রংপুরের সামনে পড়লেই কী যে হয় খুলনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর তুলে নিল আরও এক জয়। ছবি: প্রথম আলো
রংপুর তুলে নিল আরও এক জয়। ছবি: প্রথম আলো

এবারের বিপিএলে খুলনার পথের কাঁটা তাহলে রংপুরই! 

প্রতিযোগিতার শুরু থেকেই বিস্ময়ের নাম খুলনা টাইটানস। স্কোরবোর্ডে যেকোনো পুঁজি নিয়েই দারুণ লড়াই করে ম্যাচ বের করে আনে দলটি। তবে প্রতিপক্ষ দলের নাম রংপুর রাইডার্স হলে ভিন্ন কথা, ভিন্ন গল্প। আজ সে গল্পের দ্বিতীয় পর্ব দেখা গেল। খুলনাকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে এল রংপুর।
ঢাকার প্রথম পর্বে একটি ম্যাচই হেরেছিল খুলনা। রংপুরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪৪ রানে অলআউট হয়েছে তারা। এরপর আর কখনো হারতে হয়নি। সংগ্রহটা যত কমই হোক বোলারদের কৃতিত্বে ম্যাচ জিতেছে তারা। কিন্তু আবারও রংপুরের মুখোমুখি হতেই ছন্নছাড়া খুলনা। এবার অবশ্য ১০০ পেরিয়েছে, তবু নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রান ১২৫-এ থামতে হয়েছে।
আবারও ব্যর্থ খুলনার টপ অর্ডার। আজ আর দলের ত্রাতা হতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ। ফলে ৫০ রান তুলতেই পেরিয়ে গেছে ১০ ওভার, হারিয়েছে ৩ উইকেট। চতুর্থ উইকেট জুটিতে ৫৫ বলে ৫৬ রানের জুটিতে স্কোরটা একটু ভদ্রস্থ করেছেন রিকি ওয়েসেলস ও তাইবুর রহমান। কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় কাজটি করতে পারেননি। ওয়েসেলসের ২৭ রান ৩৩ বলে, তাইবুরের ৩২ রান ৩৭ বলে! ১৮তম ওভারে ১০০ পেরোনো খুলনা ১২৫ করতে পেরেছে আসলে শেষে আরিফুল হকের ১৩ বলে ২২ রানের ইনিংসে।
রংপুরের প্রায় সবাই কী আঁটসাঁট বোলিংটাই না করলেন। বিশেষ করে তিনজন। আরাফাত সানি ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট। সোহাগ গাজী ২ ওভারে দিলেন ৬ রান। রুবেল ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট।
তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে ফিরেছেন সৌম্য সরকার। ১৩ বলে ৩ রান করে সৌম্য আউট হওয়ার পর আর কখনো মনে হয়নি খুলনা জিততে পারে। মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ মিঠুনের ১০ ওভারে ৭৪ রানের জুটিতে নিশ্চিত হয়ে যায় রংপুরের শীর্ষে উঠে যাওয়া। অলক কাপালির দারুণ এক ক্যাচে শেহজাদ (৩৮ বলে ৩৭) আউট হলেও লাভ হয়নি খুলনার। ৬ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিয়ে আসেন মিঠুন (৪১ বলে ৪৯, ১ চার ও ৩ ছক্কা)।
কিছুটা দুর্ভাগ্যও সঙ্গী হয়েছে খুলনার। বেন হাওয়েলের বলে বোল্ড হয়েছিলেন আফ্রিদি। কিন্তু স্কোরকার্ড ৩ উইকেটে ৯৪ না হয়ে হলো ২ উইকেটে ১০১। ওই বলটা যে ছিল নো বল! ফ্রি হিটে ছক্কা মেরে ১০০ পার করেন আফ্রিদি। পরের বলেই আবার সুযোগ দিলেন, কিন্তু নিজের বলে নিজেই ক্যাচ মিস করলেন হাওয়েল। তবে এ নিয়ে আফসোসের উপায় নেই। ম্যাচের তখন যে অবস্থা​ ছিল, তাতে রংপুরের জয়ে তা তেমন ভূমিকা রাখতে পারেনি। পরে ওই হাওয়েলের বলেই বোল্ড হয়েছেন আফ্রিদি (২০ বলে ২৬)। তবে রংপুরের জয় তখন আর মাত্র ৪ রান দূরে। ১৯তম ওভারের শেষ বলেই জয়ের বন্দরে ভিড়ে যায় রংপুর।
৬ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন তারাই। সাত ম্যাচে ৫ জয় খুলনার, তবে মাইনাস রান রেটের (-০.২৮২০) খপ্পরে পড়ে টেবিলের দুইয়ে। এই রংপুরই তাদের সর্বনাশ করে ছেড়েছে আগের ম্যাচে। এবারও। কী যে হয় রংপুরের সামনে পড়লে!