যেভাবে হলো 'স্বপ্নের' উইকেট

চীনের দুঃখ হোয়াংহো। আর বাংলাদেশের ক্রিকেটের দুঃখ উইকেট। বহুবার সাজানো পরিকল্পনা ভেস্তে গেছে শুধু উইকেটের বেয়াড়া আচরণে। সে ধারায় ব্যতিক্রম চট্টগ্রাম টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হারার পরও কাল অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে প্রশংসা, ‘সম্ভবত এই প্রথম আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী উইকেট পেলাম।’
এত দিন যা চেয়েও পাওয়া যায়নি, এবার সেটা কীভাবে পাওয়া গেল? জানা গেছে, গত মাসের মাঝামাঝি ঢাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজার সঙ্গে চট্টগ্রাম টেস্টের উইকেট নিয়ে কথা বলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়ক যে করেই হোক চট্টগ্রামে দারুণ একটা টার্নিং উইকেট চান কিউরেটরের কাছে। তিনি নাকি এমনও বলেছিলেন, প্রয়োজনে খেলা তিন দিনে শেষ হয়ে যাক। তবু টার্নিং উইকেটই দিতে হবে। নিজের দলের স্পিনারদের ওপর আস্থা থেকেই ওই কথা বলার সাহস পেয়েছিলেন মুশফিক।

চট্টগ্রামের উইকেট মুশফিকের প্রত্যাশা পূরণ করেছে। স্পিনাররাও দিয়েছেন আস্থার প্রতিদান। টেস্টটা শেষ পর্যন্ত হারলেও উইকেটের সর্বোচ্চ ফায়দা লুটে নিতে পারায় মুশফিক খুশি, ‘বাবু ভাই (জাহিদ রেজা) অসাধারণ একটা উইকেট বানিয়েছেন। আমি যত টেস্ট ম্যাচ খেলেছি, আমার মনে হয় এই প্রথম কোনো কিউরেটরের কাছ থেকে এমন উইকেট পেয়েছি যেটা আমাদের জন্য সহায়ক, যা আমাদের পরিকল্পনায় সাহায্য করেছে।’ লুকাননি হতাশাটাও, ‘এমন উইকেটে ঘরোয়া ক্রিকেটের কয়েকটি ম্যাচ খেলতে পারলে হয়তো প্রস্তুতিটা ভিন্ন হতো।’ তবে বোলাররা প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারায় নিজেদের পরিকল্পনাকে সফল বলতেই পারেন মুশফিক।
উইকেটের প্রশংসা ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকের কণ্ঠেও, ‘প্রথম দিন প্রথম সেশনের পর উইকেটের আচরণ দেখে মনে হয়েছিল এই টেস্ট পঞ্চম দিন পর্যন্ত যাবে না।’ সেই ম্যাচ কাল পঞ্চম দিনেও হলো ১৯ মিনিট। উইকেট ভাঙেনি বলেই তো সম্ভব হয়েছে তা!
জাহিদ রেজা কী এমন জাদুবলে এমন অসাধ্য সাধন করে ফেললেন? আচরণবিধির কারণেই এ নিয়ে বিস্তারিত বলতে রাজি হননি কিউরেটর। তবে প্রক্রিয়াটা নাকি এমন কোনো রকেটবিজ্ঞান ছিল না। উইকেটকে প্রথমে পুরোপুরি ঘাসমুক্ত করেছেন কিউরেটর। আইসিসির নিয়মনীতির মধ্যে থেকে চেষ্টা করেছেন সবুজ ভাবটা না আনতে। তবে মাটির নিচে ঘাসের শেকড়ের বন্ধন ছিল জোরালো। পঞ্চম দিনেও তাই উইকেটে তেমন ফাটল ধরেনি।
উইকেট শুকনো রাখতে পানিও দেওয়া হয়েছে খুব কম। পানির স্তর মাটির অন্তত ৪ ইঞ্চি নিচে রাখা হয়েছে। এমনিতে উইকেটের ইঞ্চি দুয়েক নিচে সেটা থাকলেও ও রকম উইকেট হয় আর্দ্র। টার্ন পাওয়া তখন কঠিন হয়।
বাংলাদেশ হারলেও রোমাঞ্চকর টেস্ট উপহার দেওয়ার মতো এক উইকেট বানিয়ে সব মহলেই দারুণ প্রশংসিত হয়েছেন জাহিদ রেজা। দুই দলের খেলোয়াড় থেকে শুরু করে ধারাভাষ্যকক্ষ, এমনকি ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালেও তার বাইরে নন।
মোহাম্মদপুরের উদয়াচল ক্লাবের সহসভাপতি জাহিদ রেজার ক্রিকেটের সঙ্গে সম্পর্ক অনেক আগে থেকে। সংগঠক হিসেবেও তাই তাঁর একটা পরিচয় আছে। উইকেটের সঙ্গে সম্পর্কের শুরু ১৯৯৪ থেকে। মাঝে কয়েক বছর বিরতি দিয়ে ২০০৮ সাল থেকে কাজ করছেন বিসিবির কিউরেটর হিসেবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দায়িত্ব নেন ২০১০ সালে।
এত বছর কাজ করে এই প্রথম জাহিদ রেজাও যেন কিছু পেলেন। কাল দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যখন কথা বলছিলেন, তাঁকে ছুঁয়ে গেল আবেগ, ‘প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের অধিনায়ক প্রশংসা করেছেন। আমার জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। আমারও মনে হয়েছে, এই প্রথম আমি আমার মনের মতো উইকেট বানাতে পারলাম।’