রকিবুল হাসান সাময়িক বহিষ্কৃত
বিসিবির প্রধান ম্যাচ রেফারির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে রকিবুল হাসানকে। আচরণবিধি ভেঙে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কাল নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ারস কমিটির প্রধান নাজমুল করিম।
কিছুদিন আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতিসহ কয়েকজন পরিচালককে নিয়ে অসংলগ্ন মন্তব্য করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। একজন সাংবাদিক সম্পর্কেও করেছেন আপত্তিকর মন্তব্য। ওসবের প্রতিক্রিয়াতেই এই সাময়িক বহিষ্কারাদেশ। তবে রকিবুলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মাসের বোর্ড সভায়।
‘বিনা অনুমতিতে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি (রকিবুল হাসান) বিসিবির আচরণবিধি ভঙ্গ করেছেন। সাক্ষাৎকারে অনেক সম্মানিত ব্যক্তি সম্পর্কে অশোভন কথা বলেছেন। সে জন্য তাঁকে পরবর্তী বোর্ড সভা পর্যন্ত বিসিবির সবকিছু থেকে বিরত রাখা হয়েছে’—মুঠোফোনে বলেছেন নাজমুল করিম। এই নিষেধাজ্ঞার কারণেই কাল বিপিএলের টেকনিক্যাল কমিটির সভায় উপস্থিত হননি কমিটির সদস্য রকিবুল হাসান।