রইল বাকি অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ‘সৌভাগ্য’ই বলতে হবে। সাকিব আল হাসানের অভিষেকের পর এখনো বাংলাদেশ দলের সঙ্গে টেস্ট খেলতে হয়নি। নইলে বিশেষ একটা খাতায় নাম বোধ হয় উঠেই যেত।
২০০৭ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট থেকে শুরু করে চলমান জিম্বাবুয়ে টেস্ট পর্যন্ত টেস্ট ক্রিকেটে মোট ১২ বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন সাকিব। এর মধ্যে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবার করে। এই সাফল্য আছে ভারত, ইংল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষেও। বাকি ছিল শুধু জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের পাশেও টিক পড়ল কাল। সাকিবকে ৫ উইকেট না দেওয়া একমাত্র ‘সৌভাগ্যবান’ দল এখন অস্ট্রেলিয়া।
সাকিবের অভিষেকের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলারই সুযোগ পায়নি বাংলাদেশ। সব টেস্ট দলের বিপক্ষেই ৫ উইকেট নেওয়ার সুযোগটাও তাই পাননি সাকিব। তবে তিনি আশাবাদী। কাল দিন শেষের সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতেই বলেছেন, ‘যদি এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট হয় আর আমি ৫ উইকেট পেয়ে যাই, ভালো একটা অভিজ্ঞতা হবে। ক্যারিয়ার শেষ করার সময়ও ভালো একটা অনুভূতি হবে।’
সে জন্য অবশ্য আরও একটা বছর অপেক্ষায় থাকতে হবে সাকিবকে। নতুন এফটিপিতে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ দলের পরবর্তী পূর্ণাঙ্গ সিরিজ আগামী বছরের অক্টোবরে। সাকিবের জন্য সুখবর, দেশের মাটিতেই হবে সেই সিরিজ। অস্ট্রেলিয়ায় হলেই বা কী! প্রায় একই রকম কন্ডিশনের দক্ষিণ আফ্রিকাতেও তো সাকিবের দুবার ইনিংসে ৫ উইকেট আছে। সেটিও আবার পরপর দুই টেস্টে।