যেসব প্রশ্নের জবাব দেননি ওয়ার্নার

ব্যাট হাতে তিনি বোলারদের যম। কিন্তু বল বিকৃতি–কাণ্ডে ১২ মাসের জন্য নিষিদ্ধ হওয়ার পর মাইক্রোফোনের সামনে শিশুর মতো কাঁদলেন! এই ডেভিড ওয়ার্নারকে কখনো দেখেছেন?
অপরাধ করার পর অনুশোচনাবোধ মানুষকে পাল্টে দেয়। ওয়ার্নার পাল্টাবেন কি না, তা তোলা রইল সময়ের হাতে। কিন্তু কেপটাউন টেস্টে বল বিকৃতি–কাণ্ডে ‘নাটের গুরু’ হিসেবে অভিযুক্ত হওয়াটা তাঁকে মানসিকভাবে ভীষণ আঘাত করেছে। জল টলমল চোখে ধরে আসা গলায় বিবৃতির প্রথম অংশেই তিন বার ‘দুঃখ’ প্রকাশের সঙ্গে ছয়বার ‘ক্ষমা’ চেয়েছেন ওয়ার্নার। পাশাপাশি এটাও জানিয়ে দিলেন, ‘হয়তো আবারও একদিন দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার ক্ষীণ আশা আছে। কিন্তু সেটা হয়তো ঘটবে না ধরে নিয়েই সরে দাঁড়াচ্ছি।’
অর্থাৎ ওয়ার্নারকে আর নাও দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার জার্সি। কিন্তু সিডনিতে প্রায় ছয় মিনিটব্যাপী সংবাদ সম্মেলনে ওয়ার্নার অনেক প্রশ্নেরই জবাব দেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাঁকে শুধু বল বিকৃতি–কাণ্ডের ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবেই অভিযুক্ত করেনি, পাশাপাশি দলের ‘জুনিয়র খেলোয়াড়কে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া’ এবং ‘কীভাবে তা বাস্তবায়ন করতে হবে, তা শেখানো’—এসব ব্যাপারেও অভিযুক্ত করেছ। এ জন্য ওয়ার্নার সবার কাছে ক্ষমা চাইলেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেননি।
বল বিকৃতি–কাণ্ডে দলের কজন খেলোয়াড় জড়িত? এর আগে কখনো বল বিকৃতি করেছেন কি না? দলের বাকি সতীর্থদের সঙ্গে কি তাঁর সম্পর্কের অবনতি ঘটেছে? বল বিকৃতি–কাণ্ডে সিএ কি তাঁকে বলির পাঁঠা বানাচ্ছে? এর সঙ্গে আর কে কে জড়িত? ওয়ার্নার এসব প্রশ্নের কোনো জবাব দেননি। বল বিকৃতি–কাণ্ড নিয়ে শুধু বলেছেন, ‘কেপটাউনের নিউল্যান্ডসে তৃতীয় দিনে যা ঘটেছে, তার সম্পূর্ণ দায় আমার।’ ব্যস, এতটুকই!
সংবাদকর্মীরা তাঁকে প্রশ্ন করেছিলেন, এর সঙ্গে আর কে কে জড়িত? ঠিক তখনই সংবাদ সম্মেলন পরিচালনাকারী বাগড়া, ‘ক্ষমা করবেন, আর মাত্র একটি প্রশ্ন’। আনুষ্ঠানিকভাবে শেষ প্রশ্নটা ছিল, ‘ডেভ, আপনাকে কী বলির পাঁঠা বানানো হচ্ছে? আপনি তো অনেক প্রশ্নের জবাব দিচ্ছেন না!’ ঠিক এ প্রশ্নের পরই ভেঙে পরে সংবাদ সম্মেলনের শৃঙ্খলা। ওয়ার্নারের দিকে প্রশ্নের তুবড়ি ছোটান সংবাদকর্মীরা—‘এটা কার বুদ্ধি?, ওখানে (মাঠে) ‘স্যান্ডপেপার’ (সিরিশ কাগজ) কে নিয়েছে? কেন প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন না?
ওয়ার্নার কোনো জবাব দেননি। কক্ষের এক কোণে আবেগাপ্লুত জীবনসঙ্গী ক্যান্ডিসকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান। সংবাদ সম্মেলন শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ওয়ার্নারের টুইট, ‘আমি জানি অনেক প্রশ্নের জবাব নেই। সবকিছুই বুঝতে পারছি। সময় গড়ানোর সঙ্গে সব প্রশ্নের জবাব দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু সিএর (বোর্ড) আনুষ্ঠানিক প্রক্রিয়া মানতে হবে।’
ক্রিকেটপ্রেমীরা অপেক্ষাতেই থাকবেন সেই প্রশ্নগুলোর উত্তর পেতে!