রংপুরে খেলবেন সৌম্য, মুস্তাফিজ ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌম্য খেলবেন রংপুরে, ঢাকায় মুস্তাফিজ। ছবি: প্রথম আলো
সৌম্য খেলবেন রংপুরে, ঢাকায় মুস্তাফিজ। ছবি: প্রথম আলো

ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় বাছাই চলছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানরত এই খেলোয়াড় বাছাইয়ে রংপুরের ফ্রাঞ্চাইজিতে খেলার জন্য নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার। বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে ঢাকা।
‘প্লেয়ার্স বাই চয়েজ’ নাম দিয়ে চলছে বিপিএলের দলগুলোর খেলোয়াড় বাছাইয়ের এই প্রক্রিয়া। প্রথমে লটারির মাধ্যমে দলগুলোর সিরিয়াল ঠিক করেই শুরু হয় পছন্দের খেলোয়াড়দের নাম ডাকার এই আনুষ্ঠানিকতা। বিপিএলের এবারের আসরে নিলামের বদলে এভাবেই দল গঠনের কার্যক্রম সারছেন অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো।
লটারিতে প্রথমেই পছন্দের খেলোয়াড়ের নাম ডাকার অধিকার পেয়ে প্রথমেই রংপুর ডেকে নেয় এই মুহূর্তের আলোচিত পারফরমার সৌম্যকে। ঢাকা নেয় মুস্তাফিজকে। এই দুই তারকার সঙ্গে প্রথম ডাকে দল পেয়ে যান এনামুল হক (চট্টগ্রাম), সাব্বির রহমান (বরিশাল), লিটন কুমার দাস (কুমিল্লা) ও রুবেল হোসেন (সিলেট)।
দ্বিতীয় রাউন্ডে মোহাম্মদ মিঠুনকে নিয়েছে রংপুর, মোসাদ্দেক হোসেন গেছেন ঢাকায়, জিয়াউর রহমানকে পছন্দ করেছে চট্টগ্রাম। এ ছাড়া এসময় সোহাগ গাজীর নাম ডেকেছে বরিশাল, শুভাগত গেছেন কুমিল্লায় আর আবদুর রাজ্জাককে দলভুক্ত করেছে সিলেট।
তৃতীয় রাউন্ডে তাসকিনকে দলে নিয়েছে চট্টগ্রাম। মুমিনুল হককে সিলেট। রংপুর দলে গেছেন আরাফাত সানি। মোশাররফ হোসেন রুবেলকে নিজেদের করে নিয়েছে ঢাকা, আল-আমিন হোসেনকে বরিশাল আর ইমরুল কায়েস গেছেন কুমিল্লায়।
এ ছাড়া অন্যান্য খেলোয়াড়দের মধ্যে শাহরিয়ার নাফীসকে দলভুক্ত করেছে বরিশাল, শামসুর রহমানকে ঢাকা, নাঈম ইসলামকে চট্টগ্রাম আর তাইজুল ইসলামকে দলে নিয়েছে বরিশাল। মোহাম্মদ শহীদ গেছেন সিলেটে।