যেসব 'সমস্যা'র সামনে মাশরাফির দল

আপনার প্রিয় ঋতু কী? বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রশ্নটা করলে সম্ভবত অভিন্ন উত্তর মিলবে—বর্ষা। অস্ট্রেলিয়ায় অবশ্য বর্ষা চলছে না। গ্রীষ্মকাল। তবে গ্রীষ্মের ফাঁক দিয়ে উঁকি দেওয়া ক্ষণিকের ‘বর্ষা’ বড় উপকার করে দিয়ে গেছে। মিলেছে বহু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই এক পয়েন্টের মাহাত্ম্য এখন এতটাই বেশি, কাল স্কটল্যান্ডের বিপক্ষে অঘটনের শিকার হয়ে পা হড়কালেও ‘ক্ষতি’ নেই। সমীকরণ যা ছিল তা-ই থাকবে—ইংল্যান্ডকে হারালেই কোয়ার্টার ফাইনালের টিকিট।
এমনিতে ছোট দলগুলোর মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ স্নায়ুচাপে ভোগে। ফেবারিট হওয়ার চাপ। কিন্তু ‘হারলেও ক্ষতি নেই’ তথ্যটা কি কাল নির্ভার রাখবে মাশরাফির দলকে?
মাশরাফিরা অবশ্য এসব কথায় খুবই বিরক্ত। কাল স্কটিশদের শুধু হারাতেই চায় না, রীতিমতো গুঁড়িয়ে দিতে চায় বাংলাদেশ। তবে নেলসনে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচের আগে ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফো বাংলাদেশের জন্য কিছু সমস্যা চিহ্নিত করেছে:
* বাংলাদেশ তাদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় জয়টি পেয়েছিল স্কটিশদের বিপক্ষেই, তবে বাংলাদেশই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ যারা টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের কাছে হেরেছে। তিন বছর আগে হল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩৪ রানে। ম্যাচটি মাশরাফির ভালোই মনে থাকার কথা। আটে নেমে ১৫ রানের একটা ইনিংস খেলে শেষ চেষ্টা করেছিলেন ম্যাশ।
* পাঁচ বছর পর এই প্রথম নিউজিল্যান্ডে খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে ছয় ওয়ানডেতে মাত্র দুবার ২০০ পেরোতে পেরেছে বাংলাদেশ। জেতেনি এক ম্যাচেও।
* টেস্টে খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশ সেই দলগুলোর একটি, ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যাদের ভীষণ কষ্ট করতে হয়।
* অন্যদিকে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে অনেকটাই মিল আছে স্কটল্যান্ডের। শুধু তা-ই নয়, বাংলাদেশ যেমন এই বিশ্বকাপে প্রথম নিউজিল্যান্ডে খেলতে এল, অন্যদিকে স্কটল্যান্ড তাদের সব কটি ম্যাচই খেলেছে এখানে। শুধু তা-ই নয়, এই মৌসুমের শুরুতেও তারা নিউজিল্যান্ড সফর করে গেছে।
* এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় শক্তি হয়ে ছিল মাঠে প্রচুর দর্শক সমাগম। কিন্তু নেলসনে সেই পরিমাণ সমর্থন বাংলাদেশ পাবে না।
এই হলো সমস্যার ফিরিস্তি। কাল ব্যাট-বলের ঝড়ে এই ‘সমস্যা’র ফিরিস্তিকেও সাকিব-মাশরাফিদের উড়িয়ে দেওয়ার পালা!