেমে ওই ইনিংসটা না খেললে আরও লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছিল দক্ষিণাঞ্চলের জন্য।
মজার ব্যাপার হচ্ছে, এই টুর্নামেন্টে যেন বোলিংয়ের চেয়ে ব্যাট করেই মজা পাচ্ছেন বেশি। প্রথম ম্যাচে মাঠে নামলেও ব্যাটিং করার সুযোগ মেলেনি। অপরাজিত ছিলেন রানের খাতা না খুলেই। কিন্তু পরের ম্যাচেই জেগে ওঠে মাশরাফির ব্যাট। ওয়ালটনের বিপক্ষে খেলেছিলেন ৩৩ বলে অপরাজিত ৫০ রানের দুর্দান্ত আরেকটি ইনিংস। প্রতিযোগিতামূলক ক্রিকেটে টানা দুটো ফিফটি সম্ভব এবারই প্রথম করলেন।
এই মাশরাফি নিজেকে চিনিয়েছিলেন সেই ২০০১ সালে। অনূর্ধ্ব ১৭ এশিয়া কাপে কুয়েতের বিপক্ষে সেদিন ১৭ বলে ৬০ রান করে প্রথম জানান দিয়েছিলেন আগমণীবার্তার। অবশ্য অ্যান্ডি রবার্টস তাঁর মধ্যে ‘অলরাউন্ডার’ নয়, প্রতিভাধর পেসারের সম্ভাবনা দেখেছিলেন। দিয়েছিলেন সেই সার্টিফিকেট।
ক্যারিয়ারের পুরোটাজুড়ে ইনজুরির সঙ্গে লড়াই না করলে গল্পটা হয়তো অন্য রকম হতে পারত। তবে মাশরাফির মধ্যে মাঝেমধ্যেই ঝিলিক দিয়ে গেছে তাঁর ‘অলরাউন্ডার’ সত্তা। বিশেষ করে ভারতকে পেলেই যেন জ্বলে উঠতেন তিনি। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে দলে আছে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের ভূমিকা। টেস্টে সত্তরের ঘরের ইনিংস দুটোও ভারতের বিপক্ষে।
এ কারণেই ২০০৯ আইপিএলের নিলামে তাঁকে নিয়ে লড়াইয়ে নেমেছিল ‘বীর-জারা’। শাহরুখ খান বনাম প্রীতি জিনতা। মাত্র ৫০ হাজার ডলারের ভিত্তিমূল্য দুই দলের দর হাঁকাহাঁকিতে গিয়ে পৌঁছেছিল ৬ লাখ ডলারে! সেদিন বলিউড নন্দিনী আফসোস করে বলেছিলেন, ‘মুর্তজা দুর্দান্ত এক খেলোয়াড়, দারুণ এক অলরাউন্ডার। তাই আমরা তাঁকে ভীষণভাবে চেয়েছিলাম।’
আইপিএলের গল্পটাও মধুরেণ সমাপয়েৎ​ হয়নি। এরপর তো আবারও ইনজুরির হানা। ঘরের মাঠেই বিশ্বকাপে দর্শক বনে যাওয়া। সেই মাশরাফির দুর্দান্তভাবে ফিরে আসা গত বিশ্বকাপে। কী দারুণ নেতৃত্বটাই না দিলেন একেবারে সামনে থেকে। ‘পুনর্জন্ম’ ‘প্রত্যাবর্তন’ শব্দগুলো মাশরাফির পেছনেই বোধ হয় সবচেয়ে বেশিবার খরচ করেছেন ক্রীড়া সাংবাদিকেরা।
এবারের বিসিএল কি সেই অলরাউন্ডার মাশরাফির প্রত্যাবর্তনই ঘটিয়ে দিল!