রকমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে ক্রিকেট
এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটি অনেকবারই সুপারিশটা করেছে। কিন্তু ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় প্রতিবারই বড় বাধা এসেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দিক থেকে। সেই ইসিবিরই এবার অন্য সুর। বিবিসি রেডিওর কাছে ইসিবির নতুন প্রধান নির্বাহী টম হ্যারিসন দাবি করেছেন, ক্রিকেটকে অলিম্পিক ইভেন্ট করার বিরোধী নয় ইংল্যান্ড, ‘অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে একটি বিতর্ক হতে পারে। এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রীষ্মকালীন অলিম্পিক কীভাবে আমাদের সূচির মধ্যে জায়গা করে নেবে। এ ব্যাপারে আমরা প্রশ্ন করতে পারি, আলোচনা হতে পারে, অন্তত একটি গঠনমূলক বিতর্ক তো হতেই পারে।’ হ্যারিসন জানিয়েছেন শিগগির এটি নিয়ে আলোচনারই পক্ষে ইংল্যান্ড, ‘আমরা সানন্দে এ নিয়ে আলোচনা করতে রাজি এবং ইসিবির পরবর্তী সভায় সেটা করবও।’
গত জুলাইয়ে এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির সভা শেষেও কমিটির সদস্য সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং, সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক ব্রিয়ারলি, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী অলিম্পিক গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছিলেন। এএফপি।
আদালতে সিএসকে
নতুন মোড় নিল আইপিএল বিতর্ক। বিচারপতি লোধা কমিশনের রায়ের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের শরণাপন্ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। সিএসকের সেই রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। স্পট ফিক্সিং ও ম্যাচ পাতানোর অভিযোগে গত জুলাইয়ে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি দুটির মালিক ইন্ডিয়া সিমেন্টস ও জয়পুর আইপিএলকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেন বিচারপতি আর এম লোধার নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন। রাজস্থান কোনো পদক্ষেপ না নিলেও রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে আদালতের শরণাপন্ন হয় সিএসকে। ২৭ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ডিএনএ।

ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

অভিভূত ওয়ার্নার
ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে পরশু মাঠে নামলেন মাইকেল ক্লার্ক, সম্মানে উঠে দাঁড়াল ওভালের গ্যালারি। করতালিতে মুখর স্টেডিয়াম। তারপর মাঠে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ডের খেলোয়াড়েরাও যেভাবে গার্ড অব অনার দিলেন, সেটাই হয়ে গেল পরশু ওভালের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। প্রতিপক্ষ অধিনায়ককে যেভাবে সম্মান জানিয়েছে ইংল্যান্ড, তাতে অভিভূত ডেভিড ওয়ার্নারও৷ আবেগাপ্লুত হয়ে বললেন, ‘ক্লার্কের এমন সম্মানই প্রাপ্য ছিল৷ এই খেলাটির সব কিংবদন্তিকেই এভাবে সম্মান জানানো উচিত৷ সাঙ্গাকারার জন্য ভারতীয় খেলোয়াড়েরাও এটাই করেছে৷ ক্লার্কের জন্য ইংল্যান্ডের খেলোয়াড়েরাও করল৷’ ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস বললেন সম্মানটা লোক দেখানো নয়, অন্তর থেকেই এসেছে, ‘আমরা আগেই এটা নিয়ে আলোচনা করেছিলাম৷ ক্লার্কের মতো একজন খেলোয়াড়কে এভাবেই শ্রদ্ধা জানানো উচিত৷ এতে কোনো কুণ্ঠা থাকা উচিত নয়৷’ এএফপি।