যোগিন্দর এখন
যোগিন্দর শর্মাকে মনে আছে? ওই যে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের নায়ক! প্রায় হাত ফসকে বেরিয়ে যাওয়া ফাইনালে পাকিস্তানের মিসবাহ-উল-হককে আউট করে যিনি শিরোপা এনে দিয়েছিলেন ভারতকে। সেই যোগিন্দরকে এখন দেখলে চিনতেই পারবেন না। ভারতের জার্সি ছেড়ে তিনি যে এখন গায়ে চাপিয়েছেন পুলিশের খাকি পোশাক। মি. শর্মা এখন হরিয়ানা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি)।
এক অর্থে ভারতের ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে তাঁর হাত ধরে। পুরো টুর্নামেন্টে যোগিন্দরের অবদান অবশ্য খুব কম ছিল। কিন্তু ক্যানভাসে তুলির শেষ আঁচড়টা তো তাঁর হাতেই এসেছে। এরপর অনেক এগিয়েছে ভারতীয় ক্রিকেট, অনেক তারকা এসেছে, অর্জনও অনেক। কিন্তু যোগিন্দর রয়ে গেলেন পর্দার আড়ালে, অপরিচিতদের মিছিলে।
৪টি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টির আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি এগোবে না, সেটি তখনই বুঝে গিয়েছিলেন। বিশ্বকাপ জিতে আসার পর হরিয়ানা পুলিশের কাছ থেকে পাওয়া চাকরির প্রস্তাবে তাই না করেননি যোগিন্দর। ২০০৭-এর অক্টোবরেই যোগ দেন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে। পদোন্নতি পেয়ে আজ তিনি ডিসি। এনডিটিভি।