রইল বাকি ২১!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় কোচ বাছাইয়ের দায়িত্ব এখন এই তিনজনের কাঁধে। ফাইল ছবি
ভারতীয় কোচ বাছাইয়ের দায়িত্ব এখন এই তিনজনের কাঁধে। ফাইল ছবি

স্থায়ী কোচ নিয়োগ দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট দলের কোচের পদটি বেশ লোভনীয়। এ কারণেই ‘মাত্র’ ৫৭ জন আবেদন করেছিলেন ভারতীয় দলের কোচ হতে! তবে সাত দিনের মধ্যে সংখ্যাটি নেমে এল ২১ জনে। বিসিসিআইয়ের প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছেন বাকিরা।

গত ১০ জুন ছিল আবেদনের শেষ সময়। ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড, সবচেয়ে অর্থশালী তো বটেই। সে জন্যই হয়তো আগ্রহী প্রার্থীর এত ভিড়। বোর্ড সচিবের অফিসের ওপর দায়িত্ব পরেছিল এই ৫৭ জন থেকে তাদের দাবি পূরণ করে এমন কোচদের বাছাই করা। দ্বিতীয় ধাপের এই বাছাইয়ে টিকে গেছেন ২১ জন কোচ!

পরবর্তী ধাপের দায়িত্ব এখন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণের ওপর। বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তী কোচ নিয়োগের কঠিন দায়িত্বটি। বিশেষ এই কমিটিতে টেন্ডুলকার, গাঙ্গুলী ও লক্ষণ ছাড়া প্রধান সমন্বয়ক হিসেবে আছে সঞ্জয় জাগদালে। এই কমিটি সিদ্ধান্ত নিয়ে তাদের মতামত জানাবে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের কাছে। ২২ জুনের মধ্যে টেন্ডুলকারদের সিদ্ধান্ত নিতে হবে কে বা কারা হবেন ভারতের পরবর্তী কোচ।

এখনো পর্যন্ত দৌড়ে এগিয়ে আছেন সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ও স্টুয়ার্ট ল। তবে দুই কিউই কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও স্টিভেন ফ্লেমিংও ভালো ভাবেই দৌড়ে আছেন। খুব একটা পিছিয়ে নেই কপিল দেব, অনিল কুম্বলে ও সন্দীপ পাতিলরাও।

তবে বল আপাতত টেন্ডুলকার, গাঙ্গুলী ও লক্ষণদের কোর্টে। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।