রং বেরং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ফিফটি
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ পা রেখেছে ১৯৮৬ সালে। তবে প্রথম ফিফটি পেতে অপেক্ষা করতে হয়েছে চার বছর। ১৯৯০ সালে আজহার হোসেন সান্টুর ইতিহাসে নাম লেখানো ৫৪ রানের ইনিংসটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সে ম্যাচে জন রাইট ও অ্যান্ড্রু জোনসের ৯৩ রানের দুটি ইনিংসের সুবাদে ৩৩৮ করেছিল নিউজিল্যান্ড। প্রথম মুখোমুখি হওয়া ম্যাচের স্কোরটাই বাংলাদেশের বিপক্ষে এখনো দলীয় সর্বোচ্চ রান কিউইদের।

বিশ্বকাপেও প্রথম
১৯৯৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচটিই ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সে ম্যাচে ১৯ রানে ৩ উইকেট করে নিয়ে বাংলাদেশের মিডল অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন ক্রিস কেয়ার্নস ও গ্যাভিন লারসেন। বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার এনামুল হকও করেছিলেন ঠিক ১৯ রান!

অবাক ফলোঅন
২০০১ সালে হ্যামিল্টনেই প্রথম সাদা পোশাকে খেলেছিল দুই দল। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৬৫ রান করার পর বাংলাদেশ করেছিল ২০৫ রান। মাত্র ১৬০ রানে পিছিয়ে থাকার পরও ফলোঅনে নামতে হয়েছিল বাংলাদেশকে! কারণ, টেস্টের প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় ২০০ নয়, বাংলাদেশকে ফলোঅনে ফেলতে ১৫০ রানের ব্যবধানই যথেষ্ট ছিল। বাংলাদেশ সে ম্যাচ হেরেছিল ইনিংস ও ৫২ রানে।

হঠাৎ তাপস
২০০৪ সালে বাংলাদেশ সফরে অবিশ্বাস্য ফর্মে ছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। টানা তিন ইনিংসে ৬ উইকেট করে পেয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তাঁর বলের কোনো জবাবই ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানের কাছে। অবশ্য সিরিজের শেষ উইকেটটি পাওয়ার আগেই একটু ঝামেলায় পড়লেন ভেট্টোরি। চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ২১৭ রানে নবম উইকেট পড়ার পর হঠাৎই ঝলসে উঠলেন তাপস বৈশ্য। ৪৭ বলে ১০ চার ও ২ ছক্কায় তুললেন ৬৬ রান। ৪৫ রানের শেষ উইকেট জুটিতে অন্য প্রান্তে থাকা এনামুল জুনিয়রের অবদান ০!

আফতাব চমক
২০০৪ সিরিজের ঘটনা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৪৬ রানে অলআউট বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ১৭ ওভারে বিনা উইকেটেই ৬৯ রান তুলে ফেলল কিউইরা। অধিনায়ক হাবিবুল বাশার কী বুঝে বল তুলে দিলেন আফতাব আহমেদের হাতে। প্রথম ওভারটা কোনো নাটক ছাড়াই শেষ হলো। দ্বিতীয় ওভারের প্রথম বল থেকেই চমক শুরু আফতাবের। আউট হলেন নাথান অ্যাস্টল। চমকটা যখন শেষ হলো, ততক্ষণে রেকর্ড হয়ে গেছে আফতাবের। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট পেলেন আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনো বল না করা আফতাব!

শুরুর ঝলক
২০০৮ সালে ডানেডিন টেস্টে অভিষেক হয়েছিল তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকের। দুজনকেই সেদিন জুটি বেঁধে নামতে হয়েছিল ওপেনিংয়ে। খারাপ করেননি দুজন, দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ১৬১ রান এনে দিয়েছিলেন তাঁরা, বাংলাদেশের রেকর্ড ছিল সেটি। এ দুজনের ব্যাটেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ইনিংস পরাজয় এড়িয়েছিল বাংলাদেশ।

দুই ধবলধোলাই ও রুবেল
২০১০ সালে নিউজিল্যান্ডকে প্রথমবার ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেবার সিরিজের শেষ ওয়ানডেতে মাত্র ১৭৪ রান করেও ৩ রানের জয় পেয়েছিলেন সাকিব–মুশফিকরা। শেষ ওভারে দুর্দান্ত এক ইয়র্কারে কাইল মিলসের স্টাম্প উড়িয়ে দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন ম্যাচসেরা রুবেল হোসেন। নিউজিল্যান্ডের সঙ্গে আরেকটি ওয়ানডে খেলতে তিন বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ২০১৩ সালের সে ম্যাচটাও ছিল রুবেলময়। সে ম্যাচে হ্যাটট্রিকসহ ৬ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের ফাস্ট বোলার। সে সিরিজেও নিউজিল্যান্ডকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।

রংবেরং গ্রন্থনা: ফেরদৌস রহমান