রং-বেরং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রু ফ্লিনটফ
অ্যান্ড্রু ফ্লিনটফ

হ্যাটট্রিক!
২০০৩ সালে বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। তিন ম্যাচেই ফিফটি পেয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার। বাংলাদেশের বোলাররা একবারও আউট করতে পারেননি তাঁকে। তিন ম্যাচে তাঁর স্কোর ছিল: ৫৫* (৫২ বলে), ৭০* (৪৭) ও ৫২* (৩৯)। সঙ্গে ​বোলিংয়ে ৭ উ​ইকেট সেটিকে বানিয়ে দিয়েছিল ‘ফ্লিনটফের সিরিজ!’

জাভেদ ওমর
জাভেদ ওমর

অপরাজেয়
ইনিংস উদ্বোধন করতে নেমে ৫০ ওভার শেষে ৬৩ রানে অপরাজিত। ২০০০ সালে নকআউট বিশ্বকাপে ওয়ানডেতে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম লড়াইয়ে জাভেদ ওমরের কীর্তি। ১৪ রানের মাথায় হাতের আঙুলে ব্যথা পেয়ে উঠে গিয়েছিলেন। পরে ২৯তম ওভারে চতুর্থ উইকেট পতনের পর আবার মাঠে নামেন মাস ছয়েক পর টেস্ট অভিষেকেই ব্যাট ক্যারি করার কীর্তি গড়া জাভেদ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে বাংলাদেশের আর কোনো ওপেনার ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকতে পারেননি।

কলিংউড ও কুর্মিটোলা
২০১০ সালে বাংলাদেশে আসার আগে পল কলিংউড জিজ্ঞেস করেছিলেন, বাংলাদেশে গলফ কোর্স আছে কি না। থাকলেও সেটি কতটা মানসম্পন্ন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে কুর্মিটোলা গলফ কোর্স দেখার পর ভুল ভাঙে তাঁর। পরে কুর্মিটোলাকে তাঁর দেখা সেরা ২০ গলফ কোর্সের একটির স্বীকৃতিও দেন সাবেক ইংলিশ অলরাউন্ডার। এবার বাংলাদেশে আসার পরদিনই ছুটে​ গেছেন কুর্মিটোলায়। টিম ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউসসহ ইংল্যান্ডের আরও কয়েকজনও সঙ্গী ছিলেন তাঁর। কে জানে, কুর্মিটোলা গলফ কোর্সকে পছন্দ করে ফেলা ​কলিংউডই হয়তো নিয়ে গেছেন তাঁদের।
শূন্য ও জোড়া ছক্কা

জহুরুল ইসলাম
জহুরুল ইসলাম

২০১০ সালে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন অভিষিক্ত জহুরুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে সেই জহুরুল রানের খাতা খুললেন ছক্কা মেরে। শুধু তা–ই নয়, তাঁর দ্বিতীয় স্কোরিং শটটাও ছিল ছক্কা। টেস্ট ইতিহাসে জহুরুলের আগে প্রথম দুটি স্কোরিং শটেই ছক্কা মেরেছিলেন বাংলাদেশেরই শফিউল ইসলাম। মাস দুয়েক আগে চট্টগ্রামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে শফিউলের সেই দুটি ছক্কা ছিল লেগ​ স্পিনার অমিত মিশ্রর বলে। সেই দুটি অবশ্য দুই ইনিংসে।

ব্যাটির বাংলাদেশ

গ্যারেথ ব্যাটি
গ্যারেথ ব্যাটি

বাংলাদেশের সঙ্গে গাঁটছড়াটা ভালোই বেঁধেছেন গ্যারেথ ব্যাটি। ইংলিশ স্পিনারের টেস্ট অভিষেক ২০০৩ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে। দুই বছর পর চেস্টার–লি–স্ট্রিটে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলার পরই ইংল্যান্ড দলে ব্রাত্য হয়ে পড়েন ব্যাটি। সেই ব্যাটি ১১ বছর পর আবার ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন বাংলাদেশ সফরেই।
টসভাগ্য
২০০৩ সালে বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি প্রস্তুতি ম্যাচেই টস হেরেছিল ইংল্যান্ড।
চোট চক্র

রিচার্ড জনসন
রিচার্ড জনসন

২০০৩ সালের জুনে টেস্ট অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন ইংলিশ পেসার রিচার্ড জনসন। হাঁটুর চোটের কা​রণে ওই ইংলিশ মৌসুমে ইংল্যান্ডের হয়ে আর খেলতে পারেননি। অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরের দলেও সুযোগ পান ঘটনাচক্রে। জেমস অ্যান্ডারসন হাঁটুর চোটে পড়ায় মালদ্বীপে মধুচন্দ্রিমা কাটাতে থাকা জনসনকে ডেকে নেয় ইংল্যান্ড। পরে ঢাকায় প্রথম টেস্টে ম্যাচসেরা স্টিভ হার্মিসন পিঠে চোট পাওয়ায় সুযোগ পান চট্টগ্রাম টেস্টের একাদশে। এবারও প্রথম ইনিংসে ৫ উইকেট নেন, দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট। চেস্টার–লি–স্ট্রিটের মতো ​চট্টগ্রামেও ম্যান অব দ্য ম্যাচ জনসন এরপর আর মাত্র একটি টেস্টই খেলার সুযোগ পেয়েছেন।