যোগ্য নন টেন্ডুলকার-সৌরভরা!
কোন কুক্ষণেই না ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) সদস্য হয়েছিলেন টেন্ডুলকার-গাঙ্গুলী-লক্ষ্মণ! দেশের ক্রিকেটের উপকার করতে গিয়ে উল্টো এখন সমালোচনার মুখে ব্যাটিংয়ের তিন ভারতীয় কিংবদন্তি।
শুরুতে অভিযোগ ওঠে নতুন কোচ নিয়োগ করতে গিয়ে রবি শাস্ত্রীর ঘাড়ে রাহুল দ্রাবিড় ও জহির খানকে চাপিয়ে দিয়েছেন। আর কাল ভারতের সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক সন্দীপ পাতিল কোনো রাখঢাক না রেখেই বলে দিলেন কোচ নির্বাচনের মতো যথেষ্ট যোগ্যতাই নেই টেন্ডুলকার-গাঙ্গুলী-লক্ষ্মণের।
টেন্ডুলকাররা কীভাবে সিএসির সদস্য হলেন মুম্বাইয়ের মিড-ডে পত্রিকায় সেই প্রশ্নই তুলেছেন পাতিল, ‘আমি এটাকে অনাকাঙ্ক্ষিত বলব না। আমি বলব এটা পুরোপুরিই ভুল সিদ্ধান্ত ছিল। কোনো সন্দেহ নেই খেলোয়াড় হিসেবে টেন্ডুলকার, গাঙ্গুলী ও লক্ষ্মণ কিংবদন্তি। দেশের জন্য ওরা অনেক বড় কাজ করেছে। তবে কোনো দলকে কিন্তু ওরা কোচিং করায়নি। কোচরা কি আম্পায়ার নিয়োগ দেয় কিংবা আম্পায়াররা কোচ?’
সাবেক এই মিডল অর্ডার ব্যাটসম্যান মনে করেন কোচ বাছাইয়ের দায় এড়াতেই টেন্ডুলকারদের শিখণ্ডি বানিয়েছে বিসিসিআই, ‘এটা দায়িত্ব এড়ানো। ঠিক যেন বলা, “দেখো আমরা কোচ পেয়ে গেছি, তবে সিদ্ধান্তটা তোমরা দাও।” লোধা প্যানেলের পরামর্শ মানতে গিয়ে নিরাপদ পথে হেঁটেছে বিসিসিআই।’
পাতিলের কথা শোনার আগেই অবশ্য পরশু কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটসের (সিওএ) চেয়ারম্যান বিনোদ রাইকে লম্বা এক ই-মেইল করেছেন সিএসির তিন সদস্য। সৌরভরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রাবিড় ও জহিরের নাম ঘোষণার আগে নতুন কোচ শাস্ত্রী ও অধিনায়ক কোহলির সঙ্গে কথা বলে নিয়েছেন তাঁরা।
এর আগে পরশুই সিওএর এক সদস্য বলেছিলেন কার্যপরিধির বাইরে গিয়ে দ্রাবিড় ও জহির খানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সিএসি। জবাবটা কড়া ভাষাতেই দিয়েছেন সৌরভ গাঙ্গুলীরা, ‘বিসিসিআই আমাদের দায়িত্ব দিয়েছিল, আমরা সেটা পালন করেছি। আমরা তো হাততালি চাইনি, তাই যেসব মিথ্যা কথা বলা হচ্ছে সেসব মানতে পারছি না।’ ক্রিকইনফো, ডেকান ক্রনিকল।