রংপুর নতুন চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শেষ দিনের একেবারে শেষ মুহূর্তে মীমাংসা হলো এবারের জাতীয় লিগ শিরোপার। দিনের খেলা শেষ হওয়ার মিনিট চারেক আগে ঢাকা মহানগরের শেষ উইকেটটি তুলে নিয়ে প্রথমবারের মতো রংপুর বিভাগকে শিরোপা এনে দেন মাহমুদুল হাসান। ৮৯ রানে ৫ উইকেট নিয়ে মহানগরকে ২৫৮ রানে অলআউট করতে সবচেয়ে বড় ভূমিকা এই অফ স্পিনারেরই। এর আগে দ্বিতীয় ইনিংসে ৩০৬ রানে অলআউট হয়ে মহানগরকে ৩৬১ রানের লক্ষ্য দেয় রংপুর। ষষ্ঠ দল হিসেবে জাতীয় লিগে চ্যাম্পিয়ন হওয়া রংপুরের পয়েন্ট ৭ ম্যাচে ১২১। রানার্সআপ খুলনার পয়েন্ট ১২০। কাল রাজশাহীকে ১৩৪ রানে হারিয়ে তৃতীয় হওয়া ঢাকা বিভাগের পয়েন্ট ১১৯।
বিকেএসপির ২ নম্বর মাঠে রংপুরের অপেক্ষাটা বেড়েছে মহানগরের শেষ জুটির হঠাৎ প্রতিরোধে। ৯ উইকেট পড়ে যাওয়ার পর দিনের শেষ ঘণ্টার প্রায় পুরোটাই ব্যাট করেছেন জাবিদ হোসেন (৩৮*) ও আসিফ হাসান (১৫)। ম্যাচে ১১ উইকেট পেয়েছেন মহানগরের স্পিনার ইলিয়াস সানি। মিরপুরে বরিশালকে ১০ উইকেটে হারিয়েছে সিলেট। ফতুল্লায় এবারের লিগের শেষ ও ৬২তম সেঞ্চুরিটা পেয়েছেন ঢাকা বিভাগের নাদিফ চৌধুরী (১০০*)।