যেভাবে অন্যদের টপকে অধিনায়ক হয়েছিলেন সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলী। যখন ভারতের অধিনায়ক ছিলেন। ছবি: টুইটার
সৌরভ গাঙ্গুলী। যখন ভারতের অধিনায়ক ছিলেন। ছবি: টুইটার
>অধিনায়ক তো পরে, সৌরভ গাঙ্গুলিকে সহ-অধিনায়ক করতেই অনেক কাঠখড় পোড়াতে হয়েছে নির্বাচকদের।

ভারতীয় ক্রিকেটের চেহারা বদলে ফেলার পেছনে সৌরভ গাঙ্গুলীর স্পষ্ট অবদান। টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক এমএস ধোনির পর বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও সেই সৌরভের রোপণ করা গাছের ফল উপভোগ করছেন। বিদেশের মাটিতেও ভারতকে আগ্রাসী, লড়াকু মানসিকতার দল বানানোয় প্রথম পদক্ষেপ সৌরভই নিয়েছিলেন।

অথচ অধিনায়ক পদে এই সৌরভই ভারতীয় নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন না! অনিল কুম্বলে ও অজয় জাদেজা—দুজনের একজন হতে পারতেন শচিন টেন্ডুলকারের পর ভারতের অধিনায়ক। কিন্তু শেষ পর্যন্ত সৌরভকে বেছে নেন নির্বাচকরা। বাকিটা ইতিহাস। তখন নির্বাচকদের একজন ছিলেন ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েসনের প্রধান অশোক মালহোত্রা। তিনি সম্প্রতি জানিয়েছেন, অধিনায়ক তো দূরের কথা, সৌরভকে নাকি টেন্ডুলকারের সহ-অধিনায়ক করতেই অনেক কষ্ট হয়েছিল।

স্পোর্টসকিডার এক ফেসবুক লাইভ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘দেখুন, যতটা মনে পড়ে, গাঙ্গুলীকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া আরও কঠিন ছিল। মনে আছে কলকাতায় আমরা অনেক লম্বা বৈঠকের পর সৌরভের পক্ষে ৩-২ ভোট পড়ে। তখন প্রধান নির্বাচক এসে সিদ্ধান্ত পাল্টাতে বলেন। আমরা দুজন নিজেদের ভোটে অটল রইলাম। বাকি আরেকজন মত পাল্টে গেলেন প্রধান নির্বাচকের পক্ষে। তখন আমরা সৌরভকে সহ অধিনায়ক করতে পারিনি। কিন্তু পরে যেভাবেই হোক পেরেছি। এখন সে হয়তো সফল অধিনায়ক। কিন্তু তখন তাঁকে সহ অধিনায়ক করতেও কিছুটা কষ্ট করতে হয়েছে।’

সৌরভ পরবর্তীতে কিংবদন্তি হয়ে উঠবেন, সেটা নির্বাচকরাও আঁচ করতে পারেননি, ‘আমরা কেউই ভাবিনি সৌরভ একদিন অধিনায়ক হবেন। কারণ টেন্ডুলকার ছিলেন অধিনায়ক। কিন্তু যখন টেন্ডুলকার দায়িত্ব ছাড়ে তখন আমরা সৌরভকে অধিনায়ক করার জোর চেষ্টা করি। কারণ কুম্বলে ও অজয় জাদেজা অধিনায়ক হওয়ার খুব কাছে ছিলেন।’

গাঙ্গুলী দায়িত্ব নিয়ে স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়া দলের টানা ১৬ জয়ের রেকর্ডযাত্রা ভঙ্গ করেন। ২০০১ সালে অস্ট্রেলিয়াকে পরাজিত করেন ২-১ ব্যবধানে। ২০০২ সালে ন্যাটওয়েস্ট সিরিজের শিরোপা জয় করে ভারত। ২০০৩ বিশ্বকাপের ফাইনাল খেলে। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করতে সক্ষম হয় একই বছর। পরের বছর পাকিস্তানে গিয়ে সিরিজ জয়ের মতো বিরাট অর্জন করে।

নিজের অধিনায়কত্বে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছেন সৌরভ। পরবর্তীতে সেই তরুণরাই ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতাতে সাহায্য করেন।