রইল বাকি তিন

রেকর্ড বলছে, ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি ১-১ ড্র করেছিল বাংলাদেশ। যুক্তির খাতির বলা যেতেই পারে, বাংলাদেশ ওয়ানডেতে সিরিজে জেতেনি কেবল দুটি দলের কাছে—ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। যেহেতু লঙ্কানদের বিপক্ষে সেই সিরিজটা জেতা হয়নি, কাজেই এ তালিকায় রাখতে হবে শ্রীলঙ্কার নামও।
বাংলাদেশ প্রথম দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বাদ পায় ২০০৫ সালে, জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল হাবিবুল বাশারের দল। এরপর লাল-সবুজের দল জিতেছে মোট ১৮টি ওয়ানডে সিরিজ। এর মধ্যে আটটি এসেছে জিম্বাবুয়ে, দুটি করে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কেনিয়ার বিপক্ষে। একটি করে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। আর সর্বশেষ এ তালিকায় যুক্ত হলো দক্ষিণ আফ্রিকার নাম।
চার মাস আগেও সিরিজ না জেতা বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মোট ছয়টি—ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। গত চার মাসে দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম তিনটি নাম কেটে দিয়েছে বাংলাদেশ। এখন রইল বাকি তিন—অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
বাংলাদেশ যে দুরন্ত গতিতে ছুটছে, এখন অবধ্য নয় আর কোনো দল।
বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়
| প্রতিপক্ষ | মৌসুম | সিরিজের ফল |
|---|---|---|
| জিম্বাবুয়ে | ২০০৪ / ০৫ | ৩-২ |
| কেনিয়া | ২০০৫ / ০৬ | ৪-০ |
| কেনিয়া | ২০০৬ | ৩-০ |
| জিম্বাবুয়ে | ২০০৬ / ০৭ | ৫-০ |
| স্কটল্যান্ড | ২০০৬ / ০৭ | ২-০ |
| জিম্বাবুয়ে | ২০০৬ / ০৭ | ৩-১ |
| আয়ারল্যান্ড | ২০০৭ / ০৮ | ৩-০ |
| জিম্বাবুয়ে | ২০০৮ / ০৯ | ২-১ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২০০৯ | ৩-০ |
| জিম্বাবুয়ে | ২০০৯ | ৪-১ |
| জিম্বাবুয়ে | ২০০৯ / ১০ | ৪-১ |
| নিউজিল্যান্ড | ২০১০ / ১১ | ৪-০ |
| জিম্বাবুয়ে | ২০১০ / ১১ | ৩-১ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২০১২ / ১৩ | ৩-২ |
| নিউজিল্যান্ড | ২০১৩ / ১৪ | ৩-০ |
| জিম্বাবুয়ে | ২০১৪ / ১৫ | ৫-০ |
| পাকিস্তান | ২০১৫ | ৩-০ |
| ভারত | ২০১৫ | ২–১ |
| দক্ষিণ আফ্রিকা | ২০১৫ | ২–১ |