যোগ্য 'মিডল অর্ডার' নেই ভারতের!

মহেন্দ্র সিং ধোনি মরিয়া হয়েই হাতড়ে বেড়াচ্ছেন ভারতের মিডল অর্ডারের একজন যোগ্য ব্যাটসম্যানকে। তাঁর খুব অবাক লাগে যখন তিনি দেখেন ভারতীয় দলের ব্যাটসম্যানদের জায়গা বদলে খেলালে তাঁরা আর নিজেদের মধ্যে থাকেন না!
রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ১৮ রানে হারের পর ধোনির মনে হচ্ছে, একজন যোগ্য মিডল অর্ডারের পারফরম্যান্স ভারতীয় দল মিস করছে যথেষ্টই।
ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি তাঁর এই হতাশার কথা তুলে ধরেছেন অকপটেই, ‘আমরা ৫, ৬ এবং ৭ নম্বরের একজন যোগ্য ব্যাটসম্যান খুঁজে বেড়াচ্ছি। আমার দলের ব্যাটসম্যানরা এখনো কেউ প্রমাণ করতে পারেনি যে তারা এই তিনটি জায়গায় যোগ্য। তবে এ ব্যাপারে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। একের এক ব্যাটসম্যানকে খেলিয়ে পরখ করে নিতে হবে।’
ধোনি উষ্মা প্রকাশ করে বলেন, ভারতীয় দলের কয়েকজন ব্যাটসম্যান আছেন, যারা তাদের জায়গা পরিবর্তন করলে আর রান পান না। ব্যাপারটা বেশ অদ্ভুত। কোহলিকে তাঁর জায়গা থেকে অন্য জায়গায় নিলেই হলো, সে আর রান পাবে না। রাহানে আবার তিন নম্বরে খুব ভালো খেলে।’
রাজকোটের ম্যাচে দ্বিতীয় ইনিংসে উইকেট ব্যাটসম্যানদের সঙ্গে একটু প্রতারণাই করেছে বলে মনে করেন ভারতীয় অধিনায়ক। প্রকৃতির প্রতারণাতেও একটু যেন বিরক্ত ধোনি, ‘উইকেট দ্বিতীয় ইনিংসে শ্লথ হয়ে আসছিল। উইকেটে দাঁড়িয়ে বড় শট খেলা যাচ্ছিল না। অথচ প্রথম ইনিংসে বল দারুণভাবেই ব্যাটে এসেছে। শিশির নিয়ে কিছুটা সুবিধা আশা করেছিলাম। কিন্তু সেটাও সেভাবে ভারতীয় দলকে সুবিধা দেয়নি।’
দক্ষিণ আফ্রিকা ২৭০ রানে নিজেদের ইনিংস শেষ করার পর বেশ খুশিই ছিলেন ধোনি। ভেবেছিলেন এই রান তাড়া করে ফেলা যাবে। তবে বোলারদের প্রশংসাই ঝরেছে তাঁর কণ্ঠে, ‘দক্ষিণ আফ্রিকা যখন ব্যাট করছি, তখন উইকেট দারুণ ছিল। এমন উইকেটে প্রোটিয়াদের ২৭০ রানে আটকে দেওয়াটা কৃতিত্বেরই। আমাদের বোলারদের বোলিং ভালো হয়েছে, সে কারণে ভালো উইকেটেও ইনিংসের শেষের দিকে খুব বেশি রান করতে পারেনি তারা।’ সূত্র: পিটিআই।